আমরা পরমাণু সমঝোতা মেনে চলছি: লন্ডনের স্ববিরোধী দাবি
-
ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় ভবন
ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় বাস্তব পরিস্থিতি অস্বীকার করে দাবি করেছে, লন্ডন ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা মেনে চলছে। ওই মন্ত্রণালয় গতকাল (শনিবার) এক বিবৃতিতে এই দাবি করার পাশাপাশি ইরানকে এ সমঝোতা পুরোপুরি মেনে চলারও আহ্বান জানিয়েছে।
তিন ইউরোপীয় দেশ পরমাণু সমঝোতা মেনে চলছে না জানিয়ে ইরান এই সমঝোতা সংক্রান্ত যৌথ কমিশনকে চিঠি দেয়ার পর ব্রিটেন এ দাবি করল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ শুক্রবার কমিশনের সমন্বয়কারী হিসেবে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলের কাছে ওই চিঠি পাঠান।
ব্রিটেনসহ অন্যান্য ইউরোপীয় দেশ এমন সময় পরমাণু সমঝোতা মেনে না চলার জন্য ইরানকে অভিযুক্ত করছে যখন এসব পশ্চিমা দেশ এই সমঝোতার বেশিরভাগ ধারা লঙ্ঘন করেছে।
পরমাণু সমঝোতায় পশ্চিমা দেশগুলো সুস্পষ্টভাবে ইরানের সঙ্গে ‘স্বাভাবিক’ বাণিজ্যিক সম্পর্ক রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। অথচ ইউরোপীয় দেশগুলো ইরানের সঙ্গে আর্থিক লেনদেনের লক্ষ্যে শুধুমাত্র ‘ইনসটেক্স’ নামের একটি বিশেষ অর্থনৈতিক চ্যানেল স্থাপন করেই তাদের দায়িত্ব শেষ করেছে; অথচ এই বিশেষ চ্যানেলটিও ইরানের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে।#
পার্সটুডে/এমএমআই/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।