অক্টোবর ১৮, ২০১৮ ১৩:৫৭ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৮ অক্টোবর বৃহস্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি ।আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • নভেম্বরের প্রথম সপ্তাহে তফসিল: ইসি সচিব -দৈনিক যুগান্তর
  • মাহবুব তালুকদারকে চাপে রাখার কৌশল-দৈনিক প্রথম আলো
  • শেখ হাসিনার হাতে বাংলাদেশ মানে এগিয়ে যাওয়ার বাংলাদেশ'-দৈনিক ইত্তেফাক
  • মাস্টারপ্লানের বিরোধিতা করায় মাহবুব তালুকদারের পদত্যাগ দাবি করছে সরকার-রিজভী-দৈনিক মানবজমিন
  • বাস্তব পরিস্থিতি ও মেরুকরণের ওপর জোটের পরিধি নির্ভর করবে : ওবায়দুল কাদের-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • ইরান থেকে আমদানি চলবে, পেট্রল-ডিজেলের ফের দামবৃদ্ধি নভেম্বরে-দৈনিক আনন্দবাজার
  • মানুষ সুপ্রিম কোর্টের রায় মানতে পারেনি-মোহন ভগবত-দৈনিক আজকাল
  • সবরীমালায় মহিলা প্রবেশের প্রতিবাদ, কেরল জুড়ে ১২ ঘণ্টা বনধ ভক্তদের- দৈনিক সংবাদ প্রতিদিন
  • দেশের সব রাজনৈতিক দল এখন নির্বাচনমুখী-শিল্পমন্ত্রী : কালের কণ্ঠ

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

নভেম্বরের প্রথম সপ্তাহে তফসিল: ইসি সচিব-দৈনিক মানবজমিন

নভেম্বরের প্রথম সপ্তাহে আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

আজ দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদলকে কমিশনের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়। হেলালুদ্দীন বলেন, আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণের নিশ্চয়তা চায় ইউরোপীয় ইউনিয়ন। তারা বলেছেন- সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না। আমরা জানিয়েছি, নির্বাচনে সব রাজনৈতিক দল যাতে অংশ নিতে পারে সে পরিবেশ তৈরি করতে নির্বাচন কমিশন কাজ করছে।

বাস্তব পরিস্থিতি ও মেরুকরণের ওপর জোটের পরিধি নির্ভর করবে : ওবায়দুল কাদের-দৈনিক নয়া দিগন্ত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের পরিধি বাড়বে কি বাড়বে না, তা বাস্তব পরিস্থিতি ও মেরুকরণের ওপর নির্ভর করছে। তিনি বলেন, তবে আমরা এখনও মুখ খুলছি না। খুব শিগগিরই আমরা বসব। ওয়ার্কিং কমিটি বসে সিদ্ধান্ত নেবে কাকে নেব, কাকে নেব না। কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে দৈনিক কালের কণ্ঠের একটি খবরে লেখা হয়েছে, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আজ আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে বলেছেন, দেশের সব রাজনৈতিক দল এখন নির্বাচনমুখী। এছাড়া দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে অত্যন্ত সন্তোষজনক। দেশে জঙ্গিবাদের উত্থান হয়েছিল, সেটাও এখন নিয়ন্ত্রণে।

মাহবুব তালুকদারকে চাপে রাখার কৌশল-দৈনিক প্রথম আলো

জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আরও বিব্রতকর অবস্থা তৈরি করতে পারেন—এমন আশঙ্কা করছে সরকার। এ কারণে সরকারি দল তাঁর ওপর চাপ তৈরি করার কৌশল নিয়েছে। ইতিমধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪–দলীয় জোট মাহবুব তালুকদারের পদত্যাগের দাবি তুলেছে।

তবে সরকার মনে করছে, কমিশনারদের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত কার্যকর হয়। সে ক্ষেত্রে একা মাহবুব তালুকদার খুব বেশি কিছু করতে পারবেন না। তবু তিনি গণমাধ্যমে বিভিন্ন বিষয় তুলে ধরায় বিব্রতকর অবস্থা তৈরি হয়েছে। সরকারের সমালোচক ও বিরোধী দলগুলো এর সুযোগ নেবে।

আর দৈনিক মানবজমিনের শিরোনাম- রিজভী বলেছেন,মাস্টারপ্লানের বিরোধিতা করায় মাহবুব তালুকদারের পদত্যাগ দাবি করছে সরকার’

খবরটিতে লেখা হয়েছে, রিজভী বলেন, নির্বাচন কমিশনকে বিতর্কিত করছেন প্রধান নির্বাচন কমিশনার। তারা সরকারের কাছে পরাধীন থাকতে চাচ্ছেন। সরকার যেটা চাইছে সেটাই বলছে তারা। আর একতরফা নির্বাচনের গোপন মাস্টারপ্লানের বিরোধিতা করায় সরকার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের পদত্যাগ দাবি করছে বলে তিনি মন্তব্য করেন।

শেখ হাসিনার হাতে বাংলাদেশ মানে এগিয়ে যাওয়ার বাংলাদেশ'-দৈনিক ইত্তেফাক

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, শেখ হাসিনার হাতে বাংলাদেশ মানে এগিয়ে যাওয়ার বাংলাদেশ। উন্নয়নের এক বাংলাদেশ। শুধু উন্নয়ন নয়, সারা বিশ্বে মাথা উঁচু করে এগিয়ে যাওয়ার দেশ বাংলাদেশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান সুযোগ-সুবিধা ভোগ করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্ম যার যার-উৎসব সবার। আমরা সকল ধর্মপালনের জন্য সমান সুবিধা দিচ্ছি। শেখ হাসিনা নিজেও অন্তর দিয়ে ধর্মপালন করছেন। আজ শেরপুরের নালিতাবাড়িতে হিন্দু ধর্মালম্বিদের শারদীয় দুর্গাপূজা পরিদর্শনকালে হিন্দুদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

ইরান থেকে আমদানি চলবে, পেট্রল-ডিজেলের ফের দামবৃদ্ধি নভেম্বরে-দৈনিক আনন্দবাজার

ফের পেট্রল, ডিজেলের দাম বাড়তে পারে নভেম্বরে। কেন্দ্রীয় তেল মন্ত্রণালয় জানিয়েছে, আমেরিকার নিষেধাজ্ঞা জারির হুমকির পরোয়া না করে আগামী ৪ নভেম্বরের পরেও ইরান থেকে অপরিশোধিত তেল আমদানি চালিয়ে যেতে পারে ভারত। তবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম যেভাবে বেড়ে চলেছে যে সেই বাস্তবতায় ভারতেও আগামী নভেম্বর থেকে পেট্রল ও ডিজেলের  দাম বেড়ে যাওয়ার আশঙ্কা যথেষ্ট বলে উল্লেখ করা হয়েছে।

অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এখনই ভারতে পেট্রল, ডিজেলের দাম সর্বকালীন রেকর্ড গড়েছে। প্রায় রোজই বেড়ে চলেছে পেট্রল ও ডিজেলের দাম।

রাহুল সক্রিয় হতেই সিদ্ধান্ত, অষ্টমীতে ‘বিসর্জন আকবরের-দৈনিক আন্দবাজার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন আজ ‘নমো-অ্যাপ’-এর মাধ্যমে দলের কর্মীদের সঙ্গে কথা বলছেন, শবরীমালা নিয়েও উত্তাল কেরল, সেই সময়ে সন্তর্পণে একটি বিবৃতি জারি করে মন্ত্রিসভা থেকে পদত্যাগের কথা জানালেন প্রাক্তন সাংবাদিক আকবর। গত রবিবারও বিদেশ থেকে ফিরে তিনি ইস্তফার সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন। ৯৭ জন উকিল নিয়ে বরং তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগকারীদের বিরুদ্ধে মানহানির ফৌজদারি মামলা করেন। তবে দিল্লির পাতিয়ালা কোর্টে সেই মামলা শুরুর আগেই ইস্তফা দিতে হল আকবরকে। ইস্তফা মঞ্জুরও হয়েছে। 

খবরটিতে আরো লেখা হয়েছে, মাত্র তিন দিনে অবস্থান বদলে ইস্তফার কারণ বলছেন আকবর?

বিবৃতিতে তিনি জানান, ‘‘যেহেতু বিচার চাইতে ব্যক্তিগত ক্ষমতায় আমি আদালতের দ্বারস্থ হয়েছি, তাই আমার বিরুদ্ধে ওঠা ভুয়ো অভিযোগের ব্যক্তিগত স্তরেই মোকাবিলার জন্য পদত্যাগ করা সঠিক বলে মনে করছি। তাই বিদেশ প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি। 

কিন্তু তিন দিনে এমন কী হল যে আকবরকে সরে যেতে হল? এ ব্যাপারে বিজেপির শীর্ষ সূত্রের মতে, এর পিছনে মূলত কারণ হচ্ছে রাহুল গাঁধী গতকাল প্রথম আকবরের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন। আকবরকে নিয়ে মোদী মন্ত্রিসভাও দ্বিধাবিভক্ত।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৮