ওপিসিডাব্লিউ'তে ইরান, রাশিয়া ও চীনের প্রস্তাব প্রত্যাখ্যান করল পাশ্চাত্য
https://parstoday.ir/bn/news/world-i55328-ওপিসিডাব্লিউ'তে_ইরান_রাশিয়া_ও_চীনের_প্রস্তাব_প্রত্যাখ্যান_করল_পাশ্চাত্য
সাবেক রুশ দ্বৈত গুপ্তচর সের্গেই স্ক্রিপাল হত্যা প্রচেষ্টার ব্যাপারে নতুন করে তদন্ত চালানোর জন্য আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা বা ওপিসিডাব্লিউ'তে ইরান, রাশিয়া ও চীনের পক্ষ থেকে যে প্রস্তাব আনা হয়েছিল তা প্রত্যাখ্যান করেছে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০৫, ২০১৮ ০৪:৪৩ Asia/Dhaka
  • ওপিসিডাব্লিউ\\\'র নির্বাহী পরিষদের বৈঠক (ফাইল ছবি)
    ওপিসিডাব্লিউ\\\'র নির্বাহী পরিষদের বৈঠক (ফাইল ছবি)

সাবেক রুশ দ্বৈত গুপ্তচর সের্গেই স্ক্রিপাল হত্যা প্রচেষ্টার ব্যাপারে নতুন করে তদন্ত চালানোর জন্য আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা বা ওপিসিডাব্লিউ'তে ইরান, রাশিয়া ও চীনের পক্ষ থেকে যে প্রস্তাব আনা হয়েছিল তা প্রত্যাখ্যান করেছে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব।

ওই সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার শুলগিন এ খবর জানিয়েছেন। তিনি বলেছেন, আন্তর্জাতিক আইনের ওপর ভিত্তি করে রাশিয়া, ইরান ও চীনের পক্ষ থেকে একটি প্রস্তাবের খসড়া উত্থাপন করা হয়েছিল। কিন্তু আমেরিকা, ব্রিটেন ও তাদের মিত্রদের বিরোধিতার কারণে ওপিসিডাব্লিউ’র নির্বাহী পরিষদে প্রস্তাবটি পাস হয়নি।

শুলগিন বলেন, নির্বাহী পরিষদের ৪১ সদস্যদেশের মধ্যে ২৩ দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দেয়। কিন্তু ওই পরিষদে যেকোনো প্রস্তাব পাস হতে দুই-তৃতীয়াংশ দেশের ভোট প্রয়োজন বলে এটি পাস হয়নি।

রাশিয়া নার্ভ গ্যাস প্রয়োগ করে স্ক্রিপালকে হত্যা করতে চেয়েছিল বলে ব্রিটেন যে অভিযোগ এনেছে তা নিয়ে বুধবার ওপিসিডাব্লিউ’তে অনুষ্ঠিত বৈঠকে প্রস্তাবটির ওপর ভোটাভুটি হয়।

নেদারল্যান্ডের হেগ শহরে ওপিসিডাব্লিউ'র সদরদপ্তর

গতমাসের ওই হত্যা প্রচেষ্টার জন্য ব্রিটেন রাশিয়াকে অভিযুক্ত করলেও মস্কো সে অভিযোগকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে। এমনকি স্ক্রিপালের শরীরে পাওয়া রাসায়নিক পদার্থ পরীক্ষা করে ব্রিটিশ বিজ্ঞানীরা এ খবরের সত্যতা নিশ্চিত করতে পারেননি যে, ওই রাসায়নিক গ্যাস রাশিয়া থেকে এসেছে।

কিন্তু তারপরও  এ ঘটনায় ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা ও ন্যাটো জোটসহ পাশ্চাত্যের প্রায় ২৫ দেশ ব্রিটেনের পক্ষ নিয়েছে। এসব দেশ রাশিয়ার প্রায় দেড়শ’ কূটনীতিককে বহিষ্কার করেছে। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৫