গুজরাটে ৫০০ কোটি এবং অসমে শূন্য, বন্যাত্রাণ নিয়ে প্রশ্নের মুখে মোদি
শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আজ ২৬ জুলাই বুধবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- জেএমবি’র সারোয়ার-তামিম গ্রুপের ৩ সক্রিয় সদস্য গ্রেফতার-ইত্তেফাক
- জলজট-যানজটে চরম ভোগান্তি-প্রথম আলো
- বাহুবলে ৪ শিশু হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ডের আদেশ-যুগান্তর
- যারা নির্বাচন বন্ধ করতে চায় তারা গণতন্ত্রে বিশ্বাস করে না : নাসিম-কালের কণ্ঠ
- যানজট, জলজটে নাকাল মানুষ-মানবজমিন
- দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন মানা হবে না-নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- গুজরাটে ৫০০ কোটি এবং অসমে শূন্য, বন্যাত্রাণ নিয়ে প্রশ্নের মুখে মোদি-সংবাদ প্রতিদিন
- রাষ্ট্রপতির ভাষণ নিয়ে কংগ্রেস, বিজেপি’র তুমুল বাদানুবাদ-আনন্দবাজার
- নীতীশকে আমিই মুখ্যমন্ত্রী করেছি: লালু-আজকাল
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ
রাজধানী ও কুষ্টিয়ায় 'বন্দুকযুদ্ধে' ৪ জনের নিহত হওয়ার খবর আজকের প্রায় সবগুলো জাতীয় দৈনিক এবং অনলাইন পোর্টালে ছাপা হয়েছে। এ সম্পর্কে যুগান্তর লিখেছে, রাজধানীর মিরপুরে ও কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে কথিত 'বন্দুকযুদ্ধে' ৪ যুবক নিহত হয়েছেন। রাজধানীতে নিহত দুই যুবককে ছিনতাইকারী ও কুষ্টিয়ায় নিহতদের ডাকাত বলে দাবি করছে পুলিশ। বুধবার ভোরে রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কার্যালয়ের পাশে এবং কুষ্টিয়ার ভেড়ারামার দশমাইল ও সদর উপজেলার বাড়াদি গোরস্থান এলাকায় পৃথক তিনটি 'বন্দুকযুদ্ধে' এ চার যুবক নিহত হন।
যারা নির্বাচন বন্ধ করতে চায় তারা গণতন্ত্রে বিশ্বাস করে না : নাসিম-কালের কণ্ঠ
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যারা আন্দোলনের ভয় দেখিয়ে নির্বাচন বন্ধ করতে চায় তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।
বুধবার রাজধানীর পুরাতন ঢাকার ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শন এবং মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
'নিরপেক্ষ সরকার ছাড়া আওয়ামী লীগ সরকারের অধীনে আর কোনো নির্বাচন হবে না'- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, 'নির্বাচন জনগনের অধিকার, ভোট দেয়াও জনগনের গণতান্ত্রিক অধিকার। সেই অধিকারের উপর যারা হস্তক্ষেপ করতে চায় তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। '
আর নয়া দিগন্তের খবরে লেখা হয়েছে, দু’দিনের বরিশাল সফরের শেষ দিনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন নিয়ে আওয়ামী লীগ চাল খাটাচ্ছে। তারা যে চালই খাটাক না কেন দলীয় সরকারের অধীনে আর নির্বাচন মেনে নেয়া হবে না।
বাহুবলে ৪ শিশু হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ডের আদেশ-যুগান্ত/প্রথম আলো
বাংলাদেশের হবিগঞ্জের বাহুবল উপজেলায় চাঞ্চল্যকর ৪ শিশু হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল। এছাড়া দুই আসামিকে সাত বছর করে কারাদণ্ড ও দুইজনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
আজ সিলেটে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- রুবেল মিয়া, উস্তার মিয়া ও হাবিবুর রহমান। উল্লেখ্য, গত বছর ১২ ফেব্রুয়ারি গ্রামের মাঠে খেলা দেখতে গিয়ে নিখোঁজ হয় মনির মিয়া, আহমেদ শুভ (৮), তাজেল মিয়া (১০) ও ইসমাইল হোসেন (১০)। ১৭ ফেব্রুয়ারি গ্রামের পার্শ্ববর্তী বালুর মাঠ থেকে মাটিচাপা দেয়া অবস্থায় চার শিশুর লাশ উদ্ধার করা হয়। এরপরই অপহরণ মামলাটি হত্যা মামলা হিসেবে গৃহীত হয়।
জেএমবি’র সারোয়ার-তামিম গ্রুপের ৩ সক্রিয় সদস্য গ্রেফতার-ইত্তেফাক;
রাজধানীর বাড্ডায় র্যাব অভিযান চালিয়ে জেএমবির তিন সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- মুশফিকুল হক, কামাল হোসেন ফারুক ও মামনুর রশিদ।
র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া শাখার পরিচালক কমান্ডর মুফতি মাহমুদ খান জানান, আজ বুধবার ভোরে আফতাবনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের সক্রিয় সদস্য।
১২৩২ বিচারপ্রার্থীকে আইনি পরামর্শ দিয়েছে লিগ্যাল এইড-ইত্তেফাক
সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড অফিস মামলায় সহায়তার পাশাপাশি এক হাজার ২৩২ জন অসচ্ছল বিচারপ্রার্থীকে আইনি পরামর্শ দিয়েছে। সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড অফিসের সমন্বয়কারী রিপন পল স্কু একথা জানান।
তিনি বলেন, সরকারি খরচে অসচ্ছল বিচারপ্রার্থীদের আইনি সেবা প্রদান অব্যাহত রয়েছে। দিনে দিনে এ কার্যক্রম আরো জোড়দার করা হচ্ছে।
জলজট-যানজটে চরম ভোগান্তি-প্রথম আলো/ইত্তেফাক
টানা বৃষ্টিতে জলজট আর যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। গত রাতে থেমে থেমে বৃষ্টি হলেও আজ বুধবার সকাল থেকে প্রায় টানা বৃষ্টি হচ্ছে। এতে বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অফিসগামী মানুষের কষ্ট সীমা ছাড়িয়ে গেছে।বৃষ্টির কারণে রাজধানীর প্রায় অধিকাংশ সড়ক পানিতে ডুবে গেছে। ঘর থেকে বের হয়েই পড়তে হয়েছে দুর্ভোগে।
যানজট, জলজটে নাকাল মানুষ-মানবজমিন/আর এ সম্পর্কিত প্রথম আলোর খবরের শিরোনাম-জলজট-যানজটে চরম ভোগান্তি। খবরটিতে লেখা হয়েছে-টানা বৃষ্টিতে জলজট আর যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। গত রাতে থেমে থেমে বৃষ্টি হলেও আজ বুধবার সকাল থেকে প্রায় টানা বৃষ্টি হচ্ছে। এতে বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অফিসগামী মানুষের কষ্ট সীমা ছাড়িয়ে গেছে।আর মানবজমিনে লেখা হয়েছে-ডিঅ্যান্ডডি সাগর, গুলিস্থান নদ, তোপখানা নদী, মাঝখানে শেরাটন খাল পেরিয়ে কাওরান বাজার গাঙের স্রোত ভাসিয়ে নিচ্ছিল সব। আর নয়া দিগন্তের খবরে লেখা হয়েছে- পানিসম্পদমন্ত্রী বলেছেন-আগস্টে দেশে বড় ধরনের বন্যার আশঙ্কা রয়েছে।
শ্রোতা/পাঠক! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে
নীতীশকে আমিই মুখ্যমন্ত্রী করেছি: লালু-আজকাল
আমিই নীতীশকে মুখ্যমন্ত্রী বানিয়েছি। ছেলে তেজস্বী যাদবের ইস্তফা রুখতে একেবারে কঠিন অস্ত্র প্রয়োগ করলেন রাষ্ট্রীয় জনতা দল সভাপতি লালুপ্রসাদ যাদব। শুক্রবার শুরু হচ্ছে বিহার বিধানসভার অধিবেশন। তার আগে বুধবার লালু ইঙ্গিতে বুঝিয়ে দিলেন শাসক জোটে তাঁর দলের ক্ষমতা বেশি। বিহারে জোট সরকার চালাচ্ছে লালুর রাষ্ট্রীয় জনতা দল, নীতীশের সংযুক্ত জনতা দল এবং কংগ্রেস। লালুর দলের আসন সংখ্যা ৮০, নীতীশের ৭১ আর কংগ্রেসের ২৭। প্রচ্ছন্নভাবে এটাও জানিয়ে রাখলেন, সরকার দাঁড়িয়ে আছে তাঁর সমর্থনের ওপর।জমি দুর্নীতিতে অভিযুক্ত রাজ্যের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের ইস্তফার দাবি জোরদার হচ্ছে।
রাষ্ট্রপতির ভাষণ নিয়ে কংগ্রেস, বিজেপি’র তুমুল বাদানুবাদ-আনন্দবাজার
চতুর্দশ রাষ্ট্রপতির ভাষণের বিষয়বস্তু নিয়ে বুধবার তুলকালাম হল রাজ্যসভায়। লড়াইটা কংগ্রেস সাংসদ আনন্দ শর্মা বনাম বিজেপি সাংসদ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির মধ্যে শুরু হলেও তা পরে শাসক জোট ও বিরোধীদের মধ্যে তুমুল বাদানুবাদ পর্যন্ত গড়ায়। আনন্দের বক্তব্যটি সভার রেকর্ড থেকে বাদ দেওয়ার আর্জি জানান অর্থমন্ত্রী অরুণ জেটলি।
এ দিন রাজ্যসভার ‘জিরো আওয়ার’-এ তাঁর ভাষণের শুরুতেই কংগ্রেস সাংসদ আনন্দ শর্মা মঙ্গলবার সংসদে দেওয়া রাষ্ট্রপতির উদ্বোধনী ভাষণের একটি অংশ নিয়ে পরোক্ষে প্রশ্ন তোলেন, দেশের চতুর্দশ রাষ্ট্রপতির উদ্বোধনী ভাষণে মহাত্মা গাঁধী ও দীন দয়াল উপাধ্যায়ের নামোল্লেখ থাকলেও কেন আধুনিক ভারতের রূপকার জওহরলাল নেহরুর কথা এক বারও বলা হল না? এর পরেই শাসক জোটের সাংসদরা চিৎকার করে আনন্দের ভাষণে বাধা দিতে শুরু করেন। ওই সময় রীতিমতো উত্তেজিত হয়ে পড়তে দেখা যায় অর্থমন্ত্রী অরুণ জেটলিকে।
অরুণ জেটলি বলেন,দেশের সাংবিধানিক প্রধান কী করবেন, কী বলবেন, তা নিয়ে সভায় আলোচনা হওয়াটা ঠিক নয়। আনন্দ শর্মার ভাষণের ওই অংশটুকু সভার রেকর্ড থেকে বাদ দেওয়া হোক।’’ জেটলির ওই মন্তব্যের পর কংগ্রেসসহ বিরোধী জোটের সাংসদরা হইচই শুরু করেন। কেন জওহরলাল নেহরুর নাম বাদ পড়ল সংসদে দেওয়া চতুর্দশ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের উদ্বোধনী ভাষণে, তা নিয়ে প্রশ্ন তোলেন কংগ্রেস সাংসদরা।
গুজরাটে ৫০০ কোটি এবং অসমে শূন্য, বন্যাত্রাণ নিয়ে প্রশ্নের মুখে মোদি-সংবাদ প্রতিদিন
তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী নন। দেশের প্রধানমন্ত্রী। তাই সব রাজ্যের দিকে সমান নজর দেয়া উচিত। বন্যাত্রাণে বিভাজন নিয়ে এভাবেই নরেন্দ্র মোদিকে বিঁধলেন মায়াবতী।
গুজরাট যে বন্যাবিধ্বস্ত তা নিয়ে কোনও সন্দেহ নেই। পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। প্রায় কুড়ি হাজারের বেশি মানুষকে ত্রাণশিবিরে সরিয়ে নেওয়া হয়েছে। এই অবস্থায় গুজরাটের জন্য বিশেষ আর্থিক প্যাকেজের বন্দোবস্ত করেছেন মোদি। ৫০০ কোটি টাকার এই প্যাকেজ দেয়া হচ্ছে বন্যা মোকাবিলায়। কিন্তু এই ঘোষণার পরই ক্ষুব্ধ অসমের মানুষ। রাজ্যের ৩২টি জেলার ২৯টিই বন্যা কবলিত। প্রাণ হারিয়েছেন প্রায় ৭৭ জন। ক্ষয়ক্ষতির পরিমাণ ২০০০ কোটি টাকারও বেশি। অভিযোগ, এ অবস্থায় শুধুমাত্র কিরেন রিজিজুকেই পাঠিয়েই দায় সেরেছে কেন্দ্র। অন্যদিকে গুজরাটে মোদি নিজে ছুটে গিয়েছেন। খতিয়ে দেখেছেন বন্যা পরিস্থিতি। আর এই দুরকম ব্যবহার নিয়েই দ্বিচারিতার অভিযোগ উঠছে মোদির বিরুদ্ধে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৬(৫০৮)