ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বানচাল করতে চায় আমেরিকা: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i75749-ইরানের_ব্যালিস্টিক_ক্ষেপণাস্ত্র_কর্মসূচি_বানচাল_করতে_চায়_আমেরিকা_রাশিয়া
জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার চার্জ দ্যা অ্যাফেয়ার্স দিমিত্রি পোলিয়ানস্কি বলেছেন, আমেরিকা অব্যাহতভাবে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বানচালের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, এ বিষয়ে ইরানের বিরুদ্ধে নেতিবাচক কোনো তথ্য-প্রমাণ জোগাড় করতে না পারলেও আমেরিকা তার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ডিসেম্বর ০৭, ২০১৯ ১৫:৩৬ Asia/Dhaka
  • জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার চার্জ দ্যা অ্যাফেয়ার্স দিমিত্রি পোলিয়ানস্কি
    জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার চার্জ দ্যা অ্যাফেয়ার্স দিমিত্রি পোলিয়ানস্কি

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার চার্জ দ্যা অ্যাফেয়ার্স দিমিত্রি পোলিয়ানস্কি বলেছেন, আমেরিকা অব্যাহতভাবে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বানচালের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, এ বিষয়ে ইরানের বিরুদ্ধে নেতিবাচক কোনো তথ্য-প্রমাণ জোগাড় করতে না পারলেও আমেরিকা তার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

দিমিত্রি পোলিয়ানস্কি গত ২৬ নভেম্বর জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে লেখা এক চিঠিতে এসব কথা জানিয়েছেন। তার ওই চিঠি গতকাল (শুক্রবার) প্রকাশ করা হয়েছে। পোলিয়ানস্কি স্মরণ করিয়ে দিয়ে চিঠিতে বলেছেন, ইরান হচ্ছে বহুসংখ্যক নিরস্ত্রীকরণ চুক্তিতে স্বাক্ষরকারী দেশ যার মধ্যে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটি রয়েছে। এছাড়া, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতার একটি গুরুত্বপূর্ণ পক্ষ হচ্ছে ইরান।

ইরানি ক্ষেপণাস্ত্র পরীক্ষা

২০১৫ সালে পরমাণু সমঝোতা সই হওয়ার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তা অনুমোদন করা হয় এবং সে সময় একটি প্রস্তাব পাস করা হয়েছিল যাতে পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র তৈরি না করার জন্য ইরানের প্রতি আহ্বান জানানো হয়। ইরান এখন পর্যন্ত সেই প্রস্তাব মেনে চলছে এবং তেহরান সবসময় বলে আসছে যে, তারা কখনো পরমাণু অস্ত্র তৈরি করবে না এবং সেই কারণে পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র তৈরি করারও কোনো প্রয়োজন তাদের নেই। কিন্তু আমেরিকা ইরানের এ কথায় কান দিচ্ছে না বরং তারা বারবারই অভিযোগ করছে- ইরান পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরি করার চেষ্টা করছে। সম্প্রতি ইউরোপের তিন দেশ ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি একই কথা বলেছে।#

পার্সটুডে/এসআইবি/৭