ইরানই এখন পশ্চিম এশিয়া অঞ্চলের মানচিত্র নির্ধারক : এএফপি
https://parstoday.ir/bn/news/world-i66807-ইরানই_এখন_পশ্চিম_এশিয়া_অঞ্চলের_মানচিত্র_নির্ধারক_এএফপি
সিরিয়া থেকে মার্কিন সেনা সরিয়ে নেয়ার বিষয়ে নানা মহলের প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৪, ২০১৮ ১৪:৪০ Asia/Dhaka
  • ইরানের প্রতি সিরিয়দের ভালবাসা
    ইরানের প্রতি সিরিয়দের ভালবাসা

সিরিয়া থেকে মার্কিন সেনা সরিয়ে নেয়ার বিষয়ে নানা মহলের প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে।

এ প্রসঙ্গে ফরাসি বার্তা সংস্থা লিখেছে,  সিরিয়া থেকে মার্কিন সেনা সরিয়ে নেয়ার পদক্ষেপের ফলে এ অঞ্চলে ইরানের প্রভাব বাড়বে এবং এখন থেকে ইরানই এ অঞ্চলের মানচিত্র নির্ধারণ করবে।

ফরাসি বার্তা সংস্থা লিখেছে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এ পদক্ষেপের ফলে ইরানের জন্য স্থল-পথে ভূমধ্যসাগরের সঙ্গে যুক্ত হওয়ার পথ প্রশস্ত হবে। তেহরান সব সময়ই এ লক্ষ্য অর্জনের চেষ্টা করেছে এবং ওয়াশিংটন তা প্রতিরোধের চেষ্টা করে এসেছে। ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরোধীরাও বলছেন, সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরান তার কৌশলগত লক্ষ্য অর্জন করবে। 
সিরিয়া বিষয়ক গবেষক অধ্যাপক জুলিয়ান ট্রাউন ফরাসি বার্তা সংস্থাকে বলেছেন, এটা যে তেহরানের জন্য এক কৌশলগত বিজয় তা স্পষ্ট।

ইসরাইলি বিশ্লেষকরাও বলছেন, সিরিয়ার পূর্বাঞ্চলে আলতানেফ ঘাঁটির ওপর ইরানের কর্তৃত্ব প্রতিষ্ঠার অর্থ হল ইরান থেকে ভূমধ্য-সাগর পর্যন্ত স্থল-পথে প্রতিরোধ অক্ষের একটি যোগাযোগ-ক্ষেত্র বা চ্যানেল তৈরি হওয়া এবং এই চ্যানেল ইরান, ইরাক, সিরিয়া ও লেবাননকে একসঙ্গে যুক্ত করবে।

সিরিয়ায় একটি মার্কিন সেনা ঘাঁটি (ফাইল ছবি) 

 

ট্রাম্পের ওই সিদ্ধান্তের ফলে ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বড় ধরনের আঘাত পেয়েছেন বলে ইসরাইলি বিশ্লেষকরা মনে করছেন। কারণ, তিনি এক্ষেত্রে ওয়াশিংটনের সাহায্যের ওপর আশাবাদী ছিলেন। 

সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তে হতভম্ব হয়ে পড়েছে ইউরোপ। ওয়াল স্ট্রিট জার্নাল লিখেছে, ইউরোপীয় কূটনীতিকরা মনে করছেন ট্রাম্প তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এবং ইউরোপের শক্তিগুলো মার্কিন সরকারের আজ্ঞাবহ না হয়ে স্বতন্ত্র কৌশলগত নীতি নির্ধারণের ওপর আগের চেয়েও বেশি জোর দিচ্ছেন। তারা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় ইউরোপ সন্ত্রাস, ক্ষেপণাস্ত্র ও অভিবাসীদের ঢল নামার বিষয়ে অনেক বেশি বা বড় হুমকির মুখে রয়েছে। 

এরই মধ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাকরন বলেছেন, তার দেশ সিরিয়ায় সেনা অবস্থান বজায় রাখবে। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ বোরেল বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই সিদ্ধান্ত কৌশলগত নানা পরিণতি বয়ে আনবে এবং তার এই সিদ্ধান্ত নানা প্রশ্ন ও সন্দেহ সৃষ্টি করেছে।   #

পার্সটুডে/এমএএইচ/২৪