মুসলমান হত্যার প্রতিবাদ করায় ইরানের বিরুদ্ধে ভারতের ক্ষোভ; রাষ্ট্রদূত তলব
https://parstoday.ir/bn/news/world-i77950-মুসলমান_হত্যার_প্রতিবাদ_করায়_ইরানের_বিরুদ্ধে_ভারতের_ক্ষোভ_রাষ্ট্রদূত_তলব
ভারতে মুসলমানদের বিরুদ্ধে সহিংসতার নিন্দা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ টুইট করার কয়েক ঘন্টা পরই আজ (মঙ্গলবার) নয়া দিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৩, ২০২০ ১২:৪৪ Asia/Dhaka
  • জারিফ
    জারিফ

ভারতে মুসলমানদের বিরুদ্ধে সহিংসতার নিন্দা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ টুইট করার কয়েক ঘন্টা পরই আজ (মঙ্গলবার) নয়া দিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

একটি সূত্রের বরাত দিয়ে প্রেসটিভি এ খবর প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রদূত আলী চেগিনিকে মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠায় ভারত সরকার। এর কারণ হলো গতকাল ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক টুইটার বার্তায় দিল্লিতে সাম্প্রতিক সহিংসতাকে মুসলমানদের বিরুদ্ধে সংঘবদ্ধ সহিংসতা হিসেবে উল্লেখ করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছিলেন।

জারিফ লিখেছেন, শতাব্দীর পর শতাব্দী ধরে ভারতের সঙ্গে ইরানের বন্ধুত্ব রয়েছে। ইরান ভারত সরকারের কাছে সেদেশের সব নাগরিকের কল্যাণ নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে। ইরান চায় ভারত সরকার মানুষ হত্যা অব্যাহত রাখার সুযোগ দেবে না। তিনি হত্যাকাণ্ড ও সহিংসতা বন্ধ এবং শান্তিপূর্ণ সংলাপ ও আইনের শাসনের ওপর গুরুত্বারোপ করেন।

আলী চেগিনি

ভারতের কয়েকটি সূত্র বলছে, সেদেশের সরকার আজ ইরানের রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে জারিফের বক্তব্যের বিষয়ে কড়া প্রতিবাদ জানিয়ে বলেছে সহিংসতার বিষয়টি নয়া দিল্লির অভ্যন্তরীণ ইস্যু।

ভারত আরও বলেছে, জারিফের বক্তব্য পুরোপুরি অগ্রহণযোগ্য।

সম্প্রতি ভারতের দিল্লিতে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সহিংসতায় ৪৫ জনের বেশি মানুষ নিহত হয়েছে। অনেকের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। #

পার্সটুডে/এসএ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।