রাতে ব্যালট ভর্তি বন্ধে ইভিএম ব্যবহার করা হবে: সিইসি
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৮ মার্চ শুত্রুবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি ।আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- রাতে ব্যালট ভর্তি বন্ধে ইভিএম ব্যবহার করা হবে : সিইসি-দৈনিক কালের কণ্ঠ
- উপজেলা পরিষদ নির্বাচন: প্রথম ধাপে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ২৯ প্রার্থী নির্বাচিত-দৈনিক যুগান্তর
- নারীর মুক্তি খালেদা জিয়ার মুক্তির সঙ্গে জড়িত: ফখরুল-দৈনিক প্রথম আলো
- বিএনপি ধোঁকাবাজের দল: তথ্যমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
- আজ আন্তর্জাতিক নারী দিবস-দৈনিক নয়া দিগন্ত
- রাজধানীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, অবরোধ-দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- উনি তো দেশটাই চুরি করে নিয়েছেন, রাফাল নথি নিয়ে মোদীকে তোপ মমতার-দৈনিক আনন্দবাজার
- নীরব মোদির অট্টালিকা ডিনামাইট দিয়ে গুঁড়িয়ে দিল মহারাষ্ট্র সরকার-দৈনিক সংবাদ প্রতিদিন
- জৈশ ঘাঁটি ধ্বংসের ছবি কোনও ভারতীয় উপগ্রহে নেই-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবর
আজ আন্তর্জাতিক নারী দিবস-দৈনিক নয়া দিগন্ত
আজ আন্তর্জাতিক নারী দিবস। সারা বিশ্বজুড়ে দিনটি নারী দিবস হিসেবে পালিত হলেও পৃথিবীর কোনো অংশে এটি উদযাপনের দিন, কোথাও বা প্রতিবাদের। বাংলাদেশে আজ আন্তর্জাতিক নারী দিবস হিসেবেই পালিত হচ্ছে। দিনটির পেছনে রয়েছে নারীশ্রমিকের অধিকার আদায়ের লড়াইয়ের ইতিহাস। অনেক দেশে তাই আজো দিনটি পরিচিত আন্তর্জাতিক নারীশ্রমিক দিবস হিসেবেই।বাংলাদেশে দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে।
নারীর মুক্তি খালেদা জিয়ার মুক্তির সঙ্গে জড়িত: ফখরুল-দৈনিক প্রথম আলো
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে নারীরা সবচেয়ে বেশি নিগৃহীত হচ্ছে। নারীদের নির্যাতন করে কারাগারে পাঠানো হচ্ছে। গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে নারী অধিকার প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশের গণতন্ত্রের মুক্তি খালেদা জিয়ার মুক্তির সঙ্গে জড়িত।
নারী সমাজের মুক্তিও খালেদা জিয়ার মুক্তির সঙ্গে জড়িত। আজ শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মানববন্ধনে মির্জা ফখরুল এসব কথা বলেন।
বিএনপি ধোঁকাবাজের দল: তথ্যমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
বিএনপিকে ধোঁকাবাজের দল উল্লেখ করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য সবসময়ই ইসলামকে ব্যবহার করেছে এবং এখনো করছে।ধর্মকে ব্যবহার করে তারা বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। ধর্মকে ব্যবহার করলেও বিএনপি কখনোই এদেশে ইসলামের খেদমতের জন্য কিছুই করেনি। শুক্রবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইউনাইটেড ইসলামী পার্টির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘আলেম সমাজের মাথায় কাঁঠাল ভেঙেই বিএনপি-জামায়াত ক্ষমতায় গেছে। তবে আলেম সমাজের উপকারে কোনো কাজ তারা করেনি।’
সুলতান মনসুর প্রতারক: ফখরুল-দৈনিক যুগান্তর
জাতীয় ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত অমান্য করে সংসদে গিয়ে সুলতান মোহাম্মদ মনসুর জাতির সঙ্গে প্রতারণা করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সুলতান মনসুর জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে জয়ী হয়েছেন। ফ্রন্টের সিদ্ধান্ত না মেনে লোভে পড়ে সংসদে গিয়ে তিনি নিজেকে ছোট করেছেন।
রাতে ব্যালট ভর্তি বন্ধে ইভিএম ব্যবহার করা হবে : সিইসি-দৈনিক কালের কণ্ঠ
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, নির্বাচনের আগের রাতে ব্যালটে সিল মেরে বাক্স ভর্তি বন্ধ করতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার শুরু করা হবে। আজ শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন কমিশনের কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ (টিওটি) কর্মশালায় তিনি এ কথা বলেন। নূরুল হুদা বলেন, সমাজে একটা অনিয়ম প্রবেশ করে, সেটাকে প্রতিহত করার জন্য আরেকটা আইন তৈরি করা হয়। তাই আগের আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করার সুযোগ বন্ধে ইভিএম চালু করা হবে। রাতে ব্যালট বাক্স ভর্তি জন্য কারা দায়ী, সেটা বলার সুযোগ নির্বাচন কমিশনের নেই বলেও জানান সিইসি। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে নির্বাচনমুখী করার ব্যাপারে আপনাদের ভূমিকা আছে। সুষ্ঠু নির্বাচনমুখী করার ভূমিকাও আপনাদের রয়েছে। আপনাদের আচারে, আচরণে, ব্যবহারে, কার্যক্রমে, যখন একটা অবস্থান সৃষ্টি হবে, তখন নির্বাচনের পরিবেশ-পরিস্থিতি ভালো হয়ে যাবে।
গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে তিনি বলেন, নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হবে না। যে হেরে যাবে, তার কাছে গ্রহণযোগ্য হবে না। আর যে জিতে যাবে, তার কাছে গ্রহণযোগ্য হবে। এই হেরে যাওয়া আর জিতে যাওয়ার মাঝে আপনাদের দুর্বলতা থাকা চলবে না।
উপজেলা পরিষদ নির্বাচন: প্রথম ধাপে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ২৯ প্রার্থী নির্বাচিত হয়েছেন। এ খবরটি দৈনিক যুগান্তরে পরিবেশিত হয়েছে।
গণরুমে থাকার বিনিময়ে প্রচারে অংশ নিতে হচ্ছে-দৈনিক প্রথম আলো
• ১৮টি আবাসিক হলে অন্তত ৮১টি গণরুম রয়েছে
• গণরুমে থাকেন আড়াই হাজারের বেশি শিক্ষার্থী
•১০ বছর ধরে হলগুলো ছাত্রলীগের দখলে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন ডাকসু নির্বাচনের সাজ সাজ রব। নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। চারদিক ছেয়ে আছে তাঁদের ব্যানার-ফেস্টুনে। হলের আবাসনব্যবস্থার উন্নয়ন, মেধার ভিত্তিতে সিট বরাদ্দসহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তাঁরা। কিন্তু বিশ্ববিদ্যালয়ের গণরুমে থাকা শিক্ষার্থীদের কাছে এই প্রতিশ্রুতিগুলো ‘হাস্যকর’। এক কক্ষে গাদাগাদি করে রাত পার করার পর সকাল হলেই তাঁদের ছুটতে হচ্ছে ছাত্রলীগের নির্বাচনী প্রচারে। অনেককে আবার রাত জেগে টানাতে হচ্ছে ব্যানার ও ফেস্টুন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীরা আবাসিক হলগুলোতে থাকার সুযোগ পান না। আর এ সুযোগে হল নিয়ন্ত্রণকারী ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন কিছু কক্ষে তাঁদের থাকার ব্যবস্থা করে, যা ‘গণরুম’ নামে পরিচিত। ১০ বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় হলগুলো ছাত্রলীগের দখলে। দুই মাস আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া প্রথম বর্ষের শিক্ষার্থীদের অনেকেই এখন এসব কক্ষে অবস্থান করছেন। কোনো কোনো হলে কক্ষগুলো অছাত্র ও ছাত্রত্ব শেষ হওয়া ছাত্রলীগ নেতাদের দখলে থাকায় দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীরাও ‘গণরুমে’ থাকছেন। কক্ষে থাকার ‘বিনিময়ে’ আগে তাঁদের ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে হতো। আর এখন তাঁরা অংশ নিচ্ছেন নির্বাচনী প্রচারণায়।গণরুমে অবস্থান করা এসব শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, ডাকসু ও হল সংসদ নির্বাচন সামনে রেখে তাঁদের প্রতি ছাত্রলীগ নেতা-কর্মীদের আচরণে কিছুটা পরিবর্তন এসেছে। আগের মতো কথায় কথায় তাঁরা হুমকি-ধমকি দিচ্ছেন না। ভোটের হিসাব মাথায় রেখে তাঁদের সঙ্গে কথা বলছেন হাসিমুখে। তবে নির্বাচনী প্রচারে তাঁদের যেতে হচ্ছে ‘বাধ্যতামূলকভাবে’।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী প্রথম আলোকে বলেন, হলে কোনো সমস্যা থাকলে সেটি দেখার জন্য হল প্রশাসন রয়েছে। প্রমাণসহ লিখিত অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
উনি তো দেশটাই চুরি করে নিয়েছেন, রাফাল নথি নিয়ে মোদীকে তোপ মমতার-দৈনিক আনন্দবাজার/সংবাদ প্রতিদিন
‘‘নোটবন্দির পর বলেছিল সন্ত্রাসবাদ নির্মূল হবে৷ কিন্তু মোদিবাবুর জমানায় ২৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে সন্ত্রাসবাদ৷’’ সন্ত্রাসবাদকে ইস্যু করে শুক্রবার নারী দিবসের কর্মসূচি শেষে ঠিক এই ভাষাতেই কেন্দ্রের মোদি সরকারকে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অভিযোগ করলেন, জঙ্গি সংগঠনের কোমর ভেঙে দেওয়ার কথা বললেও, তা করতে সম্পূর্ণ ব্যর্থ বিজেপি সরকার৷ নোটবন্দি করে আসলে সাধারণ মানুষের ক্ষতি করা হয়েছে৷
শুক্রবার আন্তর্জাতিক নারী দিবসে আনুষ্ঠানিকভাবে লোকসভা ভোটের প্রচার শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, যারা রাফালের ফাইল সামলে রাখতে পারে না, দেশের সুরক্ষা করবে কীভাবে? তিনি বলেন, ‘‘গণপিটুনির নামে সমগ্র দেশে দলিতদের উপর অত্যচার চলছে৷ মহিলাদের উপর অত্যাচার চলছে৷ শ্রমিক, কৃষকদের উপর অত্যাচার চলছে৷’’
জল্পনা মুছে সনিয়া গাঁধী লড়ছেন রায়বরেলী থেকে, অমেঠীতে রাহুল-দৈনিক আনন্দবাজার
লোকসভা ভোটে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিলেন রাহুল গাঁধী। সব জল্পনা মুছে জানিয়ে দিলেন, সনিয়া গাঁধী লড়বেন রায়বরেলী থেকেই। আর তিনি নিজে প্রার্থী হবেন অমেঠীতেই।
ভোট ঘোষণা হতে এখনও কয়েক দিন বাকি। বিজেপি আগামিকাল দলের সংসদীয় বোর্ডের বৈঠক ডেকেছে। যেখানে আলোচনা হওয়ার কথা ৭৫ বছরের উপরের নেতাকে প্রার্থী করা হবে কি না। কিন্তু তার আগেই আজ রাতে সনিয়ার বাড়িতে কংগ্রেসের বৈঠকের পর ১৫ জন প্রার্থীর নাম ঘোষণা করে দেওয়া হয়। যার মধ্যে উত্তরপ্রদেশের ১১ জন, গুজরাতের ৪ জন।
এখনও পর্যন্ত শুধু আম আদমি পার্টি দিল্লিতে ৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। বাকি সব দলেই আলোচনা চলছে। এই অবস্থায় প্রথম তালিকা ঘোষণা করে দৌড়ে খানিকটা হলেও এগিয়ে রইলেন রাহুল। শুধু তাই নয়, উত্তরপ্রদেশে ১১ জন প্রার্থী ঘোষণা করে মায়াবতী, অখিলেশকে বুঝিয়ে দিলেন, তাঁদের ভরসায় আর বসে নেই তিনি। কংগ্রেস নিজের জোরেই লড়তে প্রস্তুত। তবে একই সঙ্গে খুব বেশি আসনে প্রার্থী ঘোষণা না করে আলোচনার পথও রাহুল খোলা রাখলেন বলে অনেকের মত।
জৈশ ঘাঁটি ধ্বংসের ছবি কোনও ভারতীয় উপগ্রহে নেই-দৈনিক আজকাল
ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের বালাকোটে জৈশ–ই–মহম্মদের ঘাঁটিতে ভারতীয় বায়ুসেনা এয়ার স্ট্রাইক করেছিল। তার একটি উচ্চক্ষমতাসম্পন্ন উপগ্রহ চিত্র প্রকাশও করা হয়েছিল। যে চিত্র দেখে উপগ্রহ চিত্র বিশেষজ্ঞরা ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে রীতিমত তর্ক জুড়ে দিয়েছেন। কেউ বলছেন, চিত্র দেখে বোঝা যাচ্ছে, জঙ্গিঘাঁটি এখনও দিব্যি টিকে রয়েছে। দেওয়ালগুলো দেখে তাই মনে হচ্ছে। কেউ আবার বলছেন অন্য কথা। ইসরোর পক্ষ থেকে ছাড়া একটি বেসরকারি আমেরিকান উপগ্রহ চিত্র থেকে পাওয়া ছবি নিয়েই প্রশ্নগুলি তোলা হচ্ছে।জানা গিয়েছে, প্যানেট ল্যাবের ব্যবহার করা ১২০টি’র বেশি ছোট উপগ্রহের মধ্যে বেশিরভাগই ভারতের শ্রীহরিকোটা থেকে ছাড়া হয়েছিল ২০১৭ সাল নাগাদ।সংবাদসংস্থা রয়টার্স এক উপগ্রহ চিত্র বিশেষজ্ঞকে উদ্ধৃত করে জানিয়েছিল, ভারতীয় বায়ুসেনা এবং ভারত সরকার জৈশ–ই–মহম্মদের বালাকোটের ঘাঁটি উড়িয়ে দেওয়ার যে দাবি করছে, তা সত্য নয়।
নীরব মোদির অট্টালিকা ডিনামাইট দিয়ে গুঁড়িয়ে দিল মহারাষ্ট্র সরকার-দৈনিক সংবাদ প্রতিদিন
আর্থিক প্রতারণায় অভিযুক্ত পলাতক ব্যবসায়ী নীরব মোদির প্রাসাদোপম বাংলো বিস্ফোরক দিয়ে উড়িয়ে দিল মহারাষ্ট্র সরকার৷ অভিযোগ, আলিবাগে সমুদ্র সৈকতের ধারে বেআইনি ভাবে তৈরি হয় এই বাংলোটি৷ এবং দীর্ঘদিন ধরেই যা নিয়ে সমস্যা চলছিল৷ অবশেষে শুক্রবার সকালে ১০০ কোটি টাকা মূল্যের ৩৩ হাজার স্কোয়্যার ফুটের বাংলাটি ডিনামাইট দিয়ে উড়িয়ে দিল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসের সরকার৷ জানা গিয়েছে, বেআইনি ভাবে সমুদ্রের তীরে এই বাংলো তৈরি হওয়ায় পরিবেশের ভারসাম্য রক্ষার্থে অন্যতম অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৮