মধ্যপ্রাচ্যে ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী; সাক্ষাৎ করবেন হিজবুল্লাহ নেতার সঙ্গে
-
মেভলুত চাভুসওগ্লুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে জর্গে অ্যারিয়াজা (বামে)
ভেনিজুয়েলার বিরোধীদলীয় নেতা ও স্বঘোষিত ‘অন্তর্বর্তী প্রেসিডেন্ট’ হুয়ান গুয়াইদো’র মোকাবিলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি সমর্থন আদায়ের জন্য দেশটির পররাষ্ট্রমন্ত্রী জর্গে অ্যারিয়াজা মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন। তিনি এরইমধ্যে তুরস্ক সফর করে সেদেশের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সাক্ষাতে চাভুসওগ্লু মার্কিন চাপের মোকাবিলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের প্রতি আঙ্কারার পূর্ণ সমর্থন ঘোষণা করেন। তবে তিনি একইসঙ্গে বলেন, তুরস্ক একটি বড় শক্তি নয় যে, তার পক্ষে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
প্রেসিডেন্ট মাদুরোকে ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্যে দেশটির ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী এ বক্তব্য দেন।
এরইমধ্যে গুয়াইদো’কে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে আমেরিকা ও ইউরোপের বেশ কিছু দেশ। তবে মার্কিন এই পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিয়েছে চীন, রাশিয়া, ইরান ও তুরস্কসহ আরো কিছু দেশ।
তুরস্ক থেকে মঙ্গলবার ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী দু’দিনের সফরে লেবাননে যান। সেখানে লেবাননের প্রেসিডেন্ট মিশেল আওন তাকে প্রেসিডেন্ট প্রাসাদে অভ্যর্থনা জানান। সেইসঙ্গে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী জেবরান বাসিলের সঙ্গেও সাক্ষাৎ করেন অ্যারিয়াজা।
লেবাননের দৈনিক আল-জমহুরিয়া জানিয়েছে, ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী লেবাননের প্রধানমন্ত্রী সা’দ হারিরির পাশাপাশি ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর সঙ্গেও সাক্ষাৎ করবেন।
গত জানুয়ারি মাসে মার্কিন চাপের মুখে থাকা ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর প্রতি সমর্থন ঘোষণা করে হিজবুল্লাহ। সংগঠনটির পক্ষ থেকে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মাদ রা’দ সে সময় বলেন, ভেনিজুয়েলার জনগণ ও স্বাধীনচেতা নেতা মাদুরো’র প্রতি সাইয়্যেদ নাসরুল্লাহর সমর্থন রয়েছে।
লেবানন সফর শেষে ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী সিরিয়া সফর করবেন বলে কথা রয়েছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/আশরাফুর রহমান/৪