মাইকেল ফ্লিনের ব্যাপারে ট্রাম্পকে সতর্ক করেছিলেন ওবামা
-
শ্যান স্পাইসার (সামনে) এবং মাইকেল ফ্লিন (পেছনে) - ফাইল ছবি
গত বছরের নভেম্বরে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মাইকেল ফ্লিনকে নিয়োগ দেয়ার ব্যাপারে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছিলেন। হোয়াইট হাউজ সোমবার এ খবরের সত্যতা নিশ্চিত করেছে।
নভেম্বরের নির্বাচনে ট্রাম্প বিজয়ী হওয়ার ৪৮ ঘন্টারও কম সময়ের মধ্যে ওভাল অফিসে এক সাক্ষাতে ট্রাম্পকে ফ্লিনের ব্যাপারে সতর্ক করেন ওবামা। ওই সাক্ষাতে তাদের মধ্যে ঠিক কি কথা হয়েছিল তার বিস্তারিত জানায়নি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন। তবে হোয়াইট হাউজের মুখপাত্র শ্যান স্পাইসার বলেছেন, ট্রাম্পকে ওবামা বলেছিলেন, তিনি ফ্লিনকে খুব একটা পছন্দ করেন না।
কিন্তু ওবামার সে পরামর্শ উপেক্ষা করে মাইকেল ফ্লিনকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতো একটি স্পর্শকাতর পদে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প।
তিনি ক্ষমতা গ্রহণের পর মার্কিন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল ফ্লিন কয়েক সপ্তাহ আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। কিন্তু তিনি রাশিয়ার বিরুদ্ধে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে রুশ রাষ্ট্রদূতের সঙ্গে আলাপ করার এবং সেই আলাপের ব্যাপারে ভাইস প্রেসিডেন্টকে ভুল তথ্য দেয়ার বিষয়টি প্রমাণ হওয়ার পর গত ফেব্রুয়ারিতে তাকে বরখাস্ত করা হয়।
ওবামা প্রশাসন ২০১৪ সালে ফ্লিনকে আমেরিকার ডিফেন্স ইন্টেলিজেন্স কমিটির প্রধানের পদ থেকে অপসারণ করেছিল। এরপর থেকে প্রেসিডেন্ট বারাক ওবামার কঠোর সমালোচকে পরিণত হয়েছিলেন ফ্লিন।
তবে তাকে নিয়োগ দেয়ার ব্যাপারে ওবামা যখন ট্রাম্পকে সতর্ক করেন তখনও রুশ রাষ্ট্রদূতের সঙ্গে ফ্লিনের গোপন যোগসাজশের বিষয়টি প্রকাশিত হয়নি। কিন্তু দুইবারের অভিজ্ঞ প্রেসিডেন্ট ওবামার পরামর্শ উপেক্ষা করার মাশুল শেষ পর্যন্ত ফেব্রুয়ারিতে গুণতে হয়েছেন অনভিজ্ঞ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৯