সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই : ড. হাছান
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৩ জানুয়ারি মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- এবার ৩০০ আসনে প্রার্থী দেব : এরশাদ-দৈনিক কালের কণ্ঠ
- সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই : ড. হাছান-দৈনিক ইত্তেফাক
- অর্থনৈতিক সাফল্যে ভারতের চেয়ে ২৮ ধাপ এগিয়ে বাংলাদেশ-দৈনিক যুগান্তর
- দলে কোণঠাসা শামীম ওসমান, আইভি বললেন রাজনীতিতিতে এরকম হবে-দৈনিক প্রথম আলো
- গ্রেপ্তার মোতালেব ও নাসির সাময়িক বরখাস্ত হচ্ছেন-দৈনিক মানবজমিন
- তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ, নিপীড়কদের শাস্তির দাবিতে ভিসির কার্যালয় ঘেরাও-দৈনিক নয়া দিগন্ত
- আগামী নির্বাচন নিয়ে সরকার দূরভিসন্ধি করছে -রিজভী-দৈনিক ইনকিলাব
ভারতের শিরোনাম:
- লোকসভা, বিধানসভায় একাই লড়বে শিবসেনা-আনন্দবাজার
- বিজেপি’র হাত ছাড়ছে শিবসেনা, কী বড় সিদ্ধান্ত নিল তারা?-দৈনিক আজকাল
- বিনিয়োগ করুন ভারতে, বিশ্বমঞ্চে শিল্পপতিদের আহ্বান মোদির-দৈনিক সংবাদ প্রতিদিন
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
খালেদা জিয়ার উপদেষ্টা তৈমুর গ্রেফতার-দৈনিক প্রথম আলো, মানবজমিন ও ইত্তেফাকসহ প্রায় সব জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণের খবর-
বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা তৈমুর আলম খন্দকারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সোয়া একটার দিকে নারায়ণগঞ্জ নগরের চাঁদমারী এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই : ড. হাছান-দৈনিক ইত্তেফাক
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নানা রকমের নির্বাচনকালীন সরকারের রূপরেখা দিলেও সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।
নির্বাচনকালীন সরকারের রূপরেখা দেয়ার বিষয়ে বিএনপির এক নেতার দেয়া বক্তব্যের জবাবে তিনি বলেন, বিএনপি নির্বাচনকালীন সরকারের যতই রূপরেখা দান করুক না কেন, লাভ হবে না। কারণ সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।
এদিকে, দৈনিক ইনকিলাবের খবরে বলা হয়েছে, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকার দূরভিসন্ধি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সরকার গায়ের জোরে আবারো একদলীয় নির্বাচন করতে চাচ্ছে। জনগণ যাতে নির্বাচনে ভোট দিতে না পারে সরকার সেই নীলনকশা তৈরি করে তা বাস্তবায়নের চেষ্টা করছে।
ঢাবি উপাচার্যের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ-দৈনিক নয়া দিগন্ত/ইত্তেফাক
চার দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। আজ বেলা ১২টার দিকে উপাচার্য কার্যালয়ের প্রধান ফটকের দুটি তালাও ভেঙেছে ‘নিপীড়ন বিরোধী শিক্ষার্থীবৃন্দের’ ব্যানারে আন্দোলনরতরা।
সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাবি শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচিতে ছাত্রীদের ওপর ছাত্রলীগের ‘নিপীড়নের’ প্রতিবাদে আন্দোলনে নামেন এসব শিক্ষার্থীরা। আন্দোলনে তাদের অন্যতম দাবি প্রক্টরের পদত্যাগ।
‘রাজনীতিতে এ রকম হবেই’-আইভি-দৈনিক প্রথম আলো
সশস্ত্র হামলায় আহত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী সুস্থ হয়ে আজ নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা হওয়ার আগে এক সংবাদ সম্মেলনে আইভী বলেন, ‘আমি ভালো আছি, একদম সুস্থ, ভালো আল্লাহর রহমতে।’মেয়র আইভী বলেন, ‘নারায়ণগঞ্জবাসীর উদ্দেশে একটা কথা বলতে চাই, তারা যে সাহসী আইভীকে চেয়েছিল, সেই সাহসীকে নারায়ণগঞ্জবাসী পেয়েছে। অস্ত্রের ঝনঝনানির কাছে সত্যের-নৈতিকতার যে জয়, তাকে যে কেউ হারাতে পারে না, তা নারায়ণগঞ্জবাসী দেখিয়েছে।তিনি বলেন, ‘আমার স্লোগান ছিল, “নয় শঙ্কা নয় ভয়—শহর হবে শান্তিময়।” আমার শহর শান্তিময় হতেই হবে। এ ব্যাপারে আমাকে সহযোগিতা করবেন আমাদের সবার অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি ওনার ক্ষুদ্র কর্মী। আমার কোনো অভিযোগ নেই। রাজনীতিতে এ রকম হবেই।’যে বিষয়কে কেন্দ্র করে তাঁর ওপর হামলা, তার উল্লেখ করে মেয়র আইভী বলেন, ‘ফুটপাত দিয়ে মানুষ হাঁটবে। হকারদের জন্য আমি চারতলা বিল্ডিং করছি, তারা সেখানে যাবে। এটা আমার মেসেজ।
এদিকে প্রথম আলোর অন্য একটি খবরে লেখা হয়েছে, দলে কোণঠাসা হয়ে পড়েছে শামীম ওসমান। তিনি সম্প্রতি আইভীর সঙ্গে সংঘাতে জড়িয়েছেন। এর আগে সাত খুনের ঘটনার পর থেকে শামীম চাপে পড়তে থাকেন। আইভী দ্বিতীয় মেয়াদে মেয়র হলে আরও কোণঠাসা হন শামীম। এছাড়া নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে কেন্দ্রে ও নারায়ণগঞ্জে শামীম অবস্থান হারিয়েছেন।
গ্রেপ্তার মোতালেব ও নাসির সাময়িক বরখাস্ত হচ্ছেন-দৈনিক মানবজমিন/প্রথম আলো
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মো. মোতালেব হোসেন এবং শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চমান সহকারী নাসিরউদ্দিন সাময়িক বরখাস্ত হচ্ছেন। আজ মঙ্গলবার কর্মকর্তারা এ কথা জানান।
ঘুষ লেনদেনের অভিযোগে মোতালেব হোসেন ও নাসিরউদ্দিনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তাঁরা গ্রেপ্তার আছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন জানান, গ্রেপ্তার হওয়া দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হচ্ছে।
অর্থনৈতিক সাফল্যে ভারতের চেয়ে ২৮ ধাপ এগিয়ে বাংলাদেশ-দৈনিক যুগান্তর
অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সূচকে (আইডিআই) দক্ষিণ এশিয়ার বড় দেশ ভারতের চেয়ে ২৮ ধাপ এবং পাকিস্তানের চেয়ে ১৩ ধাপ এগিয়েছে বাংলাদেশ।বিশ্ব অর্থনৈতিক ফোরাম-ডব্লিউইএফের ‘ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইনডেস্ক’-আইডিআই ২০১৮ র্যাংকিংয়ে এ চিত্র উঠে এসেছে।
বিশ্বের ১০৩ দেশের বার্ষিক অর্থনৈতিক কর্মকাণ্ড বিচার করে সোমবার সুইজারল্যান্ডের পূর্বাঞ্চলীয় শহর ডাভোসে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে ডব্লিউইএফ। অর্থনীতির তিনটি মানদণ্ড - ‘প্রবৃদ্ধি ও উন্নয়ন’, ‘অন্তর্ভুক্তিকরণ’ এবং ‘আন্তঃপ্রজন্ম সমতা, প্রাকৃতিক ও আর্থিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা’র ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়।
এবার কোলকাতার দৈনিকগুলোর কয়েকটি খবরের বিস্তারিত
বিজেপি’র হাত ছাড়ছে শিবসেনা, কী বড় সিদ্ধান্ত নিল তারা?-দৈনিক আজকাল
বিজেপি’র সঙ্গ ছাড়ার সিদ্ধান্ত নিল শিবসেনা। আগামী লোকসভা নির্বাচনে একাই লড়বে তারা। মঙ্গলবার বৈঠকে বসেছিল শিবসেনার শীর্ষ নেতৃত্ব। সেখানেই এই সিদ্ধান্ত হয়েছে। বিজেপি’র সবচেয়ে পুরনো জোট সঙ্গী শিবসেনা।তিন দশক আগে সেই বালাসাহেব ঠাকরের সময় থেকেই বিজেপি’র সঙ্গে জোট রয়েছে সেনার। সম্প্রতি দুই দলের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। শিবসেনার দলীয় মুখপত্র ‘সামনা’য় নিয়ম করে বিজেপি’র নানাবিধ কাজের সমালোচনা করা হয়। তবে শিবসেনার এই সিদ্ধান্তে অবাক নয় রাজনৈতিক মহল। গতবার বিধাসনভা নির্বাচনে শিবসেনার থেকে বেশি আসন পায় বিজেপি।
সর্বজনীন উন্নয়ন সূচক: চিন, এমনকী পাকিস্তানেরও নীচে ভারত-দৈনিক আনন্দবাজার
মোদী সরকারের ‘সবকা সাথ সবকা বিকাশ’ স্লোগানটা যে কতটা খাতায় কলমেই রয়ে গিয়েছে, তা আর এক বার দেখিয়ে দিল ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের সর্বজনীন উন্নয়ন সূচক (ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইনডেক্স বা আইডিআই)। দেশের গড়পড়তা জীবনযাপনের নিরিখে ভারত তার প্রতিবেশী দেশগুলির থেকে অনেকটাই পিছিয়ে। চিন তো বটেই— এমনকী পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশও অনেকটা এগিয়ে ভারতের থেকে। গত বছরই ফোরাম প্রথম এই রিপোর্ট প্রকাশ করেছিল। তাতেও ভারত পিছিয়ে ছিল অধিকাংশ দেশের থেকে।
২৩-২৬ জানুয়ারি সুইত্জারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের বার্ষিক সম্মেলন। এই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেমন থাকছেন, থাকছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সোমবার, সম্মেলন শুরুর আগের দিনই প্রকাশিত আইডিআই রিপোর্টে, সর্বজনীন বিকাশের নিরিখে বিভিন্ন দেশের ক্রমতালিকা দেওয়া হয়েছে। তাতে উন্নয়নশীল ৭৪টি দেশের মধ্যে ভারতের স্থান শেষ দিকে, ৬২ নম্বরে। চিন আছে ২৬ নম্বরে। বাংলাদেশ ৩৪, শ্রীলঙ্কা ৪০ এবং পাকিস্তান ৪৭ নম্বরে। গত বছর ভারত ছিল তালিকার ৬০ নম্বরে
বিনিয়োগ করুন ভারতে, বিশ্বমঞ্চে শিল্পপতিদের আহ্বান মোদির-দৈনিক সংবাদ প্রতিদিন
বিশ্বমঞ্চে দাঁড়িয়ে ভারতে বিনিয়োগের জন্য ফের সওয়াল প্রধানমন্ত্রীর। সুইৎজারল্যান্ডের দাভোসে বিশ্বের প্রথম সারির বানিজ্যিক সংস্থাগুলির সিইওর সঙ্গে বৈঠক করেন মোদি। সেখানে মোদি নানাভাবে বুঝিয়ে দেন বিনিয়োগকারীদের গন্তব্য হওয়া উচিত ভারত।
মেক ইন ইন্ডিয়া। ভারতীয় মানবসম্পদ ব্যবহার করে বিনিয়োগের স্লোগান আরও একবার নরেন্দ্র মোদির মুখে। দাভোসের সম্মেলনে ভারতের ক্যাচলাইন ছিল ‘ইনভেস্ট ইন্ডিয়া’। এই স্বপ্ন সফলে ভারতে লগ্নির বিষয়ে উৎসাহ দিতে মোদি বৈঠক করেন একাধিক শিল্পকর্তার সঙ্গে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৩