নভেম্বর ০১, ২০১৯ ১৩:৫৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! সালাম ও শুভেচ্ছা নিন। ১ নভেম্বর শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

প্রথমে বাংলাদেশে:

  • প্রধানমন্ত্রীর তালিকায় দেড় হাজার অনুপ্রবেশকারী:প্রথম আলো
  • সাকিবের নিষেধাজ্ঞা: শাস্তি কমাতে উপায় খুঁজছে বিসিবি: ইত্তেফাক
  • আজ থেকে সড়ক আইন কার্যকর: মানব জমিন
  • সরকারের প্রসব বেদনা শুরু হয়ে গেছে: আলাল,যুগান্তর

ভারতের খবর:

  • গ্যাস চেম্বার’ দিল্লি! বাতাসের ভয়ানক অবনতিতে জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা জারি: আনন্দবাজার পত্রিকা
  • বাঙালি খুনে কেন চুপ কেন্দ্র‌,কাশ্মীরের ঘটনা নিয়ে ফের কেন্দ্রকে তোপ মমতার: আজকাল
  • কংগ্রেস-এনসিপির সঙ্গেও যোগাযোগ করছি,বিজেপিকে হুমকি শিব সেনার: সংবাদ প্রতিদিন

এবার কয়েকটি খবর বিস্তারিত জেনে নেয়া যাক।

প্রধানমন্ত্রীর তালিকায় দেড় হাজার অনুপ্রবেশকারী:প্রথম আলো

ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দলে অনুপ্রবেশকারীদের একটি তালিকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের তত্ত্বাবধানে করেছেন। এরা যেন আওয়ামী লীগের কোনো পদে আসতে না পারে সেদিকে নজর রাখা হচ্ছে। তিনি বলেন, এই তালিকায় দেড় হাজারের মতো অনুপ্রবেশকারীর নাম রয়েছে। আজ সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে উড়ালসড়ক নির্মাণ কাজের পরিদর্শনে এসে সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

সাকিবের নিষেধাজ্ঞা: শাস্তি কমাতে উপায় খুঁজছে বিসিবি: ইত্তেফাক

সাকিব আল হাসান

সাকিব আল হাসানের শাস্তি হয়েছে দুই বছর। যার মধ্যে এক বছর স্থগিত নিষেধাজ্ঞা। প্রথম বছরে আইসিসির আকসুর বেঁধে দেওয়া নিয়ম মেনে চললে এক বছর পরই ক্রিকেটে ফিরতে পারবেন বাঁহাতি এই অলরাউন্ডার।

শাস্তি কমানোর চেষ্টা করেও খুব একটা লাভ হবে না। তার পরও বাংলাদেশের সাবেক এই অধিনায়কের শাস্তি কমানোর চেষ্টা চালাবে বিসিবি। পুরো বিষয়টার আইনি দিক খুঁজে দেখছে বিসিবি। ইতিমধ্যে নিজেদের আইনি বিভাগের সঙ্গে কথাও বলেছে বিসিবি। গতকাল সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

আজ থেকে সড়ক আইন কার্যকর: মানব জমিন

সড়ক পরিবহন আইন-২০১৮ আজ থেকে কার্যকর

বহুল আলোচিত সড়ক পরিবহন আইন-২০১৮ আজ থেকে কার্যকর হচ্ছে। প্রণয়নের এক বছরেরও বেশি সময় পর আইনটি বাস্তবায়ন হতে যাচ্ছে। নতুন এ আইনে লাইসেন্স ছাড়া গাড়ি চালালে ৬ মাসের জেল অথবা ২৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দ- হতে পারে। এছাড়া বিভিন্ন অপরাধের জন্য জেল-জরিমানার সঙ্গে চালকের পয়েন্ট কাটা হবে। গত ২২শে অক্টোবর আইনটি কার্যকরের তারিখ ঘোষণা করে গেজেট জারি করে সরকার। নতুন আইনে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।

সরকারের প্রসব বেদনা শুরু হয়ে গেছে: আলাল,যুগান্তর

সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল

সরকার পতনের সময় এসে গেছে মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, সরকারের প্রসব বেদনা শুরু হয়ে গেছে। শুধু প্রসব কখন হবে জাতি আজ সেই প্রহর গুনছে। অচিরেই সেই প্রহরের অবসান ঘটবে। দেশের মানুষ ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী দেখতে পাবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিন আগে বলেছেন,বিএনপির মধ্যে আর কাউকে পাওয়া গেল না,এমন কোনো নেতা নেই যে একজন দণ্ডিতকে,অপরাধীকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানানো হলো। সেই কথা বলতে না বলতেই এক মাসের মাথায় ছাত্রলীগ ভারপ্রাপ্ত,যুবলীগ ভারপ্রাপ্ত,স্বেচ্ছাসেবক লীগ ভারপ্রাপ্ত,কৃষকলীগ ভারপ্রাপ্ত,এ পর্যন্ত ভারপ্রাপ্ত এসে ঠেকেছে।’

ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি:

গ্যাস চেম্বার দিল্লি! বাতাসের ভয়ানক অবনতিতে জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা জারি

দিল্লির দূষণ: সিভিয়ার প্লাস

দমবন্ধ করা পরিস্থিতি রাজধানীর। দূষণের পরিভাষায় ‘সিভিয়ার প্লাস’। আর তার জেরে এ বার দিল্লিতে জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি (পাবলিক হেলথ্‌ এমার্জেন্সি) অবস্থা ঘোষণা করা হয়েছে।

সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত দূষণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ দিল্লির ভয়ঙ্কর পরিস্থিতির কথা মাথায় রেখে আগামী ৫ নভেম্বর পর্যন্ত রাজধানী এবং সংলগ্ন এলাকায় সমস্তরকম নির্মাণকার্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। গোটা শীতকালে কোথাও বাজি পোড়ানো যাবে না বলেও জানিয়ে দিয়েছে তারা। জানুয়ারির পর এই প্রথম রাজধানীর পরিস্থিতি এত ভয়ঙ্কর হল বলে জানানো হয়েছে। এই মুহূর্তে রাজধানীর একিউআই ৫০০ ছাড়িয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।  সূচক পাঁচশো ছাড়ালেই তা ‘সিভিয়ার প্লাস’।

বাঙালি খুনে কেন চুপ কেন্দ্র‌,কাশ্মীরের ঘটনা নিয়ে ফের কেন্দ্রকে তোপ মমতার: আজকাল

মমতা ব্যানার্জি

কুলগামে মুর্শিদাবাদের পাঁচ শ্রমিকে হত্যা নিয়ে ফের কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার ছট পুজো উপলক্ষ্যে পোস্তায় একটি অনুষ্ঠানে গিয়ে তিনি বললেন, ‘কাশ্মীরে যে বাঙালি শ্রমিকরা কাজ করতে গিয়েছিলেন, তাঁরা শুধু এবার যাননি। গত ১০ বছর ধরেই তাঁরা সেখানে কাজ করতে যান। তাঁরা বাড়ি ফেরার তোরজোরও করছিলেন। সেখানে তাঁদের এভাবে কেন হত্যা করা হল। পাঁচজন বাঙালিকে খুনের পরও কেন চুপ করে আছে বিজেপি।’‌ এনআরসি প্রসঙ্গ তুলে মমতার কটাক্ষ, বিজেপি শুধুই ভাগাভাগির রাজনীতি করে।

কংগ্রেস-এনসিপির সঙ্গেও যোগাযোগ করছি,বিজেপিকে হুমকি শিব সেনার: সংবাদ প্রতিদিন

উদ্ধব ঠাকরে

ফলপ্রকাশের এক সপ্তাহ পরও মহারাষ্ট্রের সরকার গঠনের প্রক্রিয়া এক চুলও এগোয়নি। একক বৃহত্তম দল বিজেপি এবং তাদের জোটসঙ্গী শিব সেনা, দুই শিবিরই নিজেদের দাবিতে অনড়। বিশেষ করে শিব সেনা একেবারেই নিজেদের দাবি নিয়ে আপস করতে রাজি নয়। বিজেপি যদি আড়াই বছরের জন্য মুখ্যমন্ত্রিত্ব না দেয়,তাহলে অন্য রাস্তা খোলা আছে বলেও হুমকি দিয়েছে উদ্ধব ঠাকরের দল। খোদ শিব সেনা প্রধান উদ্ধব দলীয় বিধায়কদের আশ্বস্ত করেছেন, বিজেপি যদি তাঁদের দাবি না মানে,তাহলে কংগ্রেস এবং এনসিপির সমর্থনে বিকল্প সরকার গড়ার রাস্তা খোলা আছে। কংগ্রেস-এনসিপির সঙ্গে শিব সেনা যোগাযোগ রাখছে বলেও দলের বিধায়কদের জানিয়েছেন উদ্ধব।

পার্সটুডে/নাসির মাহমুদ/১/১৪৩৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।