আফগানিস্তান থেকে জোরপূর্বক মাার্কিন সেনা বহিষ্কার করা হবে: তালেবান
https://parstoday.ir/bn/news/world-i90184-আফগানিস্তান_থেকে_জোরপূর্বক_মাার্কিন_সেনা_বহিষ্কার_করা_হবে_তালেবান
আফগানিস্তানের তালেবান বলেছে, সেনা প্রত্যাহারের বিষয়ে মার্কিন সরকার তাদের সঙ্গে যে চুক্তি করেছিল ওয়াশিংটন তা লজ্জাজনকভাবে লঙ্ঘন করেছে। 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৬, ২০২১ ০৬:৩১ Asia/Dhaka
  • মোহাম্মাদ নাঈম ওয়ারদাক
    মোহাম্মাদ নাঈম ওয়ারদাক

আফগানিস্তানের তালেবান বলেছে, সেনা প্রত্যাহারের বিষয়ে মার্কিন সরকার তাদের সঙ্গে যে চুক্তি করেছিল ওয়াশিংটন তা লজ্জাজনকভাবে লঙ্ঘন করেছে। 

কাতারের রাজধানী দোহায় তালেবানের রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র মোহাম্মাদ নাঈম ওয়ারদাক গতকাল (বৃহস্পতিবার) ইরানের প্রেস টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে একথা বলেছেন। তিনি বলেন, ওয়াশিংটন তার প্রতিশ্রুতি মেনে চলতে ব্যর্থ হয়েছে, ২০২০ সালে তালেবানের সাথে যে চুক্তি হয়েছিল তার প্রতি তারা সম্মান দেখায় নি। 

নাঈম ওয়ারদাক বলেন, এখন তালোবানের সামনে অগ্রাধিকার হচ্ছে আফগানিস্তান থেকে জোরপূর্বক মাার্কিন সেনা বহিষ্কার করা। তিনি বলেন, আফগান জনগণ দখলদারদের বিরুদ্ধে জিহাদে লিপ্ত রয়েছে এবং গত বিশ বছর ধরে বিদেশি সামরিক আগ্রাসনের মুখে তারা নিজেদেরকে রক্ষা করে চলেছে। 

আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনারা একজন আফগান বন্দীকে জিজ্ঞাসাবাদ করছে

নাঈম ওয়ারদাক আরো বলেন, “আমাদের দেশকে স্বাধীন করার জন্য আমরা লড়াই করছি। জনগণকে রক্ষার জন্য আমরা স্বাধীন একটি সরকার চাই।”

গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন তবে তিনি কোনো সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেন নি। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছরের ১১ সেপ্টেম্বরের আগেই আফগানিস্তান থেকে সমস্ত সেনা প্রত্যাহার করা হবে। 

প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে তালেবান মুখপাত্র নাঈম ওয়ারদাক আরো বলেন, আফগানিস্তানে সম্প্রতি যে সহিংসতা বেড়েছে তার জন্য আমেরিকা দায়ী। তিনি বলেন, “মার্কিন বোমাবর্ষণ আমাদেরকে অভিযানের পরিধি বাড়াতে বাধ্য করেছে।”#

পার্সটুডে/এসআইবি/১৬