মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ২০ আগস্ট ভোট
https://parstoday.ir/bn/news/event-i162148-মির্জা_ফখরুলই_বিএনপির_রাষ্ট্রপতি_প্রার্থী_২০_আগস্ট_ভোট
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) দুপুরে সচিবালয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনার পর তার প্রার্থিতা চূড়ান্ত হয়।
(last modified 2026-08-13T09:04:34+00:00 )
আগস্ট ১৩, ২০২৬ ১৪:৫৯ Asia/Dhaka
  • মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান
    মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) দুপুরে সচিবালয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনার পর তার প্রার্থিতা চূড়ান্ত হয়।

বৈঠক শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার সঙ্গে সঙ্গে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।

এরপর দুপুর ২টা ২৩ মিনিটে নির্বাচন ভবনে মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এ এম এম নাসির উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এতে প্রস্তাবক হিসেবে রয়েছেন ড. মঈন খান এবং সমর্থক হিসেবে রয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়।

এর আগে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র জমা দেওয়া হয়। জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ তার পক্ষে মনোনয়নপত্র জমা দেন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ ছিল। আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে। বর্তমানে জাতীয় সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। ফলে মির্জা ফখরুলের জয় অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছে। শেষ পর্যন্ত অলি আহমদ প্রার্থিতা প্রত্যাহার না করলে ১৯৯১ সালের পর এবারই প্রথম রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট হতে যাচ্ছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন ধরে বিএনপির অন্যতম শীর্ষ নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০৯ সালের জাতীয় কাউন্সিলে তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হন। ২০১১ সালের মার্চে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান এবং ২০১৬ সালের ৩০ মার্চ বিএনপির মহাসচিব হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন।

২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ওই সময় তিনি কৃষি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে বিএনপির নেতৃত্বের গুরুত্বপূর্ণ পর্যায়ে উঠে আসেন মির্জা ফখরুল।

আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির দুই শীর্ষ নেতা খালেদা জিয়ার কারাবন্দিত্ব এবং তারেক রহমানের লন্ডনে অবস্থানের সময়ে দল পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। রাজনৈতিক প্রতিকূলতা ও কারাবরণের মধ্যেও দীর্ঘ সময় বিএনপির নেতৃত্বে থাকায় দলের ভেতরে ও বাইরে তিনি একজন গুরুত্বপূর্ণ ও গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিতি পান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে আবারও সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর দায়িত্ব পান মির্জা ফখরুল।

এখন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে তার নাম চূড়ান্ত হওয়ায় মির্জা ফখরুলের রাজনৈতিক জীবনে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতার কারণে তিনি নির্বাচিত হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেবেন।

এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত মো. সাহাবুদ্দিন। এরপর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়।#

পার্সটুডে/এমএআর/১৩