রোহিঙ্গা সমস্যার সমাধানে জাতিসংঘকে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
প্রিয় পাঠক/শ্রোতা! ২২ সেপ্টেম্বর শুক্রবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম:
বাংলাদেশের শিরোনাম:
- গণহত্যার দায় মিয়ানমার সরকারের: প্রথম আলো
- রোহিঙ্গা সমস্যার সমাধানে জাতিসংঘকে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব: নয়াদিগন্ত
- মিয়ানমারকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে: সাক্ষাত্কারে মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট
- ইত্তেফাকের আরেকটি শিরোনাম
- ঢাকায় বৃটেনের ৩ এমপি-রাখাইনে জাতিগত নিধন বন্ধে রাশিয়া ও চীনের ওপর চাপ বাড়ানোর তাগিদ:মানব জমিন
ভারতের শিরোনাম:
- ভারতের জন্যই মজুত পরমাণু অস্ত্র : পাক প্রধানমন্ত্রী, আনন্দবাজারপত্রিকা
- দার্জিলিং সীমান্তে অভিযান,অল্পের জন্য হাতছাড়া গুরুং: বর্তমান পত্রিকা
- কেজরির সঙ্গে কমল হাসনের বৈঠক, তৃতীয় ফ্রন্টের জল্পনা: আজকাল
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ
গণহত্যার দায় মিয়ানমার সরকারের: প্রথম আলো

রোহিঙ্গা জনগোষ্ঠী এবং অন্যান্য সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে গণহত্যার অপরাধে মিয়ানমার সরকারকে দোষী সাব্যস্ত করা হলো আন্তর্জাতিক গণ-আদালতে। পারমানেন্ট পিপলস ট্রাইব্যুনালের সাত সদস্যবিশিষ্ট প্যানেল আজ শুক্রবার এই রায় ঘোষণা করেন।
সহিংসতার শিকার মিয়ানমারের রোহিঙ্গা, কাচিন ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ২০০ জনের সাক্ষ্য এবং তথ্যপ্রমাণের ভিত্তিতে এই রায় দেওয়া হয়।
কুয়ালালামপুরের মালয় বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে আর্জেন্টাইন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব জেনোসাইড স্কলারসের সাবেক প্রেসিডেন্ট বিচারক দানিয়েল ফিয়েরেস্তেইন রায় পড়ে শোনান।
আর্জেন্টাইন বিচারক দানিয়েল বলেন, মিয়ানমার সরকার গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে করা অপরাধে দোষী সাব্যস্ত হয়েছে। তিনি বলেন, মিয়ানমারে থাকা কাচিন এবং মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে গণহত্যা চালানোর অপরাধে সে দেশের সরকারকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন ট্রাইব্যুনাল।
রায়ের পাশাপাশি পারমানেন্ট পিপলস ট্রাইব্যুনাল ১৭টি সুপারিশ করেছে।
মিয়ানমারকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে: সাক্ষাত্কারে মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট
ইত্তেফাক এই খবরে লিখেছে, মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট বলেছেন মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার অবসান ঘটিয়ে শান্তি, স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। সেই সাথে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা ফেরত নিতে হবে। যুক্তরাষ্ট্র সরকার এ ধরনের বার্তা ইতোমধ্যে মিয়ানমারকে দিয়েছে। মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বৃহস্পতিবার বিকালে দৈনিক ইত্তেফাকসহ কয়েকটি গণমাধ্যমের প্রতিনিধির সঙ্গে সাক্ষাত্কারে একথা বলে।
ঢাকায় বৃটেনের ৩ এমপি-রাখাইনে জাতিগত নিধন বন্ধে রাশিয়া ও চীনের ওপর চাপ বাড়ানোর তাগিদ: মানব জমিন
ঢাকা সফররত বৃটেনের ৩ এমপি রাখাইনে জাতিগত নিধন বন্ধে রাশিয়া ও চীনের ওপর চাপ বাড়ানোর তাগিদ দিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সফররত বৃটেনের কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের প্রতিনিধি দল রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে। সম্মেলনে বৃটিশ কনজারভেটিভ দলের এমপি পলস ক্যালি বলেন, বর্তমান মিয়ানমারের রাখাইনের পরিস্থিতি নিয়ে মনে হচ্ছে রাশিয়া ও চীন হয়ত অবগত নয়। রোহিঙ্গা ইস্যুতে চীন ও রাশিয়ার ভুমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে বৃটেনের এমপি বলেন, চীন ও রাশিয়ার মিয়ানমারের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক। যখন পুরো পশ্চিমা বিশ্ব মিয়ানমারে অপরোধ দিয়ে রেখেছিলো তখনও মিয়ানমারের সঙ্গে তাদের সম্পর্ক ছিলো। আপনারা যদি বৃটেনে যান দেখতে পাবেন প্রচুর মানুষ মিয়ানমার এবং রোহিঙ্গা ও অং সাং সুচি সম্পর্কে গত কয়েক বছরের ঘটনা সম্পর্কে অবগত। তবে এক্ষেত্রে মনে হচ্ছে চীন ও রাশিয়া মিয়ানমারের পরিস্থিতির বিষয়ে অবগত নয়।
রোহিঙ্গা সমস্যার সমাধানে জাতিসংঘকে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব: নয়াদিগন্ত
জাতিসংঘে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তাঁর ভাষণে মিয়ানমারের রাখাইনে জাতি ও ধর্ম নির্বিশেষে সকল নাগরিকের সুরক্ষা নিশ্চিত করা এবং রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহনের জন্য জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি অবিলম্বে মিয়ানমারে সহিংসতা ও জাতিগত নিধন নিঃশর্তভাবে বন্ধ করে শান্তি এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষে সুনির্দিষ্ট পাঁচটি প্রস্তাবও পেশ করেন।
এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবরঃ
ভারতের জন্যই মজুত পরমাণু অস্ত্র : পাক প্রধানমন্ত্রী,আনন্দবাজারপত্রিকা লিখেছে,
তাদের একমাত্র চিন্তার কারণ ভারত। তাই স্বল্প পাল্লার পরমাণু অস্ত্র ভাণ্ডারে মজুত রেখেছে পাকিস্তান। আমেরিকার ‘কাউন্সিল অন ফরেন রিলেশনস’-এ বক্তৃতা দিতে এসে এ কথা জানালেন পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী শাহিদ খকন আব্বাসি। সেই সঙ্গেই তাঁর দাবি,তাঁদের পরমাণু ‘কম্যান্ড অ্যান্ড কন্ট্রোল’ ব্যবস্থা এতটাই সুরক্ষিত যে সন্ত্রাসবাদীরা কোনও দিনই সেই অস্ত্র ভাণ্ডারের নাগাল পাবে না।
খকনের আরও দাবি, গত ১৫ বছর ধরে টানা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছে পাকিস্তান। তাঁরা যে দায়িত্বশীল ‘বিশ্ব নাগরিক’, এই লড়াই সেটাই প্রমাণ বলে মনে করেন তিনি।
দার্জিলিং সীমান্তে অভিযান,অল্পের জন্য হাতছাড়া গুরুং: বর্তমান পত্রিকা
অল্পের জন্য গোয়েন্দাদের হাত থেকে বেরিয়ে গেলেন গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং। রাজ্য পুলিশ পৌঁছানোর মাত্র কয়েক মিনিট আগে দার্জিলিং-সিকিম সীমান্ত থেকে কোনওক্রমে পালিয়ে বাঁচলেন তিনি। তাঁর ডেরায় যে পুলিশকর্তারা পৌঁছে যেতে পারেন,তা স্বপ্নেও ভাবেননি মোর্চার এই শীর্ষ নেতা। অন্যদিকে বারবার অভিযান চালিয়ে তাঁকে তাড়া করে বেড়াচ্ছেন রাজ্য পুলিশের অফিসাররা। যেভাবে পুলিশ বারবার তাঁর কাছাকাছি পৌঁছে যাচ্ছে,তাতে বিমল গুরুংয়ের পক্ষে কতদিন পালিয়ে থাকা সম্ভব,তা নিয়ে প্রশ্ন উঠছে মোর্চার অন্দরেই।
কেজরির সঙ্গে কমল হাসনের বৈঠক,তৃতীয় ফ্রন্টের জল্পনা: আজকাল
মেয়ে অক্ষরাকে কমল হাসন আজ পাঠিয়েছিলেন চেন্নাই বিমানবন্দরে,এক বিশিষ্ট অতিথিকে বাড়িতে নিয়ে আসতে। সেই অতিথি হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। নতুন রাজনৈতিক সমীকরণের জল্পনা উসকে দিয়ে একসঙ্গে মধ্যাহ্নভোজও সারলেন আপ সুপ্রিমো ও দক্ষিণি সুপারস্টার। কথাবার্তা কী নিয়ে হয়েছে সেই বিষয়ে কোনও পক্ষই মুখ খুলতে না চাইলেও,একথা পরিষ্কার যে ওই মধ্যাহ্নভোজের প্রধান পদই ছিল রাজনীতি। পরে একসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমল হাসন বললেন,‘খুব ভাল কথাবার্তা হয়েছে এবং আমি এর পরেও ওঁর পরামর্শ চাইব।’ আর কেজরিওয়াল বললেন, ‘আজকের বৈঠকে দুর্নীতি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আন্দোলনের নতুন ভিত তৈরি হল। আমি কমলের ফ্যান। ও এগিয়ে আসতে রাজি আছে। ওর সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে খুব ভাল লাগবে।’ তাহলে সব মিলিয়ে কী দাঁড়াল? এনডিএ বা ইউপিএ কোনও জোটেই শামিল না হয়ে এক তৃতীয় জোট গড়ার চেষ্টা চালাচ্ছেন কেজরিওয়াল। কিন্তু কীভাবে তাঁরা একসঙ্গে হবেন? কমল আপে যোগ দেবেন? নাকি নতুন দল তৈরি করবেন? রজনীকান্ত কি তাঁর সঙ্গে আসবেন? এই প্রশ্নগুলোর উত্তর আজ পাওয়া যায়নি।
পার্সটুডে/নাসির মাহমুদ/২২