অক্টোবর ৩০, ২০১৭ ১৩:৩৪ Asia/Dhaka

সুপ্রিয়/শ্রোতা! ৩০ অক্টোবর সোমবারের কথাবার্তার আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশাকরি সবাই ভালো আছেন। তো আসরের শুরুতেই ঢাকা কোলাকাতার বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম ।

বাংলাদেশের শিরোনাম:

  • রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সরকার কূটনৈতিকভাবে ব্যর্থ’-উখিয়ায় খালেদা জিয়া-দৈনিক ইত্তেফাক
  • কাদেরের লেলিয়ে দেওয়া যুবলীগ-ছাত্রলীগই হামলা করেছে-রিজভীর অভিযোগ-দৈনিক প্রথম আলো
  • খালেদার গাড়িবহরে হামলার নির্দেশনার ফোনালাপ শোনালেন হানিফ-দৈনিক প্রথম আলো
  • কষ্টে আছে মানুষ-সংসার চলছে না চালিয়ে নিতে হচ্ছে-দৈনিক মানবজমিন
  • গুদামে বিপুল মজুত, তবু কেন বেসামাল পেঁয়াজের বাজার?-দৈনিক নয়া দিগন্ত
  • ফ্রুট জুসে ভেজাল-দৈনিক ইনকিলাব
  • খালেদাসহ ১১ জনের বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ৩০ নভেম্বর-দৈনিক কালের কণ্ঠ
  • খালেদার গাড়িবহরে হামলার নির্দেশনার ফোনালাপ শোনালেন হানিফ-দৈনিক যুগান্তর

ভারতের শিরোনাম:

  • আধার আইনকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে মমতা সরকার-দৈনিক আনন্দবাজার
  • দলিত মহিলাকে বিয়ে করুন, রাহুলকে পরামর্শ কেন্দ্রীয় মন্ত্রীর-দৈনিক সংবাদ প্রতিদিন
  • ৩,৫৭৪ জন নেতার বাড়িতে নেই শৌচালয়-দৈনিক আজকাল

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

রোহিঙ্গা সংকট সমাধানে সরকার ব্যর্থ: খালেদা জিয়া-দৈনিক যুগান্তর

রোহিঙ্গাদের মাঝে খালেদা জিয়ার ত্রাণ বিতরণ

রোহিঙ্গা সংকট সমাধানে সরকারের কূটনৈতিক তৎপরতা খুবই দুর্বল। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে চাপ দেয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে বোঝাতে ব্যর্থ হয়েছে সরকার। উখিয়ার ময়নারগুনা রোহিঙ্গা আশ্রয় কেন্দ্রে সোমবার দুপুরে ত্রাণ বিতরণের সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এসব কথা বলেন। দুপুর ১টার দিকে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর উখিয়ার ওই আশ্রয় কেন্দ্রে পৌঁছায়। বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা রয়েছেন। এর আগে বেলা ১১টা ২০ মিনিটের দিকে তিনি কক্সবাজার সার্কিট হাউস থেকে উখিয়ার উদ্দেশে রওনা হন।

খালেদার গাড়িবহরে হামলার নির্দেশনার ফোনালাপ শোনালেন হানিফ-দৈনিক প্রথম আলো

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে যে হামলা হয়েছে তা পূর্বপরিকল্পিত। বিএনপির চট্টগ্রাম মহানগরের সভাপতি ডা. শাহাদাত হোসেনের নির্দেশে এ হামলা হয়েছে। তিনি মোবারক নামে নোয়াখালীর এক কর্মীকে হামলার নির্দেশ দেন। এ সময় খালেদার গাড়িবহরে হামলার বিষয়ে শাহাদাত ও মোবারকের মধ্যে কথোপকথন হয়েছে দাবি করে হানিফ একটি অডিও সাংবাদিকদের শোনান। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে গরিব-মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠানে হানিফ এসব কথা বলেন। এনাম-আনার জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হানিফ।

ওবায়দুল কাদের ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আর প্রথম আলোর খবরে লেখা হয়েছে খালেদা  জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা নিয়ে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি একে অন্যকে দোষারোপ করছে। বিএনপি বলছে, ফেনীতে গাড়িবহরে হামলা করেছে ছাত্রলীগ-যুবলীগ। আর আওয়ামী লীগ বলছে, গণমাধ্যমে প্রচার পেতে বিএনপি নিজেই এই হামলা করিয়েছে। এতে যুবদল-ছাত্রদল জড়িত। তবে দুই দলই বলছে, এই হামলা পরিকল্পিত।

পাল্টাপাল্টি এই অভিযোগের মধ্যেই গণমাধ্যমে একটি ছবি প্রচারিত হয়েছে, যাতে এক ব্যক্তিকে হামলা করতে দেখা যায়। স্থানীয় বিএনপির নেতারা বলছেন, এই হামলাকারী হলেন ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওসমান গণি ওরফে রিয়েল। তবে গতকাল রোববার সন্ধ্যায় ঢাকায় আওয়ামী লীগের এক সংবাদ সম্মেলনে দাবি করা হয়, গণমাধ্যমে প্রচারিত ওই ছবি এডিট করা।

ফ্রুট জুসে ভেজাল-দৈনিক ইনকিলাব

দেশে উৎপাদিত এবং বাজারজাতকৃত জুস ও ফ্রুট ড্রিংকসে মেশানো হচ্ছে ভেজাল। ভেজালমিশ্রিত, নিম্নমানের এবং মাত্রাতিরিক্ত এসিটিক এসিড থাকায় এগুলো জনস্বাস্থ্যের জন্য নিরাপদ নয়। গত ১৭ অক্টোবর বুয়েটের রাসায়নিক পরীক্ষায় প্রমান মিলেছে প্রাণের ফ্রুটিক্স, আকিজের আফি, হাশেম ফুডের সেজান এবং এএসটি লিমিটেডের ম্যংগো কিং জুসে আম নেই। নিয়ম অনুযায়ী প্রতিটি ফ্রুড ড্রিংকসে কমপক্ষে ১০ শতাংশ সংশ্লিষ্ট ফলের রস থাকা বাধ্যতামূলক। বুয়েটের পরীক্ষায় তার অর্ধেকও পাওয়া যায়নি।

বিশেষজ্ঞদের মতে, শুধু এই চারটি ফ্রুড ড্রিংকস নয়, দেশে বাজারজাতকৃত প্রায় সবগুলো ফ্রুট ডিংকসের একই অবস্থা। এসব ফ্রুট ড্রিংকস পান করে শিশুসহ নানা বয়সি মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।

কষ্টে আছে মানুষ-সংসার চলছে না চালিয়ে নিতে হচ্ছে-দৈনিক মানবজমিন

জিনিষ পত্রের দাম বাড়ার ফলে মানুষ কষ্টে আছে

বাজার চড়া। চাল, ডাল, লবণ, তেল, পিয়াজ সব পণ্যেই লেগেছে দামের আগুন। আর কাঁচাবাজারের তাপে পুড়ে যাচ্ছে হাত। শিক্ষার ব্যয়ও বাড়ছে দিন দিন। নানা ছুঁতোয় বাড়ি ভাড়া বাড়াচ্ছে বাড়িওয়ালা। দিন যেন চলতে চায় না।

তারপরও দিন চালাতে হয়। চলছে। চালিয়ে নেয়া হচ্ছে। দুঃখ, কষ্ট আর যন্ত্রণা বুকে চেপে সংসার নামক ঘানিকে টেনে নিচ্ছে মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা। তাদের জীবনে নেই কোনো আশা-আকাঙ্ক্ষা। নেই উচ্চাবিলাসও। তারপরও তাদের উপরই খড়গ চলছে বারবার।

খালেদাসহ ১১ জনের বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ৩০ নভেম্বর-দৈনিক কালের কণ্ঠ

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হয়নি। আগামি ৩০ নভেম্বর পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। আজ ঢাকার দুই নম্বর বিশেষ জজ আদালতের বিচারক হোসনে আরা বেগম শুনানির পরবর্তী তারিখ ধার্য করেন।

দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, দুর্নীতির দায়ে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য আবদুল ওহাবকে আট বছর কারাদণ্ড ও ৯৩ লাখ টাকার সম্পদ বাজেয়াপ্তের আদেশ দিয়েছেন আদালত। এর পাশাপাশি তার বিরুদ্ধে ৪৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৯ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আজ সোমবার যশোরের স্পেশাল জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এই সাজা দেন।

সুন্দরবনে বাঘ কমছে-প্রথম আলো

সুন্দরবনে বাঘের সংখ্যা কমছে। সরকারি, বেসরকারি ও ব্যক্তি পর্যায়ের জরিপ বলছে, গত ৪২ বছরে বিশ্বের সর্ববৃহৎ এই ম্যানগ্রোভ বনে বাঘের সংখ্যা এক-তৃতীয়াংশে নেমে এসেছে। সর্বশেষ চলতি মাসে সুন্দরবনের বাঘের মল ও লোমের নমুনার জিনগত বৈশিষ্ট্যের ভিত্তিতে যুক্তরাজ্যের কেন্ট বিশ্ববিদ্যালয় একটি সমীক্ষা প্রকাশ করেছে। এতে বলা হচ্ছে, সুন্দরবনে বাঘের সংখ্যা ১২১। এর আগে স্বাধীনতার পর ১৯৭৫ সালে বেসরকারি পর্যায়ে জার্মানির বাঘ বিশেষজ্ঞ হেন রিডসের করা প্রথম জরিপে বাঘের সংখ্যা বলা হয়েছিল ৩৫০। আর ২০১৫ সালে সরকারের বন বিভাগ প্রকাশিত জরিপে দেখা গেছে, বাঘের সংখ্যা ১০৬। একই সংস্থা ২০০৪ সালে বলেছিল, বাঘের সংখ্যা ৪৪০।

নির্যাতনে যুবকের মৃত্যুর অভিযোগ, ডিবির অস্বীকার-দৈনিক মানবজমিন

রংপুরে ডিবি পুলিশের নির্যাতনে রাসেল রানা (৩০) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গতকাল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত রাসেল রংপুর জেলা পরিষদ সুপার মার্কেটে কাপড়ের ব্যবসা করতেন। মুক্তিপণের টাকা না পেয়ে ডিবি পুলিশ তাকে নির্যাতন করে মেরে ফেলেছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার। তবে নির্যাতনের এ অভিযোগ অস্বীকার করেছে ডিবি পুলিশ। তারা দাবি করেছে, রাসেল অসুস্থ হয়ে হাসপাতালে মারা গেছে।

কিশোরীকে পুড়িয়ে হত্যার নেপথ্যে চাচীর পরকীয়া-দৈনিক ইত্তেফাক

কিশোরী আজিজাকে পুড়িয়ে হত্যার কারণ-সে বিউটি বেগমের অনৈতিক সম্পর্ক দেখে ফেলেছিল

সালাম মিয়া বর্তমানে মালয়েশিয়া প্রবাসী। তার স্ত্রী বিউটি বেগমের সঙ্গে স্থানীয় এক যুবকের অনৈতিক সম্পর্ক গড়ে উঠেছিল। আর সেটা দেখে ফেলাই কাল হয়েছে কিশোরী আজিজা খাতুনের। নিজের অপকর্ম ঢাকতে উল্টো আজিজার বিরুদ্ধে মোবাইল চুরির অপবাদ দেন বিউটি বেগম। তারপরও ঘটনা ফাঁস হয়ে যাওয়ার ভয়ে নিজের চাচাতো ভাইসহ কয়েক-জনকে ডেকে এনে আজিজাকে তুলে নিয়ে গায়ে আগুন লাগিয়ে নিষ্ঠুরভাবে হত্যা করে। বিউটি বেগমের চাচাতো ভাই রুবেল মিয়া যে দোকান থেকে কেরোসিন তেল কিনেছিলেন সেই দোকানদার আব্দুর রশিদকেও আটক করেছে পুলিশ। তিনি স্বীকার করেছেন কেরোসিন বিক্রির কথা।

মোবাইল ফোন চুরির অভিযোগে পুড়িয়ে হত্যার অভিযোগ পরিবার থেকে করা হলেও পুলিশ বলছে ভিন্ন কারণ।পুলিশ বলছে, পরিবারের ওই অভিযোগের সত্যতা মিলছে না। চাচির অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় আজিজার ওপর ভয়ংকর নিষ্ঠুরতা নেমে এসেছিল। প্রাণ দিতে হয়েছে তাকে।

কাদেরের লেলিয়ে দেওয়া যুবলীগ-ছাত্রলীগই হামলা করেছে’-রিজভীর অভিযোগ-দৈনিক প্রথম আলো

বিএনপি নেতা রুহুল কবির রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের লেলিয়ে দেওয়া যুবলীগ-ছাত্রলীগই হামলা করেছে। কিন্তু জনতার ঢলে ওবায়দুল কাদেরের লাঠি-পিস্তল বাহিনী টিকতে পারেনি।’ আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত মানববন্ধনে রিজভী এ অভিযোগ করেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করা হয়। রুহুল কবির রিজভী বলেন, ফেনী হচ্ছে আওয়ামী লীগের সন্ত্রাসের একটি বড় ‘ফ্যাক্টরি’।

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর

আধার আইনকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে মমতা সরকার-দৈনিক আনন্দবাজার

আধার কার্ড নিয়ে মমতা  ও কেন্দ্রের মধ্যে দ্বান্দ্ব

আধার কার্ড বাধ্যতামূলক, কেন্দ্রীয় এই সিদ্ধান্তের বিরোধিতা করতে গিয়ে সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের মতে, ওই বিরোধিতা করতে গিয়ে তারা আধার আইনটাকেই চ্যালেঞ্জ করে বসেছে। সংবিধানগত ভাবে কোনও রাজ্য সরকার এমনটা করতে পারে না বলেই সোমবার মন্তব্য করেছে শীর্ষ আদালত। বয়ান পাল্টে ফের নতুন করে আবেদন করার জন্য রাজ্য সরকারকে চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে। আদালতের মত মেনেই তা করা হবে বলে জানিয়েছেন রাজ্য সরকারের আইনজীবীরা।

ফোন থেকে জন ধন, আয়কর থেকে ভাতা— সবেতেই আধার নম্বর জোড়ার নির্দেশ দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। তা চ্যালেঞ্জ করে রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে পিটিশন ফাইল করা হয়। এ দিন বিচারপতি এ কে সিক্রি এবং বিচারপতি অশোক ভূষণের ডিভিশন বেঞ্চে ওই আবেদনের শুনানি ছিল। ওই বেঞ্চ জানায়, রাজ্য সরকার যে বয়ানে আবেদন করেছে তাতে আধার সংক্রান্ত আইনটিকেই চ্যালেঞ্জ করা হয়েছে। বিচারপতিরা  প্রশ্ন তোলেন, কী ভাবে একটি রাজ্য সরকার কেন্দ্রীয় আইনকে চ্যালেঞ্জ করতে পারে?

দলিত মহিলাকে বিয়ে করুন, রাহুলকে পরামর্শ কেন্দ্রীয় মন্ত্রীর-দৈনিক সংবাদ প্রতিদিন

রামদাস আখাওয়াল ও রাহুল গান্ধী

বয়স প্রায় পঞ্চাশের কাছাকাছি। কিন্তু, এখনও ব্যাচেলর তিনি। আর তাই রাহুল গান্ধীকে কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আথাওয়ালের পরামর্শ, একজন দলিত মহিলাকে বিয়ে করুন। এই দলিত নেতা বলেছেন, প্রয়োজনে কংগ্রেস সহ-সভাপতির জন্য পাত্রীও খুঁজে দেবেন তিনি। তাঁর দাবি, শুধুমাত্র মুখে কথায় দেশ থেকে জাতপাতের বিভেদ মুছে ফেলা সম্ভব নয়। বহু ঝড়-ঝাপ্টা সামলে, ভারতীয় রাজনীতে এখন ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করে নিচ্ছেন রাহুল গান্ধী। গুজরাটে বিধানসভা ভোটের আগে কংগ্রেস সহ-সভাপতির সক্রিয়তায় রীতিমতো চিন্তায় শাসকদল।

৩,৫৭৪ জন নেতার বাড়িতে নেই শৌচালয়-দৈনিক আজকাল

প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত ও খোলা জায়গায় মলমূত্র ত্যাগ অভিযান বা ‘‌টয়লেট এক প্রেম কথা’‌ দেখেও শিক্ষা হচ্ছে না এ দেশের বেশ কিছু নেতাদের। বাড়িতে শৌচালয় তৈরি করার উপদেশ সরকারের হয়ে যে সব প্রতিনিধিরা সাধারণ মানুষদের দেন, দেখা যাচ্ছে খোদ তাঁদের বাড়িতেই নিজস্ব শৌচালয় নেই। অন্ধ্রপ্রদেশের ৩,৫৭৪ জন নেতার বাড়িতে শৌচালয় নেই বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।

ভিজিয়ানগরাম জেলার কালেক্টর বিবেক যাদব শনিবার এক বৈঠকে এই তথ্য জানান। বিবেক যাদব অত্যন্ত বিরক্ত হয়ে জানান, পরবর্তী মণ্ডল পরিষদ টেরিটোরিয়াল নির্বাচনকেন্দ্রের (‌এমপিটিসি)‌ বৈঠকে ওই নেতাদের নাম ঘোষণা করা হবে যাঁদের বাড়িতে এখনও শৌচালয় নেই। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে প্রধানমন্ত্রীর এই শৌচালয় তৈরির পরিকল্পনা শেষ করার কথা রয়েছে। কিন্তু এই জেলায় এখনও কয়েক হাজার শৌচালয় তৈরি হয়নি। এ বিষয়ে আরও সচেতনতার জন্য ২৪১৭ জন স্বেচ্ছাসেবকদের প্রচারের কাজে ব্যবহার করা হবে ।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩০