ইয়েমেনের সশস্ত্র বাহিনীর অগ্রযাত্রায় ইসরায়েলে আতঙ্ক
-
আনসারুল্লাহর যোদ্ধারা
পার্সটুডে- ইয়েমেনের পশ্চিম উপকূলে সশস্ত্র বাহিনীর চমকপ্রদ অগ্রযাত্রা এবং কৌশলগত গুরুত্বপূর্ণ আল-মুখা বন্দর নিয়ন্ত্রণে নেওয়ার ঘটনায় ইসরায়েলে ব্যাপক উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।
ইরনা'র বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইয়েমেনের পশ্চিম উপকূলে সৌদি আরব-সমর্থিত বাহিনীর আকস্মিক ও বিস্ময়কর পতন ইসরায়েলি শাসকগোষ্ঠীর গোয়েন্দা ও সামরিক সংস্থাগুলোকে হতবাক করেছে। হিব্রু গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, সৌদি আরবের প্রভাব হ্রাসের ঘটনা ইসরায়েলের নিরাপত্তার জন্য সরাসরি কৌশলগত হুমকি তৈরি করছে এবং লোহিত সাগর ও বাব আল-মান্দাব কেন্দ্রীক সমীকরণে বড় ধরনের পরিবর্তন আনছে।
ইসরায়েলি গণমাধ্যম—বিশেষ করে ‘ইয়েদিওত আহারোনোত’ ও ‘মারিভ’ পত্রিকা এবং ইসরায়েলি টেলিভিশনের ১২ ও ১৪ নম্বর চ্যানেল—ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মাধ্যমে কৌশলগত গুরুত্বপূর্ণ শহর ও বন্দর ‘আল-মুখা’ উদ্ধার এবং তায়েজের পার্বত্য অঞ্চল ও দক্ষিণ লোহিত সাগরের দ্বীপগুলোর দিকে ইয়েমেনি বাহিনীর অগ্রযাত্রার পর রিয়াদ ও তেল আবিবের অভিন্ন উদ্বেগকে গুরুত্ব দিয়ে তুলে ধরেছে।
ইসরায়েলিরা মনে করছে, এই অগ্রযাত্রার ফলে সানা বাব আল-মান্দাব প্রণালি ও ‘মায়ুন’ দ্বীপের ওপর সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছে। এর ফলে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য সামুদ্রিক অবরোধ মারাত্মক প্রভাব ফেলতে পারে।
মাঠপর্যায়ের এসব পরিবর্তনের প্রতিক্রিয়ায় ইসরায়েলি কর্তৃপক্ষ ‘উম্ম আল-রাশরাশ’ (ইলাত) অঞ্চলে ব্যাপক সামরিক মহড়া চালিয়েছে। এতে বিমানবাহিনী, নৌবাহিনী এবং ৮০তম ডিভিশন অংশ নিয়েছে।#
পার্সটুডে/এসএ/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।