'অবৈধ রুটে অনুপ্রবেশকারী তিনটি জাহাজের চলাচল থামিয়ে দিয়েছে ইরান'
জর্ডানে মার্কিন বিমানঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা; হরমুজে অবৈধ রুটে জাহাজ চলাচল বন্ধ
-
অপ্রকাশিত সময়ে ধারণ করা ভিডিওর একটি স্থিরচিত্রে প্রতিশোধমূলক ইরানি হামলায় একটি শত্রু লক্ষ্যবস্তুতে আঘাত হানার দৃশ্য
পার্সটুডে: ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জর্ডানে অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটিতে প্রতিশোধমূলক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে অবৈধ রুটে অনুপ্রবেশকারী তিনটি জাহাজের চলাচলও বন্ধ করে দিয়েছে।
আজ (বুধবার) ভোরে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, “শিশুহত্যাকারী মার্কিন সেনাবাহিনীর আগ্রাসী কর্মকাণ্ডের জবাবে আইআরজিসির মহাকাশ বাহিনীর সাহসী যোদ্ধারা জর্ডানে অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটি এবং মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর সদরদপ্তর লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।”
বিবৃতিতে আরও বলা হয়, “ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যতদিন হুমকি অব্যাহত থাকবে এবং মার্কিন বাহিনী আমাদের স্বার্থের বিরুদ্ধে তাদের অবৈধ ও বৈরী কর্মকাণ্ড চালিয়ে যাবে, ততদিন প্রতিরোধও অব্যাহত থাকবে।”
এতে আরও বলা হয়, “মার্কিন কর্মকর্তাদের হুমকি এবং আমাদের স্বার্থে তাদের অবৈধ হস্তক্ষেপ অবশ্যই বন্ধ হতে হবে।”
গত ৭ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সর্বশেষ ব্যাপক মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের পর একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করার পর থেকেই যুক্তরাষ্ট্র বহুবার ইরানের ভূখণ্ড লঙ্ঘন করেছে।
ওয়াশিংটন ও তেহরান গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় একটি সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করার পরও এইসব লঙ্ঘন অব্যাহত থাকে। ওই সমঝোতার প্রথম ধারায় সব ফ্রন্টে আগ্রাসন বন্ধ রাখার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ ছিল।
সমঝোতা স্মারকের আলোকে ইসলামী প্রজাতন্ত্র ইরান হরমুজ প্রণালির মধ্য দিয়ে নিরাপদ ও বৈধ নৌ-চলাচলের জন্য একটি নির্ধারিত সামুদ্রিক পথও নির্ধারণ করে।
কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সেই নির্ধারিত পথ এড়িয়ে অবৈধ সাগর-পথ দিয়ে অনুপ্রবেশকারী জাহাজগুলোকে এসকর্ট করার বা প্রহরা দেয়ার চেষ্টা করে আসছে।
হরমুজ প্রণালিতে অবৈধ জাহাজ চলাচলে সহায়তাসহ প্রতিটি লঙ্ঘনের ঘটনায় ইরানের সশস্ত্র বাহিনী কঠোর ও আপসহীন জবাব দিয়েছে।
বুধবার পৃথক আরেকটি বিবৃতিতে আইআরজিসি জানায়, মার্কিন উসকানিতে “আমাদের সতর্কবার্তা অমান্য করে অনিরাপদ ও অবৈধ নৌপথে চলাচল অব্যাহত রাখা” তিনটি তেলবাহী ট্যাংকারকে হরমুজ প্রণালিতে থামিয়ে দেওয়া হয়েছে।
আইআরজিসি আরও সতর্ক করে দিয়ে বলেছে, “এই অঞ্চলে চলাচলকারী জাহাজগুলোর প্রতি শিশুহত্যাকারী মার্কিন সেনাবাহিনীর অবৈধ হস্তক্ষেপ ও নির্দেশনা কোনোভাবেই জবাবহীন থাকবে না।” #
পার্সটুডে/এমএএইচ/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।