বগুড়ায় মা-মেয়েকে নির্যাতন: সরকারের পদত্যাগ দাবি বিএনপির
শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আজ ২ আগস্ট বুধবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- অজ্ঞান পার্টির খপ্পরে এনএসআই কর্মকর্তার মৃত্যু-ইত্তেফাক
- ফরহাদ মজহার অপহরণ মামলার ১০ সেপ্টেম্বর নতুন দিন ধার্য -প্রথম আলো
- ৫৭ ধারার অপপ্রয়োগ বন্ধ করা জরুরি : ওবায়দুল কাদের- যুগান্তর
- নির্বাচনে সেনাবাহিনী ব্যবহারের এই মুহূর্তের দাবি অযৌক্তিক'-মানবজমিন
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন আইন প্রণয়নের নির্দেশ-কালের কণ্ঠ
- নৌ পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সাময়িক বরখাস্ত-নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- এবার গরুর জন্য পৃথক মন্ত্রকের পরিকল্পনা কেন্দ্রের!-সংবাদ প্রতিদিন
- গোমূত্র ব্যবহারের পক্ষে সওয়াল মীনাক্ষী লেখির-আজকাল
- নীতীশের মন্ত্রিসভার ২৯ মন্ত্রীর ২২ জনের বিরুদ্ধেই ফৌজদারি মামলা!-আনন্দবাজার
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ
খুলনায় ৫৭ ধারার মামলায় সাংবাদিকের জামিন- প্রথম আলো
বাংলাদেশের খুলনায় ৫৭ ধারার মামলায় গ্রেফতার সাংবাদিক আবদুল লতিফকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে আদালত আজ খুলনার সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালত-২ এর বিচারক নুসরাত জাবিন আদালত লতিফকে এ জামিন দেন।
আর যুগান্তরের খবরে লেখা হয়েছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারার অপপ্রয়োগ হচ্ছে বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ৫৭ ধারা বন্ধের চেয়ে এর অপপ্রয়োগ বন্ধ করা জরুরি। তথ্য ও প্রযুক্তি আইনের অপপ্রয়োগ ঠেকানোর জন্য তথ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করার কথা বলেন সেতুমন্ত্রী।
বগুড়ায় মা-মেয়েকে নির্যাতন: সরকারের পদত্যাগ দাবি বিএনপির -যুগান্তর
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি নেতারা সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছেন 'তুফান সরকার দিয়ে শেষ রক্ষা হবে না। একই সঙ্গে দলটি সরকারের পদত্যাগ দাবি করেছে। আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে বিএনপি নেতারা এই দাবি করেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সরকারকে উদ্দেশ করে তার ভাষায় বলেন, এই তুফানরাই আপনাদের কবর রচনা করবে, সেদিন আর বেশি দেরি নয়। তাই, সংবিধান সংবিধান না করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করুন।
ফরহাদ মজহার অপহরণ মামলার প্রতিবেদন জমা পড়েনি’ ১০ সেপ্টেম্বর নতুন দিন ধার্য -প্রথম আলো
বাংলাদেশের বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহারকে অপহরণের অভিযোগে করা মামলার প্রতিবেদন আজ আদালতে জমা পড়েনি।
আগামী ১০ সেপ্টেম্বর প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ধার্য করেছেন ঢাকার মহানগর হাকিম মাজহারুল ইসলাম।
আদালত সূত্র বলছে, আজ (বুধবার) এই মামলার প্রতিবেদন জমা দেয়ার দিন ধার্য ছিল। আদালতে প্রতিবেদন না আসায় নতুন করে দিন ধার্য করা হয়েছে। বর্তমানে মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
অজ্ঞান পার্টির খপ্পরে এনএসআই কর্মকর্তার মৃত্যু-ইত্তেফাক
রাজধানীর গুলিস্তানে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে শামসুউদ্দিন নামে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। নিহত শামসুউদ্দিন এনএসআইয়ের জুনিয়র ফিল্ড অফিসার ছিলেন বলে জানা গেছে।
দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, জামালপুর সদরের মেষ্টায় স্কুল ছাত্রী দুই বোনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত গভীর রাতে ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।নিহতরা হলো- নবম শ্রেণির ছাত্রী লোভনা ও তার ছোটবোন ভাবনা। সে ৪র্থ শ্রেনির ছাত্রী।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন আইন প্রণয়নের নির্দেশ-কালের কণ্ঠ
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তত্ত্বাবধান, নিয়ন্ত্রণ এবং পরিচালনার জন্য সুনির্দিষ্টভাবে এক বছরের মধ্যে আইন (কোড) প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানির পর আজ বুধবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। একই সঙ্গে এক বছরের মধ্যে এই আইন (কোড) প্রণয়ন বিষয়ে একটি প্রতিবেদন দিতেও সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
চুয়াডাঙ্গায় সীমান্ত থেকে প্রায় ২১ কোটি টাকার সাপের বিষ উদ্ধার-মানবজমিন
চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার সুলতানপুর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৬ কেজি ওজনের কোবরা সাপের বিষ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর বাজার মূল্য প্রায় ২১ কোটি টাকা। বুধবার অভিযান চালিয়ে তা উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা স্বীকার করে ৬ বিজিবির উপ অধিনায়ক লুৎফুল কবির বলেন, বিজিবির একটি বিশেষ দল সীমান্তে টহল দল দিচ্ছিল। পরে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত ২ জন লোক হাতে ব্যাগ নিয়ে পাশের একটি বাঁশ বাগানের দিকে দৌড় দেয়। বিজিবি টহল দলও তাদের ধরার জন্য ধাওয়া করে। এক পর্যায়ে তারা হাতের ব্যাগগুলো ফেলে পালিয়ে যায়। ব্যাগ দুইটি তল্লাশি করে ৫ কেজি ৯৩০ গ্রাম ওজনের ৪ টি বড় বোতল কোবরা সাপের বিষ উদ্ধার করা হয়।
শ্রোতা/পাঠক! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
গোমূত্র ব্যবহারের পক্ষে সওয়াল মীনাক্ষী লেখির-আজকাল
এবার গোমূত্রের পক্ষে সওয়াল করলেন বিজেপি সাংসদ। যা নিয়ে রীতিমত চর্চা শুরু হয়ে গেছে। বিজেপি সাংসদ মীনাক্ষী লেখি লোকসভার প্রশ্নোত্তর পর্বে বলেন, ‘গোমূত্র খুবই উপকারী। ‘প্রাক্তন এক অতিরিক্ত সলিসিটর জেনারেল ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁকে গোরুর মূত্র পান করার উপদেশ দেয়া হয়। তা খেয়ে তিনি সুস্থ হয়ে ওঠেন । আর তা ব্যবহার করে প্রাক্তন এক সরকারি আইন দপ্তরের কর্মকর্তার জটিল রোগ ভালো হয়ে গেছে।’ তিনি আরও বলেন, প্রাচীনকালে বিজ্ঞানসম্মতভাবে গোরু ও গবাদি পশুদের ব্যবহার করা হত।
নীতীশের মন্ত্রিসভার ২৯ মন্ত্রীর ২২ জনের বিরুদ্ধেই ফৌজদারি মামলা!-আনন্দবাজার
এ যেন কেঁচো খুঁড়তে কেউটে। দুর্নীতির সঙ্গে থাকবেন না বলে সদ্যই লালুপ্রসাদের সঙ্গ ছেড়েছেন নীতীশ কুমার। কিন্তু পারতপক্ষে দেখা গেল বাঘের ঘরেই ঘোগের বাসা। নীতীশের নতুন মন্ত্রিসভার সিংহভাগের বিরুদ্ধেই ঝুলছে ফৌজদারি মামলার খাঁড়া!
অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস(এডিআর)-এর সাম্প্রতিক একটি রিপোর্টে প্রকাশ্যে এসেছে এমনই বিস্ফোরক তথ্য! বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ষষ্ঠ বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন নীতীশ।
এবার গরুর জন্য পৃথক মন্ত্রকের পরিকল্পনা কেন্দ্রের!-সংবাদ প্রতিদিন
মৃত্যুপথযাত্রী হাসপাতালে যাওয়ার জন্য গাড়ি পান না, অথচ গরুর জন্য অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা হয়। উত্তর প্রদেশেই এটা সম্ভব। এবার সেই রাজ্যে দাঁড়িয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ জানিয়ে দিলেন গরুর জন্য আলাদা মন্ত্রকেরও পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। এই নিয়ে বেশ কিছু প্রস্তাবও জমা পড়েছে। অমিতের পাশে বসা যোগী আদিত্যনাথের চোখে-মুখে তৃপ্তির ছাপ। তিন বছর আগে থেকে যোগী গরুর জন্য আলাদা মন্ত্রকের দাবিতে তদ্বির করে যাচ্ছেন। মুথ্যমন্ত্রী হওয়ার পর তৎপরতা বেড়েছে অনেক গুন।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২