তুরস্ক থেকে রাশিয়া সফরে গেলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী
-
মস্কোয় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ তুরস্ক সফর শেষে রাশিয়ার রাজধানী মস্কো পৌঁছেছেন। সেখানে পৌঁছে তিনি বলেছেন, চলমান আন্তর্জাতিক ঘটনাবলী রাশিয়া ও ইরানের মধ্যে ঘনিষ্ঠ পরামর্শের প্রয়োজনীয়তা অনেক বাড়িয়ে দিয়েছে।
আজ (মঙ্গলবার) মস্কোর ভিয়ানুকোভো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। ইরানের শীর্ষ কূটনীতিক বলেন, আমেরিকা এবং তাদের কয়েকটি পশ্চিমা মিত্র আন্তর্জাতিক নিয়ম-কানুন ও নীতি লঙ্ঘন করছে। এ কাজে তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র বোর্ড অব গভর্নরসকে ব্যবহার করছে।
এসময় তিনি আমেরিকার বিভিন্ন চুক্তি থেকে সরে যাওয়ার কথা উল্লেখ করে বলেন, এর সর্বশেষ নজির হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে ওয়াশিংটনের যাওয়া। জারিফ বলেন, যেখানে অন্য দেশগুলো সক্রিয়ভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সহযোগিতা করছে সেখানে আমেরিকা অভ্যন্তরীণ সংকট ঢাকার জন্য এ সংস্থার সঙ্গে সম্পর্ককে রাজনীতিকীকরণ করছে।
আগামী অক্টোবর মাসে ইরানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কথা উল্লেখ করে জারিফ বলেন, এটি হচ্ছে পরমাণু সমঝোতা ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু আমেরিকা ওই নিষেধাজ্ঞা বহাল রাখার চেষ্টা করছে। আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে ইরান, রাশিয়া ও চীন একই দৃষ্টিভঙ্গি পোষণ করে- এমন মন্তব্য করে জাওয়াদ জারিফ বলেন, ইউরোপের দেশগুলোও অনেক সমর্থন দিচ্ছে তবে তারা স্বাধীন নীতি অনুসরণ করতে পারে না।#
পার্সটুডে/এসআইবি/১৬