ডিসেম্বর ১১, ২০১৯ ১৩:০৯ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১১ডিসেম্বর বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের দৃষ্টান্ত নেই : পররাষ্ট্রমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
  • খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট পাল্টানোর চেষ্টা চলছে: ফখরুল-দৈনিক যুগান্তর
  • দ্বিতীয় দিনে পাটকল শ্রমিকদের অনশন, ৪০ জন অসুস্থ-দৈনিক প্রথম আলো
  • জীবন নিয়ে ‘শঙ্কিত’ ইলিয়াস কাঞ্চন-দৈনিক মানবজমিন
  • দৃশ্যমান হল ২৭০০ মিটার পদ্মা সেতু-বাংলাদেশ প্রতিদিন
  • কুষ্ঠ রোগীদের ওষুধ তৈরি করতে ওষুধ কোম্পানিগুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান- দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:    

  • মুসলিমদের ভয় পাওয়ার কিছু নেই: অমিত || এই বিল হিন্দুত্বের অ্যাজেন্ডা: কংগ্রেস-দৈনিক আনন্দবাজার
  • গুজরাট দাঙ্গায় প্রধানমন্ত্রী মোদিকে ক্লিনচিট দিল নানাবতী কমিশন-দৈনিক সংবাদ প্রতিদিন
  • রাজ্যসভায় ক্যাব নিয়ে আলোচনা, অমিত বললেন, ‘ভারতীয় মুসলিমদের ভয় নেই’-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. সরকার এবং দল পৃথক পৃথক নেতা দিয়ে চালানোর পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। কীভাবে দেখছেন বিষয়টিকে?

২.উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসি’র শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার জন্য কাতারের আমিরকে আমন্ত্রণ জানিয়েছিলেন সৌদি রাজা। কিন্তু কাতারের আমির সে আমন্ত্রণে সাড়া দেন নি। কতটা সঠিক হলো এ সিদ্ধান্ত?জনাব সিরাজুল ইসলাম আপনাকে আবারও ধন্যবাদ

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের দৃষ্টান্ত নেই : পররাষ্ট্রমন্ত্রী-দৈনিক ইত্তেফাক

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছে না; বরং তারা শান্তি ও সম্প্রীতির সঙ্গে বসবাস করছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিবিসি বাংলাকে এসব কথা বলেন।

সোমবার ভারতের পার্লামেন্টে দাবি করা হয়, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন না থামাটাই নাগরিকত্ব সংশোধনী বিল আনার অন্যতম কারণ। এর প্রতিক্রিয়ায় আব্দুল মোমেন বলেন, ‘আমরা বলতেই পারি যে বাংলাদেশে সংখ্যালঘুদের অবস্থা এখন খুব ভালো। আগে যারা বিদেশে চলে গিয়েছিলেন, তারাও এখন ফিরে আসছেন।’ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী যদি সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে বক্তব্য দিয়ে থাকেন, তাহলে তা ঠিক নয় বলেও মনে করেন তিনি।

নাগরিকত্ব বিল সম্পর্কে মোমেন বলেন, ভারত কী করল, সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। তবে বাংলাদেশের সংখ্যালঘুরা খুব শান্তি ও সম্প্রীতিতে আছে। সোমবার লোকসভায় এ বিল পেশ করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশসহ তিনটি প্রতিবেশী দেশের সংবিধানকে উদ্ধৃত করে বলেন, এই দেশগুলোর রাষ্ট্রধর্ম ইসলাম বলেই সেখানে অন্য ধর্মের মানুষ নিপীড়িত হচ্ছে।

দ্বিতীয় দিনে পাটকল শ্রমিকদের অনশন, ৪০ জন অসুস্থ-দৈনিক প্রথম আলো

মজুরি কমিশন বাস্তবায়ন, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ব্যবস্থা বাতিলসহ ১১ দফা দাবিতে আজ বুধবার দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন কর্মসূচি পালন করছেন খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকেরা।

গতকাল মঙ্গলবার বেলা ৩টা থেকে নিজ নিজ মিল গেটে ওই কর্মসূচি শুরু করেন শ্রমিকেরা। রাতে তাঁরা সেখানেই অবস্থান করেন। আজ বেলা ১২টা পর্যন্ত প্রায় ৪০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। ১৫ জনকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের অনশনস্থলে স্যালাইন দিয়ে রাখা হয়েছে।

খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট পাল্টানোর চেষ্টা চলছে: ফখরুল-দৈনিক যুগান্তর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মেডিকেল প্রতিবেদন পাল্টে দেয়ার ব্যবস্থা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার রাজধানীর একটি অভিজাত হোটেলে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত এক গোলটেবিল আলোচনায় এই অভিযোগ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি নিয়ে সুপ্রিমে কোর্টে যে মেডিকেল রিপোর্ট জমা দেয়ার কথা ছিল সেটি এখনও পর্যন্ত জমা দেয়া হয়নি। আমরা যেটুকু জানি বিএসএমএমইউ কর্তৃপক্ষের রিপোর্ট দেয়ার কথা ছিল সেই রিপোর্ট বাদ দিয়ে অন্য একটি রিপোর্ট দেয়ার ব্যবস্থা করা হচ্ছে।

খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটকে রাখার চেষ্টা চলছে অভিযোগ করে তিনি বলেন, আমরা পরিষ্কারভাবে লক্ষ্য করছি খালেদা জিয়াকে বেআইনিভাবে কারাগারে আটকে রাখার ব্যবস্থা করছে সরকার। এতে তার মানবাধিকার লঙ্ঘন হচ্ছে।

জীবন নিয়ে ‘শঙ্কিত’ ইলিয়াস কাঞ্চন-দৈনিক মানবজমিন

নিরাপদ সড়ক চাই (নিসচা) চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন

জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। পরিবহন শ্রমিক নেতা সাবেক নৌমন্ত্রী শাজাহান খানকে উদ্দেশ্য করে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এই নায়ক বলেন, তিনি বারবার চালক-মালিকদেরকে আমার, আমার সংগঠন, আমার পরিবার ও নিসচার সদস্যদের বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলছেন। যার ফলে আমি শঙ্কিত আমার জীবন নিয়ে, আমার পরিবারের সদস্যদের জীবন নিয়ে, আমার সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের জীবন নিয়ে। এজন্য নিরাপত্তা চেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি অনুরোধও জানিয়েছেন তিনি।

আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে আয়োজিত এক  সংবাদ সম্মেলনে এ শঙ্কা প্রকাশ করেন তিনি। এছাড়া শাজাহান খানের মিথ্যাচারের বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া কথাও জানিয়েছেন ইলিয়াস কাঞ্চন।

দৃশ্যমান হল ২৭০০ মিটার পদ্মা সেতু-দৈনিক বাংলাদেশ প্রতিদিন

পদ্মা সেতু ( ফাইল ফটো)

পদ্মা সেতুতে বসেছে ১৮তম স্প্যান। আজ বুধবার দুপুর ১টার সময় এ স্প্যান বসানো হয়। এর মাধ্যমে ২৭০০ মিটার পদ্মা সেতু দৃশ্যমান হয়েছে।

২০১৪ সালের ডিসেম্বরে সেতুর নির্মাণ কাজ শুরু হয়। সেতু নির্মাণে ব্যয় হচ্ছে ৩৩ হাজার কোটি টাকা। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।

৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো। পুরো পদ্মা সেতুতে ২ হাজার ৯৩১টি রোডওয়ে স্ল্যাব বসানো হবে। আর রেলওয়ে স্ল্যাব বসানো হবে ২ হাজার ৯৫৯টি।

কুষ্ঠ রোগীদের ওষুধ তৈরি করতে ওষুধ কোম্পানিগুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান-দৈনিক নয়া দিগন্ত

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৩০ সালের আগেই দেশ থেকে কুষ্ঠ রোগ নির্মূল করার অঙ্গীকার ব্যক্ত করে এই লক্ষ্য অর্জনে সহায়তা প্রদানে কুষ্ঠ রোগীদের জন্য ওষুধ তৈরী এবং বিনামূল্যে বিতরণ করার জন্য স্থানীয় ওষুধ কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমাদের দেশে অনেক ওষুধ কোম্পানি রয়েছে যারা বিশ্বের বিভিন্ন দেশে ওষুধ রপ্তানী করে এবং তাদের ওষুধের মান খুবই ভালো।’

তিনি বলেন, ‘তাই আমি তাদেরকে বিশেষায়িত ওষুধ তৈরী করার জন্য অনুরোধ জানাতে চাই যা কুষ্ঠ রোগীদের জন্য দরকার। এসব ওষুধ রোগীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করার ব্যবস্থা করুন যা দ্র্রুত আমাদের লক্ষ্য অর্জনে সহায়ক হবে।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

মুসলিমদের ভয় পাওয়ার কিছু নেই: অমিত || এই বিল হিন্দুত্বের অ্যাজেন্ডা: কংগ্রেস-দৈনিক আনন্দবাজার পত্রিকা

লোকসভার গণ্ডি পেরনোর দু’দিনের মাথায় আজ, বুধবার রাজ্যসভায় উঠল নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি)। আর তা নিয়ে তুমুল বিতর্ক জারি সংসদের উচ্চকক্ষে। সোমবার লোকসভায়  অনায়াসে পাশ হয়েছে সিএবি। এ বার রাজ্যসভায় তা পাশ করানোই পরীক্ষা অমিত শাহদের সামনে। 

এ দিন রাজ্যসভায় আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশের প্রসঙ্গ টেনে অমিত শাহ দাবি করেন, ‘‘লাখ লাখ মানুষের সঙ্গে ধর্মীয় প্রতারণা হয়েছে। এই বিলের মাধ্যমে সেই সব শরণার্থীদের অধিকার দেওয়া হবে।’’ তবে মুসলিমরা এ দেশে সুরক্ষিত থাকবে বলেও আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

পাল্টা বলতে উঠে এই বিল নিয়ে বিজেপিকে রীতিমতো আক্রমণ শানান কংগ্রেস সাংসদ আনন্দ শর্মা। তাঁর কথায়, এই বিল ‘ভারতের আত্মার উপরে আঘাত’। বিল নিয়ে বিজেপি কেন তাড়াহুড়ো করছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। সেই সঙ্গে দেশ ভাগের জন্য কংগ্রেস দায়ী বলে  অমিত শাহ লোকসভায় যে অভিযোগ করেছিলেন তারও জবাব দিয়েছেন আনন্দ শর্মা। দেশ ভাগ নিয়ে সরাসরি হিন্দু মহাসভা এবং মুসলিম লিগকে দায়ী করেছেন তিনি। অমিত শাহের কথার সূত্র ধরেই বিজেপিকে তোপ দেগেছে তৃণমূল কংগ্রেসও। নোটবন্দির কথা তুলে দলের সাংসদ ডেরেক ও’ব্রায়েন বলেন, ‘‘আপনারা আশ্বাস দিলেও, সিএবি নিয়ে আশঙ্কার কারণ আছে। কারণ, নোটবন্দির সময়েও আপনি আশ্বাস দিয়েছিলেন। কিন্তু কী হয়েছে তা সবাই জানেন।’’

পি চিদম্বরম বলেন

• কেন সরকার শুধু মাত্র তিনটি প্রতিবেশী দেশের কথা বলছে?

• কেন অন্য যে সব দেশের সঙ্গে আমাদের সীমান্ত রয়েছে তাদের কথা বলা হচ্ছে না?

• শুধু মাত্র ধর্মীয় ভাবে নিগৃহীতদেরই কথা কেন বলছে সরকার?

• এই বিভাজন অযৌক্তিক

• কেন পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশকে এক পংক্তিতে রেখে বাকি দেশ গুলিকে বাদ দেওয়া হচ্ছে?

• কেন হাজারা এবং আহমদিয়াদের কথা বলা হচ্ছে না?

ডেরেক ও’ব্রায়েন বলেন

• হিটলারের মতো ভুয়ো প্রচার চালাচ্ছে বিজেপি

• যাঁরা দেশে রয়েছেন তাঁদের অধিকারই সুরক্ষিত নয়

• সিএবি এবং এনআরসি আলাদা নয়

• আপনারা আশ্বাস দিলেও আশঙ্কার কারণ আছে

• কারণ, নোটবন্দির সময়েও আপনি আশ্বাস দিয়েছিলেন

• কিন্তু, তা সত্ত্বেও সকলে জানেন কী পরিস্থিতি হয়েছিল

• আপনারা ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিরও প্রতিশ্রুতি দিয়েছেন

• আপনারা প্রতিশ্রুতি ভাল দেন, তবে প্রতিশ্রুতি ভাঙেন সবচেয়ে বেশি

• নোটবন্দি, জিএসটি, এবং সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের কথা তোলেন ডেরেক

• এ বার আপনারা সিএবি আনতে চাইছেন

• অসমে আপনাদের সিএবি-র পাইলট প্রজেক্ট ব্যর্থ হয়েছে

• সিএবির মাধ্যমে দেশের নাগরিকদের মধ্যে বিভাজন ঘটাতে চাইছেন

• এই বিল বাংলা বিরোধী, ভারত বিরোধী

জে পি নাড্ডা বলেন

• এ দেশে সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত

• তাঁদের সংখ্যা এ দেশে আগের থেকে বেড়েছে

• কিন্তু, পাকিস্তানে সংখ্যালঘুদের সংখ্যা কমেছে

• আপনারা বিষয়টি বুধতে চাইছেন না

• নাগরিকদের সমানাধিকারের উপর এই বিল কোনও আঘাত হানবে না

• উত্তর-পূর্ব ভারতে বিরোধীরা ভুল প্রচার করছে

• কারও জাতি পরিচয় বিনষ্ট হবেনা

• দেশের স্বার্থেই এই বিল

আনন্দ শর্মা বলেন

• ২০১৬ সালের বিলের সঙ্গে এই বিলের অনেক ফারাক

• আমি এই বিলের সঙ্গে সহমত নই

• এই বিলের স্ক্রুটিনি প্রয়োজন

• এই বিল আপনি ঐতিহাসিক বলছেন

• ইতিহাসকে কী ভাবে আপনি দেখেন তা আপনার ব্যাপার

• এই বিল আনার জন্য এত  তাড়াহুড়ো কিসের?

• আমরা এই বিলের বিরোধিতা করছি

• বিরোধিতার কারণ রাজনৈতিক নয়, এটা ভারতীয় সংবিধানের উপর আঘাত

• এটা ভারতের আত্মার উপর আঘাত

• এই বিল তার নৈতিক অধিকার হারিয়েছে

 

এই বিল ধর্মীয় নিরপেক্ষতার বিরুদ্ধেগুজরাট দাঙ্গায় প্রধানমন্ত্রী মোদিকে ক্লিনচিট দিল নানাবতী কমিশন-দৈনিক সংবাদ প্রতিদিন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

২০০২ সালের গুজরাট দাঙ্গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্লিনচিট দিল নানাবতী কমিশন। বুধবার গুজরাট বিধানসভায় কমিশনের চূড়ান্ত রিপোর্ট পেশ করেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী প্রদীপসিনহ জাডেজা।

রিপোর্টে কমিশন সাফ জানিয়েছে, গোধরা পরবর্তী পরিস্থিতিতে গুজরাট জুড়ে যে দাঙ্গা শুরু হয় তা ‘পরিকল্পনা মাফিক করা হয়নি।’ ওই হিংসায় গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির কোনও হাত ছিল না। ২০০৮ সালেও বিচারপতি জি টি নানাবতী ও বিচারপতি অক্ষয় মেহেতার রিপোর্টের প্রথম ভাগে সাফ বলা হয়েছিল যে ষড়যন্ত্রমূলক পরিকল্পনার অংশ হিসেবেই সাবরমতি এক্সপ্রেসের এস-৬ কামরায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। সেবারেও ওই ঘটনায় মোদিকে বেকসুর বলে রায় দিয়েছিল কমিশন। উল্লেখ্য, ২০০২ সালে মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশেই গোধরা পরবর্তী হিংসার তদন্ত করতে কমিশনটি গঠন করা হয়।

উল্লেখ্য, ২০০২ সালে গোধরার কাছে সাবরমতি এক্সপ্রেসে আগুন  ধরিয়ে দেওয়া হয়। ঝলসে মৃত্যু হয় ৫৯ জন করসেবকের। তারপরই গুজরাটে আগুন জ্বলে উঠে। সরকারি পরিসংখ্যান মতে, দাঙ্গায় ১ হাজার ৪৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৭৯০ জন মুসলিম সম্প্রদায়ের। ২২৩ জন হিন্দু সম্প্রদায়ের। যদিও বেসরকারি হিসেবে মৃত্যুর হিসেব ছিল ২ হাজারেরও বেশি। প্রায় আড়াই হাজার লোক গুরুতর আহত হন। এখনও নিখোঁজ প্রায় ২২৩ জন। এছড়াও প্রচুর মহিলাদের উপর অত্যাচার এবং ধর্ষণের অভিযোগ রয়েছে। এ হেন হিংসার জন্য এখনও নরেন্দ্র মোদিকে দায়ী করেন এক গোষ্ঠীর মানুষ।

রাজ্যসভায় ক্যাব নিয়ে আলোচনা, অমিত বললেন, ‘ভারতীয় মুসলিমদের ভয় নেই’-দৈনিক আজকাল

লোকসভার পর বুধবার রাজ্যসভায় পেশ হল নাগরিকত্ব সংশোধনী বিল। চলছে তর্ক। এরই মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বললেন, ভারতীয় মুসলিমদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। দেশ জুড়ে চলছে নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১১