পত্র-পত্রিকার খবরাখবর: কথাবার্তা
ওসি মোয়াজ্জেমের কারাদণ্ডে নুসরাতের মায়ের সন্তুষ্টি
-
কথাবার্তা
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৮ নভেম্বর বৃহস্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- বিএনপি নেতা হাফিজ এবং খোকন গ্রেপ্তার: প্রথম আলো
- বিএনপি আজ বাংলাদেশ নালিস পার্টি : ওবায়দুল কাদের / বাংলাদেশ প্রতিদিন
- ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রথম রায়: যুগান্তর
- ইউনেস্কো বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ‘মুজিববর্ষ’ উদযাপন করবে : প্রধানমন্ত্রী / ইত্তেফাক
- ওসি মোয়াজ্জেমের কারাদণ্ডে নুসরাতের মায়ের সন্তুষ্টি: নয়াদিগন্ত
ভারতের শিরোনাম:
- বিজেপির ‘ঔদ্ধত্য-অহংকার’ মানুষ ভাল ভাবে নেয়নি, উপনির্বাচনের ফল স্পষ্ট হতেই তোপ মমতার: আনন্দবাজার পত্রিকা
- মহারাষ্ট্রের পর ঝাড়খণ্ডেও ধাক্কা! বুথফেরত সমীক্ষা চিন্তা বাড়াচ্ছে বিজেপির: সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। প্রথমেই বাংলাদেশের পত্রিকার খবর।
বিএনপি নেতা হাফিজ এবং খোকন গ্রেপ্তার: প্রথম আলো
বিস্তারিত খবরে পত্রিকাটি জানিয়েছে, বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে তাঁকে হাইকোর্টের গেট থেকে গ্রেপ্তার করা হয়। এখন তিনি ডিবির হেফাজতে। এরপর তাঁকে আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।’ পুলিশ জানায়, গত মঙ্গলবার হাইকোর্টের সামনে বিক্ষোভ ও গাড়ি ভাঙচুরের মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। একই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকেও। তাকে শাহবাগ থানায় আনা হয়েছে। তাঁর মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়েছে। সকাল ১০টার দিকে হাইকোর্টের মূল ফটক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের বিষয়ে আপিল বিভাগের শুনানি কার্যক্রম দেখতে যাচ্ছিলেন।
বিএনপি আজ বাংলাদেশ নালিস পার্টি : ওবায়দুল কাদের / বাংলাদেশ প্রতিদিন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, নির্বাচন আর আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন ইস্যু খুঁজে বেড়াচ্ছে। তারা এখন চক্রান্তের পথ বেছে নিয়েছে। দু'দিন আগে তারা খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের নামে ঢাকায় আদালত চত্বর কলুষিত করেছে। ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালিয়েছে। তিনি আরও বলেন,সব কিছুতে ব্যর্থ হয়ে বিএনপি নেতারা এখন নালিস নিয়ে ব্যস্ত। বিএনপি আজ বাংলাদেশ নালিস পার্টি। তারা প্রেস কনফারেন্সে নালিস করেন,বিদেশীদের কাছে নালিস করেন।
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রথম রায়: যুগান্তর
ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় প্রথম রায় ঘোষণা করা হলো আজ। এই মামলায় ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ায় সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের আট বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে। একই সঙ্গে তাকে ১৫ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে,অনাদায়ে আরও এক বছর জেল দেয়া হয়েছে। এ রায় বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া কোনো মামলার প্রথম রায়।
ইউনেস্কো বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ‘মুজিববর্ষ’ উদযাপন করবে : প্রধানমন্ত্রী / ইত্তেফাক
জাতিসংঘের শিক্ষা,বিজ্ঞান এবং সাংস্কৃতিক সংস্থা (ইউনেস্কো) বাংলাদেশের সঙ্গে যৌথভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘মুজিববর্ষ’ উদযাপন করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সন্ধ্যায় গণভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন সংক্রান্ত প্রস্তুতি সভার সভাপতিত্বকালে এ কথা ঘোষণা করেন। বছরব্যাপী অনুষ্ঠেয় ‘মুজিব বর্ষ’র জাতীয় অনুষ্ঠানমালার উদ্বোধন হবে আগামী ১৭ মার্চ রাজধানীর জাতীয় প্যারেড স্কোয়ারে।
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি ফ্রান্সের সমর্থন অব্যাহত থাকবে: সুও / ইত্তেফাক
বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের নবনিযুক্ত রাষ্ট্রদূত জিন-ম্যারিন সুও বলেছেন,রোহিঙ্গা ইস্যুতে ফ্রান্স বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে। বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাত্কালে তিনি এ কথা বলেন। ফ্রান্সের টেকসই জ্বালানি নীতির কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন,তারা বাংলাদেশের জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা করতে আগ্রহী। স্যাটেলাইট বঙ্গবন্ধু-২ উেক্ষপণে বাংলাদেশকে সহযোগিতার বিষয়েও তিনি আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের ভূমিকার ভূয়সী প্রশংসা করে ফরাসি রাষ্ট্রদূত বলেন,এ বিষয়ে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে।
ওসি মোয়াজ্জেমের কারাদণ্ডে নুসরাতের মায়ের সন্তুষ্টি: নয়াদিগন্ত
ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির জবানবন্দী ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে সোনাগাজী মডেল থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে আট বছরের কারাদণ্ড ও ১৫ লাখ টাকা জরিমানার রায় দিয়েছে ট্রাইব্যুনাল। এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন নুসরাতের মা শিরিনা আখতার।
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি।
বিজেপির ‘ঔদ্ধত্য-অহংকার’ মানুষ ভাল ভাবে নেয়নি, উপনির্বাচনের ফল স্পষ্ট হতেই তোপ মমতার: আনন্দবাজার পত্রিকা
কালিয়াগঞ্জ,খড়্গপুরে দলীয় প্রার্থীদের জয় ঘোষণা হয়ে গিয়েছে। করিমপুরেও জয় কার্যত সময়ের অপেক্ষা। উপনির্বাচনে অভাবনীয় এই সাফল্যে উচ্ছ্বসিত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোপ দাগলেন বিজেপির ‘ঔদ্ধত্য ও অহংকার’-এর বিরুদ্ধে। বৃহস্পতিবার তিনি ফের সরব হন জাতীয় নাগরিক পঞ্জী (এনআরসি)-র বিরুদ্ধেও। মাত্র ছয় মাস আগে লোকসভা নির্বাচনে খড়্গপুর-কালিয়াগঞ্জে পিছিয়ে থেকেও দুই কেন্দ্রে উপনির্বাচনে বিপুল ভোটের এই জয়কে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন তৃণমূল নেত্রী। তিনি এই জয়কে রাজ্যের মানুষকে উৎসর্গ করেছেন। পাশাপাশি তাঁর নতুন স্লোগান,‘‘তিনে-তিন,বিজেপিকে বিদায় দিন।’’
মহারাষ্ট্রের পর ঝাড়খণ্ডেও ধাক্কা! বুথফেরত সমীক্ষা চিন্তা বাড়াচ্ছে বিজেপির: সংবাদ প্রতিদিন
মহারাষ্ট্রে ধাক্কা খাওয়ার পর এবার ঝাড়খণ্ডেও চাপে পড়তে পারে বিজেপি। ঝাড়খণ্ডের আসন্ন বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতার অনেক আগেই থামতে হতে পারে গেরুয়া শিবিরকে। ফলে ঝাড়খণ্ডও হাতছাড়া হতে পারে গেরুয়া শিবিরের। সর্বভারতীয় সমীক্ষক সংস্থা সি-ভোটারের সমীক্ষা বলছে,৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার বেশ খানিকটা আগেই আটকে যাবে বিজেপি।
পার্সটুডে/নাসির মাহমুদ/১৪৬০/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।