নভেম্বর ০৫, ২০২২ ১৩:২৪ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৫ নভেম্বর শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • শর্ত মেনে আইএমএফ'র টাকা নেয়ার বিপক্ষে এফবিসিসিআই-মানবজমিন
  • ওবায়দুল কাদেরের বক্তব্য চলাকালে দুই এমপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ- যুগান্তর 
  • কুমিল্লায় আ.লীগের সম্মেলনে কত লোক হয়েছে দেখে যান, ভাড়া করা লোক নেই এখানে-প্রথম আলো
  • আমাদের রিজার্ভ ব্যবহার করে চলতে হচ্ছে : প্রধানমন্ত্রী-কালের কণ্ঠ
  • জনগণ রক্ত দিয়ে সংবিধান পরিবর্তন করবে: আমান -বাংলাদেশ প্রতিদিন 

ভারতের শিরোনাম:

  • স্ত্রী ব্যভিচারী হলে বিচ্ছেদের পর স্থায়ী ভরণপোষণের দায় নেবেন না স্বামী: হাই কোর্ট’ -আনন্দবাজার পত্রিকা
  • সার্বভৌমত্বে আঘাত! চিন-পাকিস্তান করিডর নিয়ে তোপ ভারতের -সংবাদ প্রতিদিন
  • ভারতীয়দের প্রতিভাবান আখ্যা দিলেন রুশ প্রেসিডেন্ট -দৈনিক আজকাল

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

কুমিল্লায় আ.লীগের সম্মেলনে কত লোক হয়েছে দেখে যান, ভাড়া করা লোক নেই এখানে-প্রথম আলো

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জিয়াউর রহমান ১৫ আগস্টের খুনিদের পুরস্কৃত করেছেন, খুনিদের বিদেশি দূতাবাসে চাকরি দিয়েছেন। খুন আর হত্যার রাজনীতিতে বিএনপির হাত রক্তে রঞ্জিত। তারা বাংলাদেশের ইতিহাস থেকে জাতির পিতা বঙ্গবন্ধুকে মুছে দেওয়ার চেষ্টা কম করেনি। ইতিহাস থেকে বঙ্গবন্ধুকে তারা যতই মুছে ফেলতে চেয়েছে, ততই তারা নিজেরা মুছে গেছে এবং সংকুচিত হয়েছে।

আজ শনিবার দুপুর পৌনে ১২টার দিকে কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুল সাহেবের কী খবর? শুয়ে আছেন টাকার বস্তার ওপর। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সম্মেলনে কত লোক হয়েছে, আসেন এবং দেখে যান। এটা বিভাগীয় কোনো সমাবেশ না, শুধু মহানগর ইউনিট। আপনাদের মতো ভাড়া করা লোক নেই এখানে।’

আমাদের রিজার্ভ ব্যবহার করে চলতে হচ্ছে : প্রধানমন্ত্রী-কালের কণ্ঠ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বে এখন সবকিছুরই দাম বেশি। যার ধাক্কাটা বাংলাদেশে এসেও লেগেছে। মূল্যস্ফীতির কারণে বিশ্বের অন্য দেশের মতোই আমাদেরও রিজার্ভের টাকা ব্যবহার করে চলতে হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘যুদ্ধের জন্য সব কিছুর দাম বাড়ছে। আমাদের রিজার্ভ ব্যবহার করে চলতে হচ্ছে, এটা মানুষের জন্যই। পৃথিবীর অন্যান্য দেশও তাই করছে। তাই আমি আবারও বলব আমাদের মিতব্যয়ী হতে হবে। ’

তিনি বলেন, ‘সারা বিশ্বে খাদ্যাভাব। আমাদের আরো উৎপাদন বাড়াতে হব। সঞ্চয় বাড়াতে হবে যাতে এই অভিঘাত আমরা মোকাবিলা করতে পারি। ইউক্রেন যুদ্ধের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। তবে আমি আশা করি, এ অবস্থা থাকবে না। দেশে সকলকে একটু সঞ্চয়ের দিকে নজর দিতে হবে।

ওবায়দুল কাদেরের বক্তব্য চলাকালে দুই এমপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ- যুগান্তর 

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য দেওয়ার সময় সম্মেলনের বাইরে দুগ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, ইটপাটকেল নিক্ষেপ এবং ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।  

শনিবার দুপুর ১২টার দিকে নগরীর টাউন হল মাঠের ফটকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় নেতাকর্মীদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে মঞ্চ উঠে পৌনে ১২টার দিকে উদ্বোধনী বক্তব্য শুরু করেন। এ সময় সংরক্ষিত নারী আসনের এমপি ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমা দলের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে চেষ্টা করেন। কিন্তু এমপি সীমাসহ ৮ জনকে ভেতরে প্রবেশ করতে বলায় বিপত্তি বাধে। এ সময় তারা কিছু সময় গেটে বিক্ষোভ করেন এবং পরে তারা ফিরে যাওয়ার সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে।

জনগণ রক্ত দিয়ে সংবিধান পরিবর্তন করবে: আমান -বাংলাদেশ প্রতিদিন 

বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে সংবিধান পরিবর্তন করবে দাবি করে ঢাকা মহানগর  উত্তর বিএনপির আহ্বায়ক ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান বলেছেন, সংবিধান জনগণের জন্য, দেশের মানুষ রক্ত দিয়ে সেই সংবিধান পরিবর্তন করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার আনবে। সেই সরকারের অধীনে নির্বাচন হবে। শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না।  

শনিবার (৫ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার হল রুমে বাংলাদেশ এলডিপি আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারের পদত্যাগ, খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। বিচারপতি খায়রুল হক আইন কমিশনের কয়বার চেয়ারম্যান হয়েছেন প্রশ্ন করে বিএনপির এই নেতা বলেন, তাকে কেন বার বার চুক্তি ভিত্তিক রাখছেন। কারণ উনি যেটা বলেছিলেন সেটাই শেখ হাসিনা করেছেন। তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল করেছেন।

শর্ত মেনে আইএমএফ'র টাকা নেয়ার বিপক্ষে এফবিসিসিআই-মানবজমিন

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রেসিডেন্ট মো. জসীম উদ্দিন বলেছেন, মর্যাদা বিসর্জন দিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ নেয়ার প্রয়োজন নেই। বাংলাদেশের অবস্থা এতটা বেগতিক না যে যাচ্ছেতাই শর্ত মেনে ঋণ নিতে হবে। শনিবার ইকোনমিক রিপোর্টারস ফোরাম আয়োজিত ‘ইআরএম ডায়ালগ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নির্বাচনী বছরে টাকা পাচার বিষয়ক এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক যেহেতু বলছে আমদানির আড়ালে ২০০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত মূল্য দেখানোর প্রমাণ পেয়েছে তারা, তাদের উচিত জড়িতদের আইনের আওতায় আনা। তা না হলে কেবল বাহবা নেয়ার জন্য মুখরোচক কথা বন্ধ করা দরকার। তিনি বলেন, আন্ডার-ইন-ভয়েস ও ওভার-ইন-ভয়েস করে যারা অর্থ পাচার করে তাদের ধরা উচিত। এফবিসিসিআই চায় সরকার এ বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করুক।

চলমান মহামন্দায় দুর্ভিক্ষ সংক্রান্ত প্রধানমন্ত্রীর উক্তি নিয়ে এক প্রশ্নের জবাবে জসিম উদ্দিন বলেন, দুর্ভিক্ষ হলে শুধু বাংলাদেশে নয়, পুরো পৃথিবীতে হবে। সে হিসেবে বাংলাদেশ এর বাইরে না। এজন্য আমাদের কৃচ্ছ্রসাধন করা দরকার। এর পাশাপাশি আমাদের কৃষিখাত নিয়ে কাজ করতে হবে। এক্ষেত্রে নেদারল্যান্ড, ব্রাজিল ও থাইল্যান্ডসহ হালাল খাদ্যপণ্য নিয়ে যারা সফল তাদের অনুসরণ করতে পারে

স্ত্রী ব্যভিচারী হলে বিচ্ছেদের পর স্থায়ী ভরণপোষণের দায় নেবেন না স্বামী: হাই কোর্ট’ -আনন্দবাজার পত্রিকা

বিবাহবিচ্ছেদের পর ব্যভিচারী এবং নিষ্ঠুর স্ত্রীর স্থায়ী ভরণপোষণের দায় নেবেন না স্বামী, একটি মামলায় এমনটাই রায় দিয়েছে পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্ট। এই অভিযোগে এক মহিলার ভরণপোষণের আবেদন নাকচ করে দেওয়া হয়েছে।

পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের বিচারপতি ঋতু বাহ্‌রি এবং বিচারপতি নিধি গুপ্তার ডিভিশন বেঞ্চ সম্প্রতি এই রায় দিয়েছে। একটি বিবাহবিচ্ছেদের মামলায় স্ত্রীর স্থায়ী ভরণপোষণের আবেদন নাকচ করে দিয়েছে আদালত। ব্যভিচারিতা এবং নিষ্ঠুরতার অভিযোগ ছিল ওই মহিলার বিরুদ্ধে। পারিবারিক আদালতে তার ভিত্তিতেই বিবাহবিচ্ছেদ হয়েছে।  জানা গিয়েছে, মামলাকারী ব্যক্তির বিবাহ হয় ১৯৮৯ সালে। কিন্তু তিনি বিয়ের কয়েক বছর পর বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন। স্ত্রীর ব্যবহার উগ্র, এই অভিযোগ এনে বিবাহবিচ্ছেদ চেয়েছিলেন তিনি। অভিযোগ, স্বামী এবং শ্বশুরবাড়ির অন্যান্যদের অপমান করেছেন স্ত্রী। স্বামীর বন্ধুবান্ধবের সামনেই তাঁর রোজগার নিয়ে খোঁটা দিয়েছেন। শুধু তাই নয়, ওই দম্পতির কোনও সন্তান নেই। সেই সূত্রে সকলের সামনে স্বামীর যৌনক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন বলে অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে।

এ ছাড়া, স্ত্রীর বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগও এনেছেন মামলাকারী। তিনি জানিয়েছেন, পরপুরুষের সঙ্গে তাঁর স্ত্রী শারীরিক সম্পর্ক গড়ে তুলেছেন। যাবতীয় অভিযোগের সপক্ষে তথ্যপ্রমাণ আদালতে জমা দিয়েছেন ওই ব্যক্তি। এর পরেই পারিবারিক আদালতে তাঁদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।

ভারতীয়দের প্রতিভাবান আখ্যা দিলেন রুশ প্রেসিডেন্ট -দৈনিক আজকাল

ভারতের প্রশংসায় পঞ্চমুখ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ভারতীয়দের ‘‌প্রতিভাবান’‌ আখ্যা দিলেন রুশ প্রেসিডেন্ট। শুক্রবার রাশিয়ায় পালিত হল একতা দিবস। সেই অনুষ্ঠানে যোগ দেন পুতিন। বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করতে গিয়েই তিনি ভারতের কথা বলেন এবং ভারতীয়দের গুণ ও প্রতিভার প্রশংসা করেন। পুতিন বলেন, ‘‌আগামী দিনে ভারত নিজেদের উন্নয়নের ক্ষেত্রে দারুণ ফল করবে। এই বিষয়ে কোনও সংশয় নেই। প্রায় দেড় বিলিয়ন জনসংখ্যা ভারতে, উন্নতির লক্ষ্যে এটি অত্যন্ত সম্ভাবনাসূচক।’‌ আফ্রিকার ঔপনিবেশিকতা, ভারতের সম্ভাবনা ও রাশিয়ার সভ্যতা ও সংস্কৃতির বিষয়ে কথা বলতে গিয়ে ভ্লাদিমির পুতিন ভারতের প্রশংসা করেন। ভারতীয় নাগরিকদের প্রশংসাও শোনা যায় পুতিনের মুখে। তাঁর কথায় ‘‌ভারতীয়দের ইচ্ছাশক্তি অদম্য। অভ্যন্তরীণ উন্নয়নের জন্য যা জরুরি।’‌ আফ্রিকা প্রসঙ্গে পুতিন বলেন, ‘‌অতীতে ঔপনিবেশিক শক্তিতে যে উন্নয়ন ও সমৃদ্ধি হয়েছিল, তা পশ্চিমী দুনিয়ার শাসকদের আফ্রিকা লুঠ করার কারণেই হয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।