ডিসেম্বর ১৯, ২০১৮ ১৩:২৫ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৯ ডিসেম্বর বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম

  • কারসাজি করতে পুলিশের দফায় দফায় বৈঠক, অর্থের প্রলোভন: রিজভী-দৈনিক ইত্তেফাক
  • ‘সিইসি একজন নির্বাচন কমিশনারের অস্তিত্বে আঘাত করেছেন’-দৈনিক প্রথম আলো
  • নির্বাচন কমিশন ও সরকার ভুয়া: মির্জা ফখরুল-দৈনিক প্রথম আলো
  • সাহস থাকলে আমাকে গ্রেফতার করেন: ড. কামাল-দৈনিক যুগান্তর
  • ভোটের দিনে ইন্টারনেটের গতি সীমিত রাখার পরিকল্পনা ইসির-দৈনিক মানবজমিন
  • কাদের-মওদুদ লড়াই : জয়-পরাজয় নির্ধারণ করবে যে সমীকরণ-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • কেউ ভাবেনি শিখ দাঙ্গার অপরাধীরা শাস্তি পাবে, কংগ্রেসকে আক্রমণ মোদির-দৈনিক সংবাদ প্রতিদিন
  • মনমোহন সিং অন্যের নির্দেশে চলেন, মোদির কোনও নির্দেশকের দরকার নেই, মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর-দৈনিক আজকাল
  • প্রত্যেকে ১৫ লক্ষ টাকা পাবেন, তবে একটু সময় লাগবে! কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে বিতর্ক-দৈনিক আনন্দবাজার

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড সম্পর্কে সিইসি’র বক্তব্যের কড়া জবাব দিয়েছেন আরেক নির্বাচন কমিশনের মাহবুব তালুকদার। প্রশ্ন হচ্ছে কেনই জবাব দেয়ার ঘটনা?

২. যুদ্ধবিরতির পরও হুদাইদার আকাশে চক্কর দিচ্ছে...সৌদি আরবের এই ভূমিকাকে আপনি কীভাবে দেখছেন?

সিইসি একজন নির্বাচন কমিশনারের অস্তিত্বে আঘাত করেছেন’-দৈনিক প্রথম আলো

সিইসি কেএম নুরুল হুদা ও নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার

 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার বিরুদ্ধে ‘একজন নির্বাচন কমিশনারের অস্তিত্বে আঘাত’ করার অভিযোগ এনেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। আজ বুধবার সাংবাদিকদের নিজ কক্ষে ডেকে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন তিনি।

গত সোমবার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, ‘আমি মনে করি না নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বলে কিছু আছে। লেভেল প্লেয়িং ফিল্ড কথাটা এখন অর্থহীন কথায় পর্যবসিত হয়েছে।’ওই দিন নির্বাচন কমিশনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মাহবুব তালুকদার এসব কথা বলেন।

সিইসি কে এম নুরুল হুদা গতকাল মঙ্গলবার রাঙামাটিতে এক অনুষ্ঠানে মাহবুব তালুকদারের এ অভিযোগের সঙ্গে দ্বিমত পোষণ করেন। সিইসি বলেন, ‘মাহবুব তালুকদার সত্য বলেননি। নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি ভালো রয়েছে।’আজ মাহবুব তালুকদার তাঁর বিবৃতিতে বলেন, ‘মাননীয় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা রাঙামাটিতে বলেছেন, “নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই” বলে আমি মিথ্যা কথা বলেছি। আমি তাঁর এই বক্তব্যের কঠোর প্রতিবাদ জানাচ্ছি। কারণ, এ কথা বলে তিনি একজন নির্বাচন কমিশনারের অস্তিত্বে আঘাত করেছেন।’মাহবুব তালুকদার বলেন, ‘একটা কথা মনে রাখতে হবে যে সিইসিসহ সব নির্বাচন কমিশনার সমান।’

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, ‘ইতিপূর্বে সিইসি মহোদয় আমার বিরুদ্ধে প্রকাশ্যে নানারূপ বিরূপ উক্তি করেছেন। আমি কখনো তাঁর কথার প্রতিবাদ করিনি। কিন্তু “নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই” বলে আমি মিথ্যা বলেছি, এ কথার প্রতিবাদ না করে পারলাম না।’

মাহবুব তালুকদার বলেন, ‘সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমি বলেছিলাম, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে কি নেই, তা সাংবাদিকেরা নিজেদের বিবেককে জিজ্ঞাসা করলেই উত্তর পেয়ে যাবেন।’

গণনাকারীদের সামান্য ভুলে অরাজক পরিস্থিতি হতে পারে: সিইসি-দৈনিক প্রথম আলো

প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা ফলাফল গণনাকারীদের নির্দেশ দিয়ে বলেছেন, ফলাফল গণনাকারীদের একটু ভুলে নির্বাচন যেন পণ্ড না হয়, সেদিকে লক্ষ রাখতে হবে। নির্বাচনে টেকনিক্যাল পারসনের জায়গা খুব গুরুত্বপূর্ণ।

আজ বুধবার সকালে ঢাকার আগারগাঁওয়ের ইটিআই ভবনে নির্বাচনের দিন সফটওয়্যারসংক্রান্ত ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম (ইএমএস), ক্যানডিডেট ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস) এবং রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম (আরএমএস) প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে সিইসি কে এম নুরুল হুদা এ কথা বলেন। 

সিইসি বলেন, ‘নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভুল করলে সমস্ত নির্বাচনব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে না। এতে সামান্য ক্ষতি হবে, যা সংশোধন করা যাবে। কিন্তু আপনার সামান্য ভুলের কারণে ব্যাপক অরাজক পরিস্থিতির তৈরি হতে পারে। তাই এ ব্যাপারে সচেতন থাকতে হবে।’

সাহস থাকলে আমাকে গ্রেফতার করেন: ড. কামাল-দৈনিক যুগান্তর

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় ঐক্যফ্রন্ট শীর্ষ নেতা ড. কামাল হোসেন। বলেছেন, নির্বাচনে পুলিশকে নিয়োগ দিয়েছে সরকার। পুলিশের আচরণ কখনও এমন দেখিনি। আমি বেঁচে আছি। আর অনেক ইলেকশন দেখেছি। কিন্তু এমন ইলেকশন দেখিনি। এটি লজ্জাস্কর, লজ্জাস্কর, লজ্জাস্কর।ড. কামাল বলেন, ‘অন্যায়ের বিরুদ্ধে কথা বলব, সাহস থাকলে ধরেন।’

আজ বুধবার দুপুরে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় প্রকাশ করে ড. কামাল বলেন, জনগণের মধ্যে ভোটাধিকারের সঠিক প্রয়োগ নিয়ে সন্দেহ দিন দিন বাড়ছে। সুষ্ঠু নির্বাচনের বিশ্বাস ভেঙে গেছে।

নির্বাচনে প্রশাসন সঠিক আচরণ করছে না অভিযোগ করে ড. কামাল বলেন, পুলিশের অপব্যবহার বন্ধ করুন। পুলিশকে থামান।

কারসাজি করতে পুলিশের দফায় দফায় বৈঠক, অর্থের প্রলোভন: রিজভী-দৈনিক ইত্তেফাক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

নির্বাচনে কারসাজি করতে পুলিশের সদর দফতরে দিনে-রাতে দফায় দফায় বৈঠক করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকার সারা দেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার দেখে পুলিশকে দিয়ে নির্বাচনে কারচুপির নীল-নকশা বাস্তবায়ন করতে মাঠে নেমেছে। পুলিশের সদর দফতরে দিনে রাতে দফায় দফায় বৈঠক চলছে। আমাদের কাছে বিশ্বস্ত সূত্রের মাধ্যমে খবর আছে, নৌকার বিজয় ছিনিয়ে দিতে পারলে পুলিশের এসি, এডিসি, ওসিদের প্রোমোশন এবং নগদ অর্থের প্রলোভন দেয়া হচ্ছে।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের নির্দেশনা কার্যকরের তদারকি করার জন্য পুলিশ হেডকোয়ার্টারে মনিটরিং সেল খোলা হয়েছে। নির্বাচনকে কীভাবে আওয়ামী লীগের পক্ষে নেয়া যায়, কীভাবে কারচুপি করা যাবে-সে বিষয়ে নীলনকশার সাধারণ সূত্র উদ্ভাবন করে মাঠ পর্যায়ের পুলিশ ও র‌্যাবের কাছে পাঠানো হয়েছে। দেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে ছাত্রলীগের বাছাই করা ১০ হাজারের বেশি ক্যাডারকে প্রশিক্ষণ দেয়া হয়েছে ভোটের সময় ডিবি পুলিশের সাথে কাজ করার জন্য। বুধবার সকাল ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মওদুদকে ভোটাররা প্রত্যাখ্যান করেছে: কাদের-দৈনিক যুগান্তর

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

নোয়াখালী-৫ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদকে ভোটাররা প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার সকালে নোয়াখালী-৫ আসনের কবিরহাট উপজেলায় ফরাজীহাট এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

প্রতিদ্বন্দ্বি প্রার্থী মওদুদকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ভোটের মাঠে জনগণই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার। তিনি ঘরে বসে নির্বাচন করছেন। তাকে ভোটাররা প্রত্যাখ্যান করেছে। তিনি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তাই তিনি ঘরে ভিডিও কনফারেন্স করে মিথ্যা প্রেস ব্রিফিং করছেন। তিনি বলেন, জনপ্রিয়তা নেই বলেই মওদুদ আহমদ ভোটারদের কাছে যেতে পারছেন না।

‘মওদুদ ২২ বছর ক্ষমতায় ছিলেন। এই সময়ে তিনি একটি কাজ করেছেন তা দেখাতে পারবেন না। এখন গ্রামে গ্রামে, মাকড়শার জালের মতো রাস্তা। অনেকের বাড়ির দরজাও পাকা হয়েছে’-যোগ করেন কাদের।

নির্বাচন কমিশন ও সরকার ভুয়া: মির্জা ফখরুল-দৈনিক প্রথম আলো

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনে কোনো নিরপেক্ষতা নেই। অবাধ–সুষ্ঠু নির্বাচন হচ্ছে না। নির্বাচন প্রহসনে পরিণত হতে যাচ্ছে। আজ বুধবার বেলা একটার দিকে কুমিল্লার চান্দিনায় (কুমিল্লা-৭) রেদওয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘একজন নির্বাচন কমিশনার বলেছেন, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নেই। আর প্রধান নির্বাচন কমিশন বলেছেন, না না, সব ঠিক আছে। কিন্তু তিনি সত্য বলেননি।’

পথসভায় উপস্থিত দলের নেতা-কর্মীরা সিইসিকে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিলে মির্জা ফখরুল বলেন, ‘এখন তো সকলেই ভুয়া। নির্বাচন কমিশন ভুয়া। এই সরকারও ভুয়া। এ ভুয়া সরকার ও ভুয়া নির্বাচন কমিশন একসঙ্গে মিলে গণতন্ত্রকে জবাই করছে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আমাদের ভয় দেখিয়ে কাজ হবে না। লাঠি-লগি-বইঠা দিয়ে গ্রেপ্তার করে লাভ হবে না। এবার ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রকে মুক্ত করব।’

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

কেউ ভাবেনি শিখ দাঙ্গার অপরাধীরা শাস্তি পাবে, কংগ্রেসকে আক্রমণ মোদির-দৈনিক সংবাদ প্রতিদিন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

১৯৮৪ শিখ দাঙ্গায় কংগ্রেস নেতারা এভাবে দোষী প্রমাণিত হবে, তা চার বছর আগেও কেউ ভাবেনি। মানুষ এবার বিচার পাবে। আজ এই ভাষাতেই কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাফালে কেলেঙ্কারি, বিধানসভা নির্বাচনে ধাক্কা, বাংলায় রথযাত্রা স্থগিত। পরপর কয়েকটি ইস্যু নিয়ে চাপে বিজেপি। দলীয় কর্মীদের চাঙা করতে শিখ দাঙ্গায় অভিযুক্ত কংগ্রেস নেতা সজ্জন কুমারের শাস্তি নিয়ে আক্রমণ করলেন মোদি।

শিখ দাঙ্গার ঘটনায় ৩৪ বছর পর দিল্লি হাই কোর্টে দোষী সাব্যস্ত করেছে কংগ্রেস নেতা সজ্জন কুমার। ২৪ ঘণ্টার মধ্যেই তা নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী।

মনমোহন সিং অন্যের নির্দেশে চলেন, মোদির কোনও নির্দেশকের দরকার নেই, মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর-দৈনিক আজকাল

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে মনমোহন সিংয়ের কটাক্ষের জবাব দিলেন কেন্দ্রীয় সংখ্যালঘু সম্প্রদায় মন্ত্রী মুক্তার আব্বাস নক্‌ভি। প্রাক্তন প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, সংবাদমাধ্যমের মুখোমুখি হতে ভয় পান মোদি। কিন্তু তিনি মৌন প্রধানমন্ত্রী হয়েও নিয়মিত যোগাযোগ রাখতেন সংবাদমাধ্যমের সঙ্গে। এই মন্তব্যের পাল্টা জবাব দেন নক্‌ভি। তিনি জানান, বর্ষীয়ান কংগ্রেস নেতা অন্যের চিত্রনাট্য পড়ে কথা বলেন। কিন্তু নরেন্দ্র মোদির কোনও পরিচালক বা নির্দেশকের প্রয়োজন নেই।

মুক্তার আব্বাস নক্‌ভি বলেন, ‘তিনি একজন বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী। যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন তখন অন্যের নির্দেশে বা চিত্রনাট্য পড়ে কথা বলতেন। এমনকী এখনও সেই প্রথা মেনে চলেন তিনি। কিন্তু তাঁর এটা মনে রাখা দরকার নরেন্দ্র মোদির কোনও নির্দেশক, চিত্রনাট্য বা পরিচালকের প্রয়োজন নেই।’

প্রত্যেকে ১৫ লক্ষ টাকা পাবেন, তবে একটু সময় লাগবে! কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে বিতর্ক-দৈনিক আনন্দবাজার

২০১৪ লোকসভা নির্বাচনের ঠিক আগে প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর দেওয়া প্রতিশ্রুতি মাফিক প্রত্যেক ভারতীয় নাগরিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। মহারাষ্ট্রে সাংবাদিকদের কাছে এই বেফাঁস মন্তব্য করে নয়া বিতর্ক তৈরি করলেন কেন্দ্রীয় সামাজিক উন্নয়ন মন্ত্রী রামদাস আঠাওয়ালে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, এই টাকা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগবে। তার জন্য কাজও শুরু হয়ে গিয়েছে।

২০১৪ লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীপ্রতিশ্রুতি দিয়েছিলেন, বিদেশে সঞ্চিত সমস্ত কালো টাকাক্ষমতায় আসার একশো দিনের মধ্যে উদ্ধার করা হবে । শুধু তাই নয়, যে পরিমাণ কালো টাকা বিদেশে জমা আছে, তা উদ্ধার করার পর দেশের প্রত্যেক নাগরিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেওয়া সম্ভব বলেও জানিয়েছিলেন মোদী।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৯