মুক্তিপণের টাকাসহ ৭ ডিবি সদস্যকে আটক করলো সেনাবাহিনী
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৫ অক্টোবর বুধবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের অনলাইন শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- মুক্তিপণের টাকাসহ ৭ ডিবি সদস্যকে আটক করলো সেনাবাহিনী-দৈনিক ইত্তেফাক
- চালসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে বিএনপির গভীর উদ্বেগ-দৈনিক ইত্তেফাক
- অসুস্থতার ছুতোয় আবার তাঁরা হাসপাতালে-দৈনিক প্রথম আলো
- জেএসসি ও জেডিসিতে ছাত্রী পৌনে ২ লাখ বেশি-দৈনিক প্রথম আলো/মানবজমিন
- জলাধার জবরদখল করে গড়ছে ‘ডুপ্লেক্স সিটি’-দৈনিক যুগান্তর
- বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ফিরিয়ে নিতে কাজ শুরু হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রীকে সুচি-দৈনিক মানবজমিন
- তাৎপর্যপূর্ণ সফরে ঢাকা আসছেন চীনের বিশেষ দূত-দৈনিক মানবজমিন
- ইসির ৩ মাসের সংলাপ শেষ ; ইভিএমে না বেশিসংসদ ভেঙে দিয়ে সেনা মোতায়েনের পক্ষে প্রবল মত-দৈনিক নয়া দিগন্ত
- নির্বাচনের আগে সংবিধান সংশোধনের সুযোগ নেই -কাদের-দৈনিক ইনকিলাব
- সরকার মরিয়া, আমাদের সাজা দিতে চায় – ফখরুল-দৈনিক ইনকিলাব
ভারতের শিরোনাম:
- জেল হেফাজতে মৃত মোর্চা কাউন্সিলর, ‘খুন’ করা হল, বলছে বিজেপি-দৈনিক আনন্দবাজার
- একশো জন কৃষকের ১টি আধার নম্বর!-দৈনিক আজকাল
- মানুষের ওপর দিয়ে দৌড়ে যাচ্ছে গোরুর পাল-দৈনিক আজকাল
- দুই দফায় গুজরাটে বিধানসভা নির্বাচন, ঘোষণা কমিশনের-দৈনিক সংবাদ প্রতিদিন
- নোট বাতিলের বর্ষপূর্তি, ৯ নভেম্বর কালা দিবস পালনের ডাক মমতার-সংবাদ প্রতিদিন
- ডেঙ্গুতে কাপছে উত্তর ২৪ পরগণা -এইসময় অনলাইন
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ফিরিয়ে নিতে কাজ শুরু হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রীকে সুচি-দৈনিক মানবজমিনের অনলাইন সংস্করণের শিরোনাম
বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন দেশটির ডি ফ্যাক্টো প্রধান অং সান সুচি। মিয়ানমার সফররত বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে আজ এক বৈঠকে এ কথা জানান তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সুচির সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী কামালের বৈঠক চলে ১ ঘণ্টাব্যাপী। এতে বাংলাদেশের ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
রাখাইন থেকে দলে দলে বাংলাদেশে আসা ছয় লক্ষাধিক রোহিঙ্গা মুসলিমকে তাদের জাতিগত পরিচয়ে নির্দেশ না করে অনুপ্রবেশকারী বলেই বৈঠকে সম্বোধন করেন সুচি।
বৈঠকে সুচি আরো বলেন, জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বাধীন কমিশনের সুপারিশ বাস্তবায়নেও তার সরকার কাজ শুরু করেছে। দু’দেশের জন্য সুবিধাজনক কোন এক সময়ে বাংলাদেশ সফর করবেন বলেও তিনি উল্লেখ করেন। দৈনিক যুগান্তরের খবরে লেখা হয়েছে, বুধবার সু চিকে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ বার্তা পৌঁছে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল।
ইসির ৩ মাসের সংলাপ শেষ ; ইভিএমে না বেশিসংসদ ভেঙে দিয়ে সেনা মোতায়েনের পক্ষে প্রবল মত-দৈনিক নয়া দিগন্ত
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ৩১ জুলাই সুশীলসমাজের প্রতিনিধিদের নিয়ে শুরু হয় নির্বাচন কমিশনের (ইসি) সাথে ভোট সংশ্লিষ্টদের সংলাপ। গতকাল মঙ্গলবার সাবেক নির্বাচন কমিশনারদের সাথে সংলাপের মাধ্যমে তা শেষ হয়েছে। তিন মাসব্যাপী সংলাপে বিভিন্ন পরামর্শ দেয়া হয়েছে নির্বাচন কমিশনকে।
এর মধ্যে সর্বাধিক গুরুত্ব পেয়েছে নির্বাচনকালীন সরকারের বিষয়টি। সুশীল সমাজসহ অধিকাংশ রাজনৈতিক দল চেয়েছে সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের মাধ্যমে সংসদ নির্বাচন। সংলাপে অংশ নেয়া বিএনপিসহ ১৮টি রাজনৈতিক দল এর পক্ষে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। বিপক্ষে ছিল ক্ষমতাসীন দল আওয়ামী লীগসহ ৯টি রাজনৈতিক দল। এ ছাড়াও ভোটে সেনা মোতায়েনের পক্ষে-বিপক্ষে অবস্থান নেয় রাজনৈতিক দলগুলো। অংশ নেয়া ২৪টি রাজনৈতিক দল ভোটে সেনা মোতায়েনের পক্ষে নির্বাচন কমিশনকে নিজেদের অবস্থান জানায়। বিপক্ষে বলে আওয়ামী লীগসহ ছয়টি রাজনৈতিক দল। অন্য দিকে সুশীলসমাজ সেনা মোতায়েনের ওপর জোর দিয়ে বলেছেÑ রাস্তাঘাট তৈরি-মেরামত, স্থাপনা তৈরিতে যদি সেনাবাহিনী কাজ করতে পারে তাহলে ভোটে সেনা মোতায়েন কেন করা যাবে না।
এ দিকে ইভিএম প্রসঙ্গে আওয়ামী লীগ ও বিএনপিসহ দলগুলো পরস্পর বিপরীতমুখী প্রস্তাব দিয়েছে। ভোটে ইভিএম ব্যবহারে আপত্তি জানিয়েছে ১২টি রাজনৈতিক দল। তবে ব্যবহারের পক্ষে বলেছে আটটি দল।
মুক্তিপণের টাকাসহ ৭ ডিবি সদস্যকে আটক করলো সেনাবাহিনী-দৈনিক ইত্তেফাক পত্রিকার অনলাইন সংস্করণের খবর
কক্সবাজারের টেকনাফে মুক্তিপণের টাকাসহ পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ছয় সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। নগদ ১৭ লাখ টাকাসহ বুধবার ভোরে তাদেরকে আটক করা হয়। পুলিশ সূত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, আবদুল গফুর নামে এক ব্যবসায়ীকে মঙ্গলবার সকালে অপহরণ করে ডিবির ওই দলটি। এরপর মুক্তিপণ হিসেবে ১৭ লাখ টাকা আদায় করে তাঁকে ছেড়ে দেয়া হয়। পরে তিনি বিষয়টি সেনাবাহিনীকে জানালে টেকনাফের মেরিন ড্রাইভ এলাকার লম্বরী সেনাবাহিনীর তল্লাশিচৌকিতে ছয়জনকে আটক করা হয়। আটক করা ডিবি সদস্যদের জেলা পুলিশের হেফাজতে দেয়া হয়েছে।
নির্বাচনের আগে সংবিধান সংশোধনের সুযোগ নেই –কাদের-দৈনিক ইনকিলাব
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনের আগে সংবিধানে হাত দেয়া কোনো সুযোগ নেই।আজ রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
একই দৈনিকের অন্য একটি শিরোনাম-সরকার মরিয়া, আমাদের সাজা দিতে চায় – ফখরুল
সরকারের সময় শেষ তাই ক্ষমতায় টিকে থাকতে সর্বশক্তি প্রয়োগ করছে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে। বুধবার দুপুরে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে প্রতিবাদ সভায় তিনি একথা বলেন।
তাৎপর্যপূর্ণ সফরে ঢাকা আসছেন চীনের বিশেষ দূত-দৈনিক মানবজমিন
তাৎপর্যপূর্ণ এক সফরে এবার ঢাকা আসছেন চীনের বিশেষ দূত সান গোসিয়াং। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সফরের রেশ কাটতে না কাটতেই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ দূতের ঢাকা সফরের ঘোষণা এসেছে। ভূ-রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক এবং কূটনীতি নিয়ে কাজ করা বোদ্ধাজনরা ২৪ ঘণ্টার ব্যবধানে ভারত ও চীনের গুরুত্বপূর্ণ দু’টি সফরের তাৎপর্য খোঁজার চেষ্টা করছেন। অবশ্য এ নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কেউ প্রতিক্রিয়া দেখাচ্ছেন না। তবে এটি যেমন তাদের পর্যবেক্ষণে রয়েছে একই সঙ্গে সফরদ্বয় দিল্লি ও বেইজিংয়ের পর্যবেক্ষণে থাকার বিষয়টিও আলোচনা হচ্ছে। সেগুনবাগিচার কর্মকর্তারা অবশ্য বলছেন, সুষমা স্বরাজের সফরটি ছিল পুরোপুরি রাজনৈতিক সফর। আর চীনের বিশেষ দূতের সফরটি হবে পুরোপুরি ইস্যুভিত্তিক। তিনি রোহিঙ্গা ইস্যুতে বেইজিংয়ের বিশেষ বার্তা নিয়ে আসছেন।
চালসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে বিএনপির গভীর উদ্বেগ-দৈনিক ইত্তেফাক
বিএনপির জাতীয় স্থায়ী কমিটি চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সরকারের ভ্রান্ত নীতিকে এই মূল্য বৃদ্ধির জন্য দায়ী করে অবিলম্বে মূল্যহ্রাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
গতকাল মঙ্গলবার বিএনপির এক প্রেস বিজ্ঞতিতে বলা হয়, সোমবার রাতে বিএনপি চেয়ারপার্সনের গুলশানস্থ কার্যালয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় মিয়ানমার সরকার ও সেনাবাহিনীর অবর্ণনীয় নির্যাতন, গণহত্যা, ধর্ষণ ও গৃহে অগ্নিসংযোগের কারণে নিজ ভূমি ছেড়ে প্রায় ১০ লক্ষ রোহিঙ্গার বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় গ্রহণের ফলে সৃষ্ট পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বিতাড়িত রোহিঙ্গা অসহায় শিশু, নারী, পুরুষদের সাময়িক আশ্রয়, খাদ্য ও চিকিত্সা প্রদানের জন্য সরকার এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানানো হয়। যত দ্রুত সম্ভব রোহিঙ্গা শরণার্থীদের তাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদে নাগরিকত্ব প্রদান করে ফিরিয়ে নেওয়ার জন্য মিয়ানমার সরকারকে বাধ্য করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোকে মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টি করতে সকল ব্যবস্থা গ্রহণের জন্য সরকারকে সম্ভাব্য সকল উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
অসুস্থতার ছুতোয় আবার তাঁরা হাসপাতালে-দৈনিক প্রথম আলো
রোগী’ সেজে কারাগার থেকে আবারও হাসপাতালে গেছেন সাংসদ ও খুনের মামলার আসামি আমানুর রহমান খান রানা, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসী তোফায়েল আহমেদ জোসেফ ও ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীন। তাঁদের কারও পিঠে ব্যথা, কারও পায়ের সমস্যা। ইয়াবা ব্যবসায়ী আমিন হুদাকে নিয়ে গণমাধ্যমে বেশ কয়েক দফা খবর প্রকাশিত হওয়ার কারণে কারা প্রশাসন বেশ সতর্ক। এখন তাঁকে কারাগার থেকে হাসপাতালে আনা-নেওয়া করা হচ্ছে।
সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল হাওরে বাঁধ নির্মাণে দুর্নীতির মামলায় গ্রেপ্তার হওয়ার পর এক সপ্তাহ কারাগারে ছিলেন। ‘বুকে ব্যথা’র রোগী হিসেবে দুই মাস ধরে তিনি হাসপাতালে আছেন।
কারা অধিদপ্তর থেকে ১৫ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, খুনের আসামিসহ সারা দেশে বেশ কয়েকজন সাজাপ্রাপ্ত বন্দী চিকিৎসার জন্য কারাগারের বাইরের হাসপাতালে অবস্থান করছেন। ঢাকার বাইরে ৬৫টি কারা হাসপাতালে চিকিৎসক না থাকায় সেখানকার বন্দীদের চিকিৎসার জন্য বাইরের হাসপাতালে যাওয়ার একধরনের যুক্তি রয়েছে।
তবে ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, কারাগারে হাসপাতাল থাকলেও অনেকেই অসুস্থ না হয়েও আরাম-আয়েশে থাকতে হাসপাতালে ভর্তি হন। সে ক্ষেত্রে ঘুরেফিরে আসছে পাঁচ প্রভাবশালীর নাম, যাঁরা বিত্তবান ও প্রভাবশালী।
নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় কারাগারের একাধিক চিকিৎসক জানান, তদবিরের চাপে প্রভাবশালী আসামিদের তাঁরা হাসপাতালে পাঠান। জটিল রোগ না থাকলেও হাসপাতালেই থাকছেন তাঁরা।
জেএসসি ও জেডিসিতে ছাত্রী পৌনে ২ লাখ বেশি-প্রথম আলো/মানবজমিন
আসন্ন ও জেএসসি ও জেডিসি পরীক্ষায় ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ২৬৪ জন বেশি। আগামী ১ নভেম্বর শুরু হবে এ পরীক্ষা। চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। আজ সচিবালয়ে এই পরীক্ষা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান।এবারে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এ দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ জন। এর মধ্যে ছাত্রীর সংখ্যা ১৩ লাখ ২৪ হাজার ৪২। আর ছাত্র ১১ লাখ ৪৪ হাজার ৭৭৮। শিক্ষামন্ত্রী জানান, এই দুই পরীক্ষায় গতবারের চেয়ে মোট পরীক্ষার্থীও বেড়েছে।
নাহিদ বলেন, আমরা ৩০ ডিসেম্বরের মধ্যে ফল দেব।’ ‘নকলমুক্ত পরীক্ষা গ্রহণ ও প্রশ্নপত্র ফাঁস হওয়া প্রতিরোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।’
ছাত্রলীগ নেতার বিরুদ্ধে দলীয় নেত্রী ধর্ষণের অভিযোগ-দৈনিক মানবজমিন
সিরাজগঞ্জের বেলকুচিতে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে তার দলের স্কুল কমিটির এক নেত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নেত্রীর মামা মোজাম্মেল হক সরকার বাদী হয়ে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ এবং সহযোগিতা ও মারপিটের অভিযোগে তার আরো ৫ সহযোগীর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। এদিকে, এ ঘটনায় স্থানীয় থানা পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠায় আদালতের বিচারক শহিদুল ইসলাম মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো ইনভেস্টিকেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন বলে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি অ্যাডভোকেট আনোয়ার পারভেজ লিমন জানিয়েছেন। মঙ্গলবার দুপুরে ওই আদালতে মামলাটি দায়ের করা হয়।
এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর
ডেঙ্গুতে কাপছে উত্তর ২৪ পরগণা -এইসময় অনলাইন
সরকারিভাবে ডেঙ্গুতে মৃত্যুর কথা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার স্বীকার করতে না চাইলেও সরকারের অভ্যন্তরীণ প্রতিবেদনে ডেঙ্গুতে মৃত্যুর কথা স্বীকার করা হয়েছে। সরকারি রিপোর্টে উত্তর ২৪ পরগণার পরিস্থিতি উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এ পর্যন্ত সেখানে ডেঙ্গুতে ১৭ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ৭ হাজার ৯৩৯ জন। ২৩ অক্টোবর এ সম্পর্কিত রিপোর্ট স্বাস্থ্য ভবনে পাঠানো হয়েছে। সেখানে ডেঙ্গুতে অজানা এক জ্বর বলে উল্লেখ করা হয়েছে।
জেল হেফাজতে মৃত মোর্চা কাউন্সিলর, ‘খুন’ করা হল, বলছে বিজেপি-দৈনিক আনন্দবাজার
সাব-ইনস্পেক্টর অমিতাভ মালিকের মৃত্যুর রেশ এখনও কাটেনি। তার মধ্যেই আর এক মৃত্যুকে ঘিরে রহস্য জমাট পাহাড়ে। কালিম্পং পুরসভার মোর্চা কাউন্সিলর বরুণ ভুজেলের মৃত্যু হল জেল হেফাজতে। স্বাভাবিক কারণেই এই মৃত্যুকে ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়ে গিয়েছে রাজ্যের রাজনৈতিক শিবিরে। জেল হেফাজতে মোর্চা কাউন্সিলরের মৃত্যুতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বিজেপি। রাজ্য বিজেপি-র সভাপতি দিলীপ ঘোষ এই মৃত্যুকে ‘খুন’ আখ্যা দিয়েছেন।
গুরুঙ্গপন্থীদের দাবি, গত ১৬ জুন পুলিশ মিথ্যা অভিযোগে গ্রেফতার করেছিল কাউন্সিলর বরুণ ভুজেলকে। পুলিশ হেফাজতে থাকাকালীন তাঁর উপরে প্রবল অত্যাচার হয়েছিল, তার জেরেই বরুণ অসুস্থ হয়ে পড়েন। অভিযোগ গুরুঙ্গপন্থীদের।
দুই দফায় গুজরাটে বিধানসভা নির্বাচন, ঘোষণা কমিশনের-দৈনিক সংবাদ প্রতিদিন
হিমাচল প্রদেশে ভোটের দিন ঘোষণার ১৩ দিন পর অবশেষে গুজরাট বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। দু’দফায় ভোট হবে গুজরাটে, ৯ ও ১৪ ডিসেম্বর। ভোটগণনা হবে ১৮ ডিসেম্বর। বুধবার এক সাংবাদিক বৈঠকে এই কথা জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার এ কে জ্যোতি।
গুজরাট ও হিমাচল প্রদেশের গণনা একইদিনে হবে। গুজরাটে ১৮২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রার্থীরা। এদিকে এক সমীক্ষার ফলাফল বলছে, আসন্ন ভোটে গুজরাটে ১১৫-১২৫টি আসন পেতে পারে বিজেপি। কংগ্রেস পেতে পারে ৫৭-৬৫টি আসন। তবে হার্দিক প্যাটেল কোনও আসন পাবেন না বলেই দেখা যাচ্ছে সমীক্ষার ফলাফলে। গুজরাটে ভোটে টাকার খেলা হচ্ছে বলে আজ কলকাতায় অভিযোগ করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
একশো জন কৃষকের ১টি আধার নম্বর!-দৈনিক আজকাল
কেন্দ্রীয় সরকার বিভিন্ন ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক করছে। তাঁদের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকারি সুযোগ সুবিধা পেতে গেলে আধার কার্ড থাকতে হবে। আর এই আধার কার্ড করতে গিয়েই হল বিপত্তি। কৃষি ঋণ মুকুবের জন্য আধার কার্ড করতে গিয়েছিল বহু কৃষক। আধার কার্ডে নিজেদের নাম নথিভুক্ত করার পর ফিরে যায় তারা। কিছুদিন পর দেখা যায় ১০০ জন কৃষকের ক্ষেত্রে ১টি আধার নম্বর প্রকাশ পেয়েছে। যা নিয়ে চরম বিপত্তির মধ্যে পড়েছে কৃষকরা। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে। এমনকী এই কাজে মহারাষ্ট্র সরকারের গাফিলতি রয়েছে বলে প্রশ্ন উঠেছে।
নোট বাতিলের বর্ষপূর্তি, ৯ নভেম্বর কালা দিবস পালনের ডাক মমতার-সংবাদ প্রতিদিন
নোট বাতিল ইস্যুতে ফের কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে নামছে তৃণমূল কংগ্রেস। বুধবার নজরুল মঞ্চে দলের বর্ধিত কোর কমিটি সভায় তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, আগামী ৯ নভেম্বর নোট বাতিলের প্রতিবাদে দেশজুড়ে কালা দিবস পালন করা হবে। দলের কর্মীদের প্রতি মমতার বার্তা, অনেক লড়াই-সংগ্রামের মাধ্যমে তৃণমূল দলটা তৈরি হয়েছে। যে কাজ জনগণের পক্ষে, সেই কাজ করতে হবে। আরাম কেদারায় বসে দল করা যাবে না।
আসন্ন লোকসভা ভোটে সামনে রেখে রাজ্যে সংগঠন মজবুত করতে চাইছে বিজেপি। প্রয়োজনে অন্য দল থেকে নেতাদের ভাঙিয়ে আনার প্রস্তাবে সম্মতি দিয়েছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর বিজেপিতেই যোগ দিতে পারেন একদা শাসকদলের ‘নম্বর টু’ মুকুল রায়।
মানুষের ওপর দিয়ে দৌড়ে যাচ্ছে গোরুর পাল-দৈনিক আজকাল
গোমাতাকে সম্মান না জানালে গ্রামের উন্নতি হবে না। এই অন্ধবিশ্বাস থেকেই বিচিত্র রীতি পালন করলেন মধ্যপ্রদেশের উজ্জৈন জেলার কয়েকটি গ্রামে। রাস্তায় উপুড় হয়ে শুয়ে পড়লেন স্থানীয় যুবকরা। আর তাঁদের ওপর দিয়ে দৌড়ে গেল একপাল গরু! দীপাবলির পরের দিন পালিত হল এই রীতি। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ গুরুতর। তাঁদের চিকিৎসা চলছে। গোটা অনুষ্ঠানের ভিডিও এখন ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে দৌড়ে অংশগ্রহণ করা গরুগুলিকে সাজানো হয়েছে ফুল ও মালা দিয়ে। অনুষ্ঠানে অংশ নেওয়া যুবকদের কথায়, ‘গরু হিন্দুধর্মের পবিত্র প্রাণী। এদের দ্বারা আঘাত পেলে আমাদের তো পুণ্য হবেই, গ্রামেরও ভাল হবে।’
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৫