১৭ সৌদি নাগরিকের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা লোকদেখানো: মার্কিন সিনেটর
https://parstoday.ir/bn/news/world-i65857-১৭_সৌদি_নাগরিকের_ওপর_ট্রাম্পের_নিষেধাজ্ঞা_লোকদেখানো_মার্কিন_সিনেটর
আমেরিকার প্রভাবশালী রিপাবলিকান সিনেটর রেন্ড পল বলেছেন, প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে জড়িত ১৭ সৌদি নাগরিকের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা লোকদেখানো। এ নিষেধাজ্ঞার কোনো কার্যকারিতা নেই।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৬, ২০১৮ ১০:০২ Asia/Dhaka
  • ১৭ সৌদি নাগরিকের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা লোকদেখানো: মার্কিন সিনেটর

আমেরিকার প্রভাবশালী রিপাবলিকান সিনেটর রেন্ড পল বলেছেন, প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে জড়িত ১৭ সৌদি নাগরিকের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা লোকদেখানো। এ নিষেধাজ্ঞার কোনো কার্যকারিতা নেই।

তিনি বলেন, সৌদি সরকারের প্রতি মার্কিন সামরিক সহযোগিতা অব্যাহত রয়েছে। খাশোগি হত্যাকাণ্ডের জন্য ১৭ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা সৌদি সরকারের ওপর কোনো প্রভাব ফেলবে না। রেন্ড পল বলেন, সৌদি আরবের মতো রাজতান্ত্রিক দেশে যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের অনুমতি ছাড়া এ ধরণের হত্যাকাণ্ড ঘটতে পারে না। তিনি বলেন, যুবরাজ অবশ্যই হত্যাকাণ্ডের বিষয়টি জানতেন এবং তার নির্দেশেই খাশোগিকে হত্যা করা হয়েছে। 

গতকাল (বৃহস্পতিবার) খাশোগিকে খুনের সঙ্গে জড়িত সন্দেহে ১৭ জন সৌদি নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। ১৭ জনের মধ্যে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাবেক শীর্ষ সহযোগী সৌদ আল কাহতানিও রয়েছেন। 

জামাল খাশোগি গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেট ভবনে ঢোকার পর থেকে নিখোঁজ ছিলেন। প্রথমে অস্বীকার করলেও পরে আন্তর্জাতিক চাপের মুখে সৌদি আরব স্বীকার করে, খাশোগিকে কনস্যুলেট ভবনের ভেতরে হত্যা করা হয়েছে। এখনো পর্যন্ত খাশোগির মৃতদেহের কোনো সন্ধান পাওয়া যায়নি। সৌদি আরবও এ বিষয়ে কোনো তথ্য দেয়নি। সম্প্রতি খবর বেরিয়েছে, হাইড্রোফ্লুরিক অ্যাসিড দিয়ে তার মরদেহ গলিয়ে ফেলা হয়েছে।#

পার্সটুডে/এসএ/১৬

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন