ফেব্রুয়ারি ২৬, ২০১৭ ১৫:৩০ Asia/Dhaka

শ্রোতাব/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ২৫ ফেব্রুয়ারি শনিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম:

  • দণ্ডিত হলে খালেদা নির্বাচন করতে পারবেন না : বাহাউদ্দিন নাসিম-ইত্তেফাক
  • বিএনপির কর্মসূচি ‘যথাসময়ে’: রিজভী-প্রথম আলো
  • স্পর্শকাতর বন্দিদের বিচার ভিডিও কনফারেন্সিং পদ্ধতিতে চালু হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী-নয়া দিগন্ত
  • ব্যবসা করতে আসিনি, মানুষের সেবা করতে এসেছি: প্রধানমন্ত্রী-যুগান্তর
  • অনলাইনে ঘরে বসে নিন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট-বাংলাদেশ প্রতিদিন
  • বিচারকদের নিয়োগ, শৃঙ্খলার অনুচ্ছেদ নিয়ে রুল-মানবজমিন
  • খুলনা বিভাগে চলমান পরিবহন ধর্মঘট অযৌক্তিক : সেতুমন্ত্রী-কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:

  • সঞ্জয়ের মৃত্যুতে অ্যাপোলো কর্তাদের তলব, জবাবে সন্তুষ্ট নয় সরকার-আনন্দবাজার
  • ফের আক্রমণাত্মক নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন-আজকাল
  • ৫ কোটির  বেশি ভারতীয় মানসিক অবসাদের শিকার, রিপোর্ট হু’র-বর্তমান

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..

ব্যবসা করতে আসিনি, মানুষের সেবা করতে এসেছি: প্রধানমন্ত্রী-যুগান্তর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা ব্যবসা বাণিজ্য করতে আসিনি, মানুষের সেবা করতে এসেছি। আমার মাথায় একটাই চিন্তা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা।
রোববার বগুড়ার সান্তাহার স্টেডিয়ামে এক জনসভায় প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি বলেন, ‘যখন নৌকা মার্কা জয়ী হয়, তখন গোলাভরা ধান, পুকুরভরা মাছ, খেয়েপরে মানুষ সুখে থাকে।কিন্তু যখন ধানের শীষ ক্ষমতায় ছিল তখন তো গোলাভরা ধান ছিল না। কেন ছিল না? বিষয়টা খুবই পরিষ্কার-ওই বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসে শুধু নিজেরা খাবে, নিজেরা পরবে, নিজেরা বিলাসিতা করবে বলে।’ প্রধানমন্ত্রী বলেন, বাংলার মাটিতে জঙ্গিবাদ ও সন্ত্রাসের কোনো স্থান হবে না। আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই। শেখ হাসিনা বলেন, আমরা বিনা পয়সায় ছাত্র-ছাত্রীদের বই দিয়েছি। বইয়ের অভাবে এখন আর কারও পড়ালেখা বন্ধ থাকে না। প্রত্যেক উপজেলা থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত পাকা রাস্তা হবে।

দণ্ডিত হলে খালেদা নির্বাচন করতে পারবেন না : বাহাউদ্দিন নাসিম

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুর্নীতির দায়ে আদালতে সাজাপ্রাপ্ত হলে আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না। 
 আজ মাদারীপুর জেলার মাদ্রা হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বাহাউদ্দিন নাসিম বলেন, যদি বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করে, তবে আওয়ামী লীগ তাদের অভিনন্দন জানাবে।

বিএনপির কর্মসূচি ‘যথাসময়ে’: রিজভী-প্রথম আলো

বিএনপি রেতা রুহুল কবির রিজভী (ফাইল ফটো)

গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর ‘অমানবিক ঘোষণা’ থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বিএনপির কর্মসূচি যথাসময়ে জানানো হবে।
আজ দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে রিজভী এই কথা বলেন। এর আগে গ্যাসের দাম বাড়ানোর প্রতিক্রিয়ায় বিএনপি এই সিদ্ধান্তকে অযৌক্তিক ও গণবিরোধী আখ্যা দিয়েছিল। কিন্তু কোনো কর্মসূচি দেয়নি। কর্মসূচির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী বলেন, বিএনপির কর্মসূচি যথাসময়ে জানানো হবে।
রিজভী বলেন, গ্যাসের দাম বাড়ানোর ঘোষণার পরপরই বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছেন জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী। সরকার এখন লুটপাটে মরিয়া হয়ে উঠেছে। আর এ কারণেই গণবিরোধী সব কর্মকাণ্ডে তারা লিপ্ত হয়ে পড়েছে। গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণার সঙ্গে সঙ্গে এর খারাপ প্রতিক্রিয়া স্পষ্ট হয়ে উঠেছে। এই ঘোষণায় বাসভাড়া, বাড়িভাড়ার নোটিশ দেয়া শুরু হয়ে গেছে। দেশের শতকরা সাড়ে ৯৯ ভাগ মানুষ এই ঘোষণা প্রত্যাখ্যান করেছে।

খুলনা বিভাগে চলমান পরিবহন ধর্মঘট অযৌক্তিক : সেতুমন্ত্রী-কালের কণ্ঠ

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (ফাইল ফটো)

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খুলনা বিভাগে চলমান পরিবহন ধর্মঘট অযৌক্তিক, এই ধর্মঘট করে কোনো লাভ হবে না। আজ রবিবার জাতীয় ঈদগাহের গেটের সামনে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) অনুমোদিত এবং ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে চলমান অভিযান পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের মামলায় বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে চুয়াডাঙ্গাসহ খুলনা বিভাগে এই পরিবহন ধর্মঘট চলছে।

বিচারকদের নিয়োগ, শৃঙ্খলার অনুচ্ছেদ নিয়ে রুল-মানবজমিন

বিচারক নিয়োগ সংক্রান্ত ৯৫ এবং বিচারকদের বদলি, শৃঙ্খলা ও পদোন্নতি বিষয়ক ১১৬ অনুচ্ছেদসহ সংবিধানের কয়েকটি অনুচ্ছেদ কেন অবৈধ ও সাংঘর্ষিক ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রোববার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।  সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছিলেন আইনজীবী ইউনূস আলী আকন্দ।  রিটে সংবিধানের ৯৫ অনুচ্ছেদও চ্যালেঞ্জ করা হয়। শুনানি নিয়ে হাইকোর্ট ৯৫ অনুচ্ছেদ কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মেও রুল জারি করেন।

স্পর্শকাতর বন্দিদের বিচার ভিডিও কনফারেন্সিং পদ্ধতিতে চালু হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী-নয়া দিগন্ত

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (ফাইল ফটো)

স্বরাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি বলেছেন, আমাদের সরকার কারা বিভাগের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রেখেছে। যার ফলে আজ কারা বিভাগের অনেক আধুনিকায়ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছায় আজ কারাবন্দিদের মোবাইল/টেলিফোনে পরিবারের সঙ্গে কথা বলার দ্বার উন্মোচিত হচ্ছে। এ ছাড়াও প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্পর্শকাতর বন্দিদের কারাগার থেকে আদালতে ভিডিও কনফারেন্সিং পদ্ধতিতে বিচার কার্যক্রম চালু করা হচ্ছে। কারা প্রশাসন র‌্যাবের সহযোগিতায় বন্দিদের ডাটাবেজ তৈরী করছে। যাতে আমাদের আইনশৃংখলা ব্যবস্থা আরো একধাপ এগিয়ে যাবে।

অনলাইনে ঘরে বসে নিন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট-বাংলাদেশ প্রতিদিন

ভিসার আবেদন, বিদেশে ভিসা/পাসপোর্ট নবায়ন, গ্রীন কার্ড/ওয়ার্ক পারমিটের জন্য আবেদন সবকিছুর জন্যই প্রয়োজন পুলিশ ক্লিয়ারেন্স। এ লক্ষ্যে বাংলাদেশ পুলিশ চালু করেছে অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সেবা। যার ফলে খুব সহজে ঘরে বসে শুধু কয়েক ক্লিকেই আবেদন করা যাবে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য। নির্দিষ্ট সময় পর ঘরে বসেই পাওয়া যাবে কাঙ্খিত পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।  
ঢাকা মেট্রোপলিটন পুলিশের এসি (মিডিয়া) সুমন কান্তি চৌধুরী জানান, পুলিশ ক্লিয়ারেন্সের জন্য পাসপোর্টে প্রদত্ত স্থায়ী অথবা বর্তমান ঠিকানার যেকোনো একটি ঠিকানায় আবেদন করতে হবে। এটি হতে হবে মেট্রোপলিটন বা জেলা পুলিশের আওতাধীন এরিয়া।

শ্রোতাবন্ধুরা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

সঞ্জয়ের মৃত্যুতে অ্যাপোলো কর্তাদের তলব, জবাবে সন্তুষ্ট নয় সরকার-আনন্দবাজার

একের পর এক চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ অ্যাপোলো হাসপাতালের বিরুদ্ধে। সঞ্জয় রায়ের মৃত্যুর রেশ কাটতে না কাটতে আজ আবারও অ্যাপোলোয় চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উঠল৷ পর পর এই বেসরকারি হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ যে ভাবে উঠছে, যে ভাবে অভিযোগ উঠছে বিলিংয়ের অস্বচ্ছতা নিয়ে, তাতে রীতিমতো অসন্তুষ্ট হয়ে উঠেছে নবান্ন৷ তারই ফলশ্রুতিতে আজ অ্যাপোলো কর্তৃপক্ষকে তলব করে রাজ্য সরকার। মুখ্যসচিবের পাঠানো নির্দেশে স্বাস্থ্য ভবনে যান তিন অ্যাপোলো কর্তা। আত্মপক্ষ সমর্থনে এই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ যা বলেছেন, তাতে আদৌ সন্তুষ্ট নন স্বাস্থ্যকর্তারা। প্রকাশ্যেই অ্যাপোলোর ভূমিকার কড়া নিন্দা করলেন স্বাস্থ্যসচিব।

৫ কোটির  বেশি ভারতীয় মানসিক অবসাদের শিকার, রিপোর্ট হু’র-বর্তমান

সারা বিশ্বের মধ্যে ভারতীয়রাই সবচেয়ে বেশি মানসিক অবসাদ আর উদ্বেগের শিকার। এদেশে প্রতি ২০ জনের মধ্যে একজন অবসাদে আক্রান্ত। প্রতি ২৫ জনে একজন অ্যাংজাইটি অর্থাৎ মানসিক উদ্বেগের শিকার। সমীক্ষা চালিয়ে রীতিমতো চিন্তিত হওয়ার মতো এমনই রিপোর্ট প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’। কেবল ভারতই নয়। গোটা বিশ্বে গত এক দশকে মানসিক অবসাদ আর উদ্বেগাক্রান্তের হার ১৮ শতাংশ বেড়েছে। গোটা বিশ্বে ৩২ কোটির কিছু বেশি মানুষ মানসিক অবসাদের শিকার। যার মধ্যে স্রেফ ভারতেই রয়েছে সাড়ে ৫ কোটিরও বেশি নাগরিক।

ফের আক্রমণাত্মক নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন-আজকাল

সরকারের বিরোধিতা করলেই বলা হচ্ছে রাষ্ট্র বিরোধী। এটা সংখ্যালঘু সরকারের ঔদ্ধত্য ছাড়া আর কিছুই নয়।  ফের মোদি আর বিজেপি সরকারকে এভাবেই আবারও আক্রমণ করলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। রোববার নিজের বই প্রকাশ অনুষ্ঠানে, দিল্লির রামজাস কলেজে এবিভিপির হামলার তীব্র নিন্দা করেন তিনি। তাঁর অভিযোগ শাসক দলের ছাত্র সংগঠন অগণতান্ত্রিক আচরণ করছে। তাঁর অভিযোগ, ‘যেভাবে জেএনইউ–র ছাত্রদের রাষ্ট্র বিরোধী তকমা দিচ্ছে সরকার তা তাঁদের ঔদ্ধত্য ছাড়া আর কিছুই নয়। ৩১ শতাংশ ভোট পেয়ে ৬৯ শতাংশ মানুষকে রাষ্ট্র বিরোধী তকমা দিচ্ছে এই সরকার। তাতে বোঝাই যাচ্ছে এই সরকারের ঔদ্ধত্য কোন পর্যায়ে পৌঁছেছে।’#


পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৬