লিবিয়াকে অস্ত্র দিতে প্রস্তুত আন্তর্জাতিক সম্প্রদায়
উগ্র সন্ত্রাসী গোষ্ঠী এবং বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য লিবিয়াকে অস্ত্র দেয়ার প্রস্তুতির কথা ঘোষণা করেছে আমেরিকা ও জাতিসংঘের স্থায়ী সদস্য। আন্তর্জাতিকভাবে স্বীকৃত লিবিয়ার সরকারকে এসব অস্ত্র দেয়া হবে।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত লিবিয়া বিষয়ক আলোচনায় জাতিসংঘের স্থায়ী পাঁচ সদস্য ও আরো ১৫টি দেশ অস্ত্র দেয়ার বিষয়ে তাদের সম্মতির কথা জানিয়েছে। বৈঠক শেষে এক বিবৃতিতে দেশগুলো বলেছে, তারা লিবিয়ার সরকারের ওপর থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেয়ার চেষ্টা করছে। যুদ্ধবিধ্বস্ত লিবিয়ায় উগ্র তাকফিরি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে এসব অস্ত্র কাজে লাগবে।
সামরিক দিয়ে প্রধান শক্তিধর দেশগুলো বলেছে, লিবিয়ার সামরিক বাহিনীর প্রশিক্ষণ ও সামরিক সরঞ্জাম সরবরাহের বিষয়ে তারা পরিপূর্ণ সমর্থন দিতে প্রস্তুত রয়েছে। লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রতি সমর্থন দিতে ভিয়েনায় যেসব কর্মকর্তা উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি তার অন্যতম।
লিবিয়ার পূর্বাঞ্চলে সরকার ও বিদ্রোহীদের যে গোলযোগ চলছে তার অবসান ঘটাতেও এ ফোরাম প্রস্তুত রয়েছে বলে ঘোষণা করেছে। তবে লিবিয়ার নতুন সরকার দেশটিতে নিরাপত্তা প্রতিষ্ঠা করতে সক্ষম কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক ওয়াল্টার স্টেইনমায়ার।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭