ডিসেম্বর ১২, ২০১৯ ১২:৫১ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১২ ডিসেম্বর বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • রোহিঙ্গাদের নিয়ে বিপদেই পড়তে চলেছে মিয়ানমার -দৈনিক প্রথম আলো
  • কারাগারেই থাকতে হচ্ছে খালেদা জিয়াকে-দৈনিক ইত্তেফাক
  • এ রায় নজিরবিহীন: খালেদা জিয়ার আইনজীবী-দৈনিক যুগান্তর
  • ‘যারা স্বাধীনতায় বিশ্বাস করেনা, তারা দেশের উন্নয়ন করতে পারে না’-দৈনিক মানবজমিন
  • ফখরুল-রিজভীসহ ১৩৫ জনের বিরুদ্ধে দুই মামলা -বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:    

  • অসমে কার্ফু ভেঙে রাস্তায় মানুষ, চলছে বিক্ষোভ, ট্রেন বন্ধ, বাতিল উড়ান -দৈনিক আনন্দবাজার
  • বন্ধ ইন্টারনেট, টুইটারে মোদির আশ্বাসবাণী দেখতেই পেলেন না অসমবাসী! -দৈনিক সংবাদ প্রতিদি
  • এবার নাগরিকত্ব মিলবে!‌ আশায় বুক বাঁধছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দু শরণার্থীরা -দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।

কারাগারেই থাকতে হচ্ছে খালেদা জিয়াকে-দৈনিক ইত্তেফাক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া (ফাইল ফটো)

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ আজ খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর শুনানি নিয়ে পর্যবেক্ষণসহ এই আদেশ দেন। রায়ের পর  বিএনপির নেতাকর্মীরা কার্জন হলের ফুটপাতে স্লোগান দিয়েছেন। এ সময় পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সেখান থেকে দুইজনকে আটক করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। খালেদা জিয়ার জামিন শুনানিকে কেন্দ্র করে আজ সুপ্রিম কোর্ট এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

এ রায় নজিরবিহীন: খালেদা জিয়ার আইনজীবী-দৈনিক যুগান্তর

খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন

এ খবরে লেখা হয়েছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, আমরা মনে করি, আপিল বিভাগের এই ধরনের রায় নজিরবিহীন। আমরা ন্যায় বিচার পাইনি। ন্যায় বিচার হলে অবশ্যই আমরা জামিন পেতাম। আপিলে বিএনপি চেয়ারপারসনের জামিন আবেদন খারিজ হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। তবে তিনি বলেন,আমরা আইনি প্রক্রিয়ায় সামনে এগিয়ে যাবো।

অন্যদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল। রিপোর্ট অনুযায়ী তাঁর চিকিৎসা দেশেই সম্ভব।

আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার আমলে বিচার বিভাগ পূর্ণ স্বাধীনতা ভোগ করছে। খালেদা জিয়ার মামলায় সরকারের হাত নেই।

র্নীতির জন্য সব অর্জন ম্লান হয়: শেখ হাসিনা -দৈনিক যুগান্তর

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দুর্নীতির জন্য সব অর্জন ম্লান হয় মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের জন্য আমাদের কাজ করতে হবে। প্রতিটি কর্মচারীকে চিন্তা করতে হবে, কতটুকু সেবা আমি দিতে পারলাম। নিজের পরিবারের সদস্যদের মতোই, দেশের মানুষের প্রতিও দায়িত্ব পালন করতে হবে। ঘুষ-দুর্নীতির বিষয়ে সাবধান হতে হবে। প্রজাতন্ত্রের মালিক জনগণের সেবায় আইন ও প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের কাজ করার আহ্বানও জানান তিনি।

তবে এ সম্পর্কিত খবরে দৈনিক মানবজমিন লিখেছে, জিয়া, এরশাদ ও খালেদা জিয়ার শাসনামলের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করেনা, তারা দেশের উন্নয়ন করতে পারে না। 

পাটকল শ্রমিকদের আমরণ অনশন চলছে, খুলনায় অসুস্থ শতাধিক-দৈনিক মানবজমিন

পাটকল শ্রমিকদের আমরণ অনশন

পাটকল শ্রমিকদের আমরণ অনশনে খুলনায় অসুস্থের সংখ্যা দিন দিন বাড়ছে। আজ প্রায় শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। শ্রমিক নেতারা জানান, আগামী ১৫ই ডিসেম্বর বেলা ১১টায় আন্দোলনরত পাটকল শ্রমিকদের সঙ্গে বস্ত্র ও পাটমন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত হয়েছে। এজন্য ১৫ই ডিসেম্বর পর্যন্ত খুলনার কর্মসূচি স্থগিত করার অনুরোধ করেছেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। কিন্তু শ্রমিকরা তা মানেন নি।

এর আগে মঙ্গলবার থেকে মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলের শ্রমিকরা। রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের ডাকে শ্রমিকরা এ অনশন কর্মসূচি পালন করছেন।

 রোহিঙ্গাদের নিয়ে বিপদেই পড়তে চলেছে মিয়ানমার-দৈনিক প্রথম আলো

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার বিপদে পড়তে যাচ্ছে

একদিকে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে মিয়ানমারকে, অন্যদিকে সেই রোহিঙ্গা সংকটের কারণেই রাখাইন রাজ্যে শুরু হয়েছে অর্থনৈতিক সংকট। বলা হচ্ছে, এই রাজ্যের অর্থনৈতিক সংকট থেকে ক্ষতিগ্রস্ত হতে পারে পুরো দেশই। সব মিলিয়ে মিয়ানমার পড়েছে শাঁখের করাতে, দুই দিকের ধার সামলাতে হচ্ছে দেশটিকে। দুই বছরের বেশি সময় আগে রোহিঙ্গা সংকটের সূত্রপাত। ব্যাংকক পোস্টের এক বিশ্লেষণে বলা হয়েছে, রোহিঙ্গা সংকটের কারণে মারাত্মক অর্থনৈতিক সংকটে পড়েছে রাখাইন রাজ্য। এখন এর প্রভাব পুরো দেশেই পড়তে শুরু করেছে।

বালিশ কাণ্ডে গণপূর্তের নির্বাহী প্রকৌশলীসহ ১৩ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন-দৈনিক ইত্তেফাক

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুত প্রকল্পের বালিশ ও আসবাবপত্র কেনাকাটায় দুর্নীতির অভিযোগে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলমসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন দিয়েছে দুদক। আজ দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব ভট্টাচার্য এ খবর নিশ্চিত করেছেন।

রূপপুর প্রকল্পের বালিশ কেলেঙ্কারি নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, প্রকল্পের রাশিয়ান কর্মকর্তা কর্মচারীদের ৯৬৬টি ফ্ল্যাটের সরঞ্জামাদি সরবরাহ করতে বিভিন্ন আইটেমের ক্রয়মূল্য বাজার মূল্যের চেয়ে অস্বাভাবিক বেশি ধার্য করা হয়। এতে প্রতিটি বালিশের দাম ৫৯৫৭ টাকা এবং বালিশ ফ্ল্যাটে উঠানোর জন্য ৭৬০ টাকা ধরা হয়। ঘটনা জানাজানি হলে আবাসন ও গণপূর্ত মন্ত্রণালয় দু’টি তদন্ত কমিটি গঠন করে।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

অসমে কার্ফু ভেঙে রাস্তায় মানুষ, চলছে বিক্ষোভ, ট্রেন বন্ধ, বাতিল উড়ান-দৈনিক আনন্দবাজার পত্রিকা

নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি) নিয়ে অসমে বিক্ষোভ

বিক্ষোভ থামাতে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীরা। টুইট করেছেন স্বয়ং প্রধানমন্ত্রীও। তাতেও নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি) নিয়ে বিক্ষোভ থামানো গেল না অসমে। বরং কার্ফু ভেঙেই এবার গুয়াহাটির রাস্তায় নেমে এলেন সাধারণ মানুষ। নিরাপত্তাবাহিনীর উপস্থিতিতেই জায়গায় জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। জ্বলন্ত কাঠ ফেলে রাস্তা অবরোধের অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে চলছে স্লোগানও। নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে গতকালই জ্বলে উঠেছিল অসম। কোনও সংগঠন ছাড়া সাধারণ মানুষ এবং পড়ুয়ারাই রাস্তায় নেমে এসেছিলেন সেইসময়। তবে এ দিন আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছে অল অসম স্টুডেন্টস ইউনিয়ন (আসু) এবং কৃষক মুক্তি সংগ্রাম সমিতি (কেএমএসএস)। সাধারণ মানুষকে ঘর ছেড়ে রাস্তায় নামার আর্জি জানিয়েছে তারা।

বন্ধ ইন্টারনেট, টুইটারে মোদির আশ্বাসবাণী দেখতেই পেলেন না অসমবাসী! দৈনিক সংবাদ প্রতিদিন/দৈনিক আজকাল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ফাইল ফটো)

নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিবাদে ফুঁসছে অসমসহ উত্তর–পূর্ব ভারতের একাধিক রাজ্য। উত্তাল অসমকে শান্ত করতে ময়দানে নামতে হল খোদ প্রধানমন্ত্রীকেই। অসমবাসীর উদ্দেশ্যে টুইট করে প্রধানমন্ত্রী লেখেন, ‘নাগরিকত্ব বিল নিয়ে আশঙ্কার কোনও কারণ নেই। কেউই আপনাদের অধিকার কেড়ে নিতে পারবে না।’ কিন্তু বিষয়টি হল, কী লাভ এই টুইট করে? বুধবার থেকে অসমে ক্যাব বিরোধী আন্দোলন চরম আকার ধারণ করলে সেখানকার ইন্টারনেট ব্যবস্থাই করে দেওয়া হয়। অসমবাসীকে শান্ত করতে গিয়ে টুইটারে যে কথা লিখছেন প্রধানমন্ত্রী, তা তো দেখতেই পারবেন না সেখানকার সাধারণ মানুষ। কংগ্রেসের পক্ষ থেকে টুইটারে লেখা হয়েছে, ‘অসমকে শান্ত করতে টুইট করেছেন প্রধানমন্ত্রী। অথচ তিনি ভুলেই গিয়েছেন, গতকাল থেকে সেখানে বন্ধ ইন্টারনেট ব্যবস্থা।’

মুসলিমদের নিশানা করেই আনা হয়েছে ক্যাব!‌ প্রতিবাদে ইস্তফা মহারাষ্ট্রের আইপিএস অফিসারের এ শিরোনামের খবরে দৈনিক আজকাল লিখেছে, নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হয়ে গেল সংসদের দুই কক্ষেই। বিলের বিরুদ্ধে প্রতিবাদে জ্বলছে অসম সহ উত্তর–পূর্ব ভারতের একাধিক রাজ্য। এবার সেই বিলের বিরোধিতায় ইস্তফা দিলেন মহারাষ্ট্র পুলিশের আইজি আবদুর রহমান। বুধবার রাজ্যসভায় তখনও চলছে ভোটাভুটি। বিলের পক্ষে এবং বিপক্ষে। কিন্তু ততক্ষণে প্রায় নিশ্চিৎ, বিল পাশ করিয়ে নেবে সরকার পক্ষ। আর ঠিক সেই সময়ে টুইট করে আইপিএস অফিসার আবদুর রহমান জানিয়ে দিয়েছেন, তিনি ইস্তফা দিচ্ছেন। 

এদিকে দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, এবার নাগরিকত্ব মিলবে!‌ আশায় বুক বাঁধছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দু শরণার্থীরা।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১২