ইরানের সঙ্গে সম্পর্ক জোরদারে পাকিস্তানের আগ্রহকে মূল্যবান বললেন পেজেশকিয়ান
-
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নাকভির সঙ্গে বৈঠকে পেজেশকিয়ান।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীকে দেওয়া এক সাক্ষাতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দুই দেশের সাংস্কৃতিক বন্ধনের কথা তুলে ধরে বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ও অন্যান্য কর্মকর্তাদের পক্ষ থেকে ইরানের সঙ্গে সংহতি, সম্পর্ক জোরদার ও সহযোগিতা সম্প্রসারণের যে আগ্রহ দেখা যাচ্ছে, তা তেহরানের কাছে অত্যন্ত মূল্যবান।
ইরানি সংবাদমাধ্যমের বরাতে পার্সটুডে জানায়, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নাকভির সঙ্গে বৈঠকে পেজেশকিয়ান বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান ব্যাপক সম্ভাবনাকে কাজে লাগিয়ে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়ানো জরুরি। তিনি বলেন, দুই দেশের অভিন্ন স্বার্থের সব ক্ষেত্রেই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে এবং যৌথ সহযোগিতা সম্প্রসারণের পরিবেশ তৈরিতে ইরান প্রস্তুত।
পেজেশকিয়ান আঞ্চলিক সম্পর্কের প্রেক্ষাপটে ইরান–পাকিস্তান সম্পর্কের গুরুত্ব তুলে ধরে অর্থনৈতিক, বাণিজ্যিক, সাংস্কৃতিক ও নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন। তাঁর মতে, দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন ও সহযোগিতা গভীর হলে দুই দেশের জনগণের পারস্পরিক স্বার্থ নিশ্চিত হওয়ার পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তাও শক্তিশালী হবে।
বৈঠকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নাকভিও দুই দেশের দীর্ঘদিনের দৃঢ় সম্পর্কের কথা তুলে ধরে বলেন, ইরান ও পাকিস্তানের সম্পর্ক শক্তিশালী ও অবিচ্ছেদ্য। তিনি জানান, ইসলামাবাদ দৃঢ় সংকল্প ও আন্তরিকতার সঙ্গে ইরানের সঙ্গে সর্বাত্মক সম্পর্ক আরও উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
নাকভি দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতাগুলো বাস্তবায়নের ওপরও গুরুত্ব দেন। তিনি বলেন, তাঁর তেহরান সফরের অন্যতম উদ্দেশ্য হলো দ্বিপক্ষীয় সহযোগিতার কাঠামো আরও শক্তিশালী করা এবং ইতোমধ্যে হওয়া চুক্তিগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করা।
পার্সটুডে/এমবিএ/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।