আফগানিস্তানে বন্দুক হামলায় মারা গেছেন ডাক্তার নাকামুরা
-
হামলার স্থল পরীক্ষা করে দেখছেন আফগান নিরাপত্তা কর্মীরা
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে ছয়জন নিহত হয়েছেন। তার মধ্যে তেতসু নাকামুরা নামে একজন জাপানি ডাক্তার রয়েছেন। তিনি জাপান মেডিক্যাল সার্ভিসের প্রধান হিসেবে আফগানিস্তানে কাজ করছিলেন। সন্ত্রাসীদের হামলায় তার টিমের আরো পাঁচজন নিহত হন।
নানগারহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ান বলেন, আজ (বুধবার) সকালে জাপানি এ ডাক্তার বন্দুকধারীদের হামলায় আহত হন এবং পরে তিনি হাসপাতালে মারা যান। ডাক্তার নাকামুরা কয়েক দশক ধরে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছিলেন।
দ্যা পেশোয়ার কাই নামের একটি ওয়েবসাইট জানিয়েছে, ডাক্তার নাকামুরা ১৯৮৪ সাল থেকে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ার শহরে সহযোগিতামূলক কাজ শুরু করেন এবং ১৯৯১ সালে তিনি সীমান্তবর্তী নানগারহার গ্রামে একটি ক্লিনিক প্রতিষ্ঠা করেন।
আজকের হামলার ব্যাপারে কোনো ব্যক্তি বা গোষ্ঠী দায়িত্ব স্বীকার করে নি। আফগানিস্তানে বহু সাহায্য সংস্থা এবং এনজিও কাজ করছে তবে অনেক সময় এসব সংস্থার কর্মীরা বিশেষ করে আফগান তালেবানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়।#
পার্সটুডে/এসআইবি/৪