আগস্ট ০৪, ২০১৭ ১১:৫৬ Asia/Dhaka

শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আজ ৪ আগস্ট শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম: 

  • দক্ষিণ কেরানীগঞ্জে অপহরণের একদিন পর লাশ উদ্ধার-ইত্তেফাক
  • বগুড়ার ছাত্রীকে ধর্ষণের আলামত মিলেছে-প্রথম আলো
  • সংশোধনী বাতিলের সঙ্গে সরকারের পদত্যাগের সম্পর্ক নেই: ইনু-প্রথম আলো
  • ষোড়শ সংশোধনী যতবার বাতিল হবে সংসদে ততবারই পাস করা হবে-অর্থমন্ত্রী- যুগান্তর
  • যৌন নির্যাতনের অভিযোগে ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার, ২ নেতা বহিস্কার-মানবজমিন
  • বিএনপি ক্ষমতায় যাওয়ার চোরাগলি খুঁজছেন : ওবায়দুল কাদের-কালের কণ্ঠ
  • ষোড়শ সংশোধনী নিয়ে রায়ে প্রমাণ হয়েছে সরকারের ক্ষমতায় থাকা বেআইনি: রিজভী -নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • স্বাধীনতার পর প্রথম, কংগ্রেসকে এই জায়গায় টপকে গেল বিজেপি-সংবাদ প্রতিদিন
  • জেলে বসে সরকার চালাচ্ছেন শশিকলা!-আজকাল
  • নীতীশ-মোদীর বিহারে শুরু ‘গোরক্ষা’, মাংসের ট্রাক আটক-আনন্দবাজার

শ্রোতা/পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ

বগুড়ার ছাত্রীকে ধর্ষণের আলামত মিলেছে-প্রথম আলোর শিরোনাম

বগুড়ায় নির্যাতনের শিকার ছাত্রীকে শ্লীলতাহানির আলামত মিলেছে ডাক্তারি পরীক্ষায়। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগ থেকে এই ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন এরইমধ্যে মামলার তদন্তকারি কর্মকর্তা আবুল কালাম আজাদ হাতে পেয়েছেন। তিনি বলেন, ‘চিকিৎসকদের দেয়া প্রতিবেদনে মেয়েটিকে শ্লীলতাহানির আলামত মিলেছে। মেয়েটি প্রাপ্তবয়স্ক নয় বলেও উল্লেখ করা হয়েছে।’

সরকার ধর্ষকদের প্রশ্রয় দেয়-মাহমুদুর রহমান মান্না

এদিকে দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, বর্তমান সরকার ধর্ষকদের প্রশ্রয় দেয় বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। দেশব্যাপী ‘অরাজকতা’র প্রতিবাদে আজ শুক্রবার প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

এদিকে দেশে ধর্ষণ বেড়ে যাওয়ায় জাতীয় মানবাধিকার কমিশন উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে।

রাজনৈতিক খবরে দৈনিক কালের কণ্ঠের শিরোনাম এরকম যে, বিএনপি ক্ষমতায় যাওয়ার চোরাগলি খুঁজছেন : ওবায়দুল কাদের

বিস্তারিত খবরে বলা হয়েছে, সরকারের পদত্যাগ দাবি করায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তীব্র সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ ছাড়াও তিনি বলেন, দিন দিন বিএনপির শক্তি কমে যাচ্ছে। আজ তিনি ঢাকায় এক অনুষ্ঠানে বলেন, ‘বিএনপির শক্তি দিন দিন কমে যাচ্ছে। চেয়ারপারসন,  ভাইস চেয়ারম্যান টেমস নদীর পাড়ে বসে ক্ষমতায় যাওয়ার চোরাগলি খুঁজছেন। ’

নয়া দিগন্তের খবরে লেখা হয়েছে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে সুপ্রীম কোর্টের রায় প্রকাশের পর স্বৈরাচারীর মসনদ এখন উল্টে পড়ার অপেক্ষায়। তিনি বলেন এই রায়ে প্রমাণ হয়েছে বর্তমান ভোটারবিহীন সরকারের রাষ্ট্রক্ষমতায় থাকাটা জবরদস্তিমূলক ও বেআইনি। যদিও দেশে এখন আওয়ামী আইন চলছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাড়ে ৮ বছরে ৯০৭ শিক্ষক নিয়োগ-অনুগতদের নিয়োগ দিতেই অনিয়ম-প্রথম আলো

দলীয় রাজনীতির কারণে এবং উপাচার্যের পছন্দের ব্যক্তিকে শিক্ষক নিয়োগ দিতে শিক্ষাগত যোগ্যতা শিথিল করার পাশাপাশি নিয়োগ বিজ্ঞপ্তির অতিরিক্ত শিক্ষক নিয়োগ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এমনকি বিজ্ঞপ্তি ছাড়া এবং স্নাতকোত্তর ডিগ্রি না থাকা প্রার্থীরাও নিয়োগ পেয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের গত তিন বছরের মধ্যে এবং নতুন বিভাগগুলোয় শিক্ষক নিয়োগে অনিয়ম হয়েছে সবচেয়ে বেশি। বিশ্ববিদ্যালয়ের সরকারপন্থী নীল দলের শিক্ষকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে বর্তমান উপাচার্যের নেতৃত্বে প্রশাসনিক ক্ষমতায় থাকা অংশটি নিজেদের পছন্দ ও অনুগত শিক্ষকদের সংখ্যা বাড়াতে অনেক অনিয়ম করেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন শিক্ষকের সংখ্যা ১ হাজার ৯৯২। উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সাড়ে ৮ বছরের মেয়াদে মোট ৯০৭ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে শেষ তিন বছরে নিয়োগ পেয়েছেন ৩৫০ জন। শিক্ষাগত যোগ্যতা শিথিল করে এবং যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে নিয়োগ দেওয়া হয়েছে অন্তত ৭৮ জন এবং এবং ন্যূনতম যোগ্যতা পূরণ না করেই দুই বিভাগে নিয়োগ পেয়েছেন ১০ জন। আর নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সংখ্যার চেয়ে দুই বা ততোধিক অতিরিক্ত সংখ্যক শিক্ষক নিয়োগ দেওয়ার ঘটনা ঘটেছে ৪১ জনের ক্ষেত্রে। স্নাতকোত্তর ছাড়াই নিয়োগ পেয়েছেন অন্তত তিনজন।

ইত্তেফাকের দুটি খবর তুলে ধরছি। একটির শিরোনাম-দক্ষিণ কেরানীগঞ্জে অপহরণের একদিন পর লাশ উদ্ধার

খবরটিতে লেখা হয়েছে, দক্ষিণ কেরানীগঞ্জে বসুন্ধরা গ্রুপের লোহার ট্যাঙ্কার তৈরির কারখানার কর্মকর্তা সিদ্দিক আহম্মেদ অপহরণের একদিন পর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ১০টার দিকে কোনদা ইউনিয়নের আইনতা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

খুলনায় ছেলের কুড়ালের আঘাতে বাবা খুন-ইত্তেফাক

খুলনায় পাইকগাছায় ছেলের ধারালো কুড়ালের আঘাতে পিতা নির্মল বৈরাগী (৬৫) খুন হয়েছেন। শুক্রবার ভোর রাতে পাইকগাছা উপজেলার রাড়ুলি ইউনিয়নের ভবানিপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ছেলে প্রহ্লাদকে (৩৫) আটক করেছে।

যৌন নির্যাতনের অভিযোগে ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার, ২ নেতা বহিস্কার-মানবজমিন

এক কলেজ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে সিরাজগঞ্জের কাজিপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, ঘটনাটি জানার পর রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে গ্রেপ্তার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল রানা ও নাটুয়ারপাড়া ই্উনিয়ন ছাত্রলীগের সভাপতি আশরাফুল আলম ডনকে দল থেকে বহিস্কার করা হয়েছে বলে জানানো হয়েছে।

শ্রোতা/পাঠক! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

স্বাধীনতার পর প্রথম, কংগ্রেসকে এই জায়গায় টপকে গেল বিজেপি-সংবাদ প্রতিদিন

কংগ্রেস মুক্ত ভারত করার ডাক দিয়েছিলেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী হওয়ার তিন বছরের পর মধ্যে তাঁর দল সেদিকে অনেকটা এগোল। রাজ্যসভায় এখন বিজেপিই বৃহত্তম দল। স্বাধীনতার পর এই প্রথম। কংগ্রেসকে টপকে সংসদের উচ্চকক্ষে বিজেপির এখন সাংসদ সংখ্যা ৫৮। কংগ্রেসও এই প্রথমবার রাজ্যসভায় একাধিপত্য খোয়াল। উচ্চকক্ষে বৃহত্তম দল হলেও, বিজেপি অবশ্য এখনই সেখানে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। তবে এই মুহূর্তে তাদের যা সংখ্যা, সেই জোরে বিজেপি রাজ্যসভায় বিল পাশ করানোর ব্যাপারে সুবিধাজনক জায়গায় পৌঁছে গেল।

জেলে বসে সরকার চালাচ্ছেন শশিকলা!-আজকাল

শশিকলাকে তোয়াজ করতে গিয়ে বিপাকে ই পালানিস্বামী। হাজতবাসী এআইএডিএমকে নেত্রীর সঙ্গে প্রশাসনিক খুঁটিনাটি আলোচনা করায় তাঁকে নোটিস ধরাল মাদ্রাজ হাইকোর্ট। নোটিস পৌঁছেছে রাজ্যের আরও ৪ মন্ত্রীর কাছে। তাঁদের বিরুদ্ধে অসংবিধান কাজ করার অভিযোগ আনা হয়েছে। নোটিসে বলা হয়েছে, ‘দায়িত্ব হাতে নেওয়ার সময় প্রশাসনিক খুঁটিনাটি গোপন রাখার শপথ নিয়েছিলেন মন্ত্রীরা। কিন্তু আদৌ তা পালন করা হচ্ছে না। আইন অমান্য করে শশিকলার সঙ্গে দেখা করছেন রাজ্যের মন্ত্রীরা। বিভিন্ন বিষয়ে পরামর্শ চাইছেন। আশ্চর্যের বিষয় যে মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী কারও কাছে কৈফেয়ত চাইছেন না।

নীতীশ-মোদীর বিহারে শুরু ‘গোরক্ষা, মাংসের ট্রাক আটক-আনন্দবাজার

আইন ১৯৫৫ সালের। তা-ও কোনও সার্বিক নিষেধাজ্ঞা নয়। সেই আইন নিয়েই বৃহস্পতিবার বিতর্ক ছড়াল বিহার জুড়ে। বিতর্ক ছড়াল বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী পদে নীতীশ কুমার শপথ নেওয়ার ঠিক এক সপ্তাহের মাথায়।

সেই আইন দেখিয়ে বিহারে ‘বেআইনি গো-জবাই’ এবং গো-মাংস পাচার হচ্ছে বলে একটি ট্রাককে আটক করেছে পুলিশ। বিহার পুলিশের এডিজি (সদর) এস কে সিঙ্ঘল জানিয়েছেন, ওই ঘটনায় ট্রাকের চালক-সহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। মোট ছ’জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। যদিও পুলিশ যা-ই বলুক না কেন, এই ঘটনায় বিহারের আকাশে গেরুয়া-মেঘের অশনি সঙ্কেত দেখছেন বিহারের বিরোধী নেতারা।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৪