ডিসেম্বর ১৩, ২০১৯ ১৩:৪৯ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১৩ ডিসেম্বর শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • দুই মন্ত্রীর ভারত সফর বাতিলের কারণ জানালেন ওবাদুল কাদের-দৈনিক যুগান্তর
  • কিশোর গ্যাংস্টার প্রধান স্ট্যাব সাগর ফের আটক -দৈনিক মানবজমিন
  • সিইসিসহ সব কমিশনারের অপসারণ দাবি টিআইবির -দৈনিক ইত্তেফাক
  • খালেদা জিয়া এমন কোনো অসুস্থ নন: আইনমন্ত্রী-দৈনিক প্রথম আলোদুই মন্ত্রীর ভারত সফর বাতিল নিয়ে
  • আনন্দবাজার পত্রিকার বিশ্লেষণ-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:    

  • ‘নো এনআরসি’ আন্দোলনে তৃণমূল, সোমবার কলকাতায় মিছিলে হাঁটবেন মমতা -দৈনিক আনন্দবাজার
  • নাগরিকত্ব সংশোধনী আইনি মানছি না”, ঐক্যবদ্ধ পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রী -দৈনিক সংবাদ প্রতিদিন
  • ‘রেপ ইন ইন্ডিয়া’ মন্তব্য নিয়ে সরগরম সংসদ, রাহুল গান্ধীর শাস্তি চাইলেন স্মৃতি ইরানি -দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা ! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।

দুই মন্ত্রীর ভারত সফর বাতিলের কারণ জানালেন ওবাদুল কাদের-দৈনিক যুগান্তর

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস সামনে রেখে স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে যাননি। ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল এ সফর স্থগিতের কোনো কারণ না।

শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরামের প্রথম ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি। এর আগে প্রতিবেশী দেশটিতে সফর বাতিল করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

দিল্লি ডায়ালগ ও ইন্ডিয়ান ওশান ডায়ালগ উপলক্ষে তিন দিনের সফরে বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল পররাষ্ট্রমন্ত্রীর। তার আগে দুপুরে হঠাৎ করেই এই সফর বাতিলের কথা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়

আর দেশটির মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার আমন্ত্রণে শুক্রবার বেলা ১১টায় সিলেটের তামাবিল হয়ে মেঘালয়ে যাওয়ার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর। তার আগের দিন রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু মন্ত্রীর এই সফর স্থগিতের কথা জানান। ভারতে ‘বিতর্কিত’ নাগরিকত্ব সংশোধনী বিল পাসের পর এ নিয়ে বিক্ষোভ-উত্তেজনার মাঝে স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ভারত সফর বাতিল করেছেন বলে গুঞ্জন উঠেছে।

খালেদা জিয়া এমন কোনো অসুস্থ নন: আইনমন্ত্রী-দৈনিক প্রথম আলো

আইনমন্ত্রী আনিসুল হক (ফাইল ফটো)

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, খালেদা জিয়া এমন কোনো অসুস্থ নন যে, তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা দিতে হবে। তাই তাঁদের (বিএনপির আইনজীবী) আবেদন নাকচ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তিনি বলেন, ‘এখন উনারা (বিএনপি) লাফালাফি শুরু করেছেন যে এটা ঠিক হয়নি। উনাদের কথা হচ্ছে, যা কিছুই বলবেন, তালগাছটা আমার।’ আজ ব্রাহ্মণবাড়িয়ায় এক অনুষ্ঠানে আইনমন্ত্রী এসব কথা বলেন।

সময় খালেদা জিয়ার জামিনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, তাঁদের (বিএনপি) বক্তব্য সম্পূর্ণ মনগড়া। বাংলাদেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি সব কাগজপত্র দেখার পর খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেছেন। এখানে বিতর্কের কোনো সুযোগ আছে বলে মনে হয় না। কিন্তু তারা (বিএনপি) এখন নিজেদের দলে নিজেদের নেতৃত্ব বজায় রাখার জন্য ‘আজেবাজে’ বলছেন।

এদিকে, খালেদা জিয়ার মুক্তি: আইনি পথ ফিকে হচ্ছে বিএনপির কাছেও দৈনিকটির এ শিরোনামের খবরে লেখা হয়েছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনে মুক্তির আর কোনো আশা দেখছেন না বিএনপির তিনজন আইনজীবী। তাঁরা মনে করছেন, আদালত জামিন আবেদন খারিজ করে যে পর্যবেক্ষণ দিয়েছেন তাতে খালেদা জিয়ার কারাবাস দীর্ঘই হবে। এই আদেশের ফলে বিএনপির চেয়ারপারসনকে কারা তত্ত্বাবধানে দীর্ঘসময় হাসপাতালেই থাকতে হবে সেটাই প্রতীয়মান হয়েছে। আইনজীবীরা বলছেন, আপিল বিভাগে জামিন আবেদন খারিজ হওয়ায় অন্য আরেকটি মামলায়ও জামিনের পথ আটকে গেল।

আর ইত্তেফাকের একটি খবরের শিরোনাম এরকম যে, খালেদা জিয়াকে জামিন না দেয়ার সিদ্ধান্ত শেখ হাসিনার ডিক্টেশনে বলেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।

সিইসিসহ সব কমিশনারের অপসারণ দাবি টিআইবির-দৈনিক ইত্তেফাক

প্রধান নির্বাচন কমিশনারসহ সব কমিশনারদের আশু অপসারণ ও নির্বাচন কমিশনকে নতুন করে ঢেলে সাজানোর জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গতকাল বৃহস্পতিবার দুর্নীতিবিরোধী সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচন কমিশনের মতো একটি সাংবিধানিক প্রতিষ্ঠান যেভাবে একের পর এক কেলেঙ্কারির জন্ম দিচ্ছে তা অভূতপূর্ব ও গোটা জাতির জন্য বিব্রতকর। সাংবিধানিক প্রতিষ্ঠানের হাতে এমন রাষ্ট্রীয় অমর্যাদা বন্ধ করতে প্রধান নির্বাচন কমিশনারসহ সব কমিশনারদের আশু অপসারণ ও নির্বাচন কমিশনকে নতুন করে ঢেলে সাজানোর বিকল্প নেই।

বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, প্রধান নির্বাচন কমিশনার, কমিশন সচিবালয় এবং অন্য কমিশনারদের ন্যক্কারজনক কাদা ছোঁড়াছুঁড়ির যে খবর দেশের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা অভূতপূর্ব ও গোটা জাতির জন্য বিব্রতকর। অন্তত একজন কমিশনার একজন নিরাপত্তারক্ষীর নিয়োগের জন্য কমিশন সচিবালয়কে সুপারিশ করেছিলেন বলে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়। সেই সুপারিশ রক্ষা করা হয়নি বলে কমিশনাররা তোলপাড় করেছেন। সাংবিধানিক পদে থেকে নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ যে সরাসরি নৈতিক স্খলন সেটা অনুধাবন করার মতো অবস্থাতেও নির্বাচন কমিশনাররা নেই। অন্যদিকে কমিশন সচিবালয়ের সঙ্গে কমিশনারদের অনাকাঙ্ক্ষিত দ্বন্দ্বের সংবাদ এই প্রতিষ্ঠানের মর্যাদাকে পদদলিত করেছে।

প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনাররা এবং সচিবালয়ের কর্মকর্তারা প্রশিক্ষণের নামে জনগণের করের টাকা হরিলুট করেছেন বলে অভিযোগ উঠেছে। এরপর ধরা পড়ল রোহিঙ্গারা জাতীয় পরিচয়পত্র নিচ্ছেন অবৈধ লেনদেনের বিনিময়ে, যাতে জড়িত কমিশন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। এভাবে দেশবাসীর সঙ্গে এমন ভয়াবহ প্রতারণা ও দেশের নিরাপত্তার জন্য চরম ঝুঁকি সৃষ্টি করা হলো। এখন সবাই মিলে লড়াই করছেন নিম্নপদস্থ কর্মচারী নিয়োগের তদবির আর অনিয়ম নিয়ে।

ড. ইফতেখারুজ্জামান বলেন, নির্বাচন কমিশন যে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান সেই সত্যটাও কমিশন সংশ্লিষ্টরা সম্ভবত ভুলে গেছেন। তাদের অধীনে ভবিষ্যত্ যে কোনো কার্যক্রম ও সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ হতে বাধ্য।

শিশু মৃত্যুর হার ৬৩ শতাংশ কমিয়েছে বাংলাদেশ-দৈনিক ইত্তেফাক

শিশু মৃত্যুর হার কমেছে

শিশু মৃত্যুহার হ্রাসে বাংলাদেশ প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে। বাংলাদেশে বিগত বিশ বছরে শিশু মৃত্যুর হার ৬৩ শতাংশ কমিয়েছে। পৃথিবীর প্রায় প্রতিটি দেশই ২০০০ সাল থেকে শিশু মৃত্যু হ্রাসে যথেষ্ট উন্নতি করেছে, যার প্রথম দিকের দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ। শূন্য থেকে পাঁচ বছরের কম বয়সী শিশুর মৃত্যুহার কমিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশের সাফল্যকে ইতোমধ্যে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) স্বীকৃতি দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গ্রাম পর্যায়ে স্বাস্থ্য পরিসেবার উন্নয়নের ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। এমনকি শিশু মৃত্যুহার হ্রাসে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। মা ও শিশু মৃত্যুহার হ্রাসে আগামী ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের টার্গেট নিয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ।

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সেভ দ্য চিলড্রেন’ ‘বার্ষিক গ্লোবাল চাইল্ড হুড রিপোর্ট ২০১৯’ শীর্ষক প্রতিবেদনে দেখা যায়, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালে গত দুই দশকে শিশু মৃত্যুর সংখ্যা অনেক হ্রাস পেয়েছে। চারটি দেশের মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি অগ্রগতি অর্জন করেছে, যেখানে ভুটানের শিশু মৃত্যুর হার কমেছে ৬০ শতাংশ, নেপালে ৫৯ শতাংশ এবং ভারতের ৫৭ শতাংশ। আর বাংলাদেশে শিশু মৃত্যুর হার কমিয়েছে ৬৩ শতাংশ।

রাজধানীর যানজট নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন-৪২ হাজার কোটি টাকা ক্ষতি বছরে

দিনে ৯০০০ কর্মঘণ্টা নষ্ট, হাঁটার গতি ও গাড়ির গতি প্রায় সমান-দৈনিক ইত্তেফাকের প্রতিবেদনের শিরোনাম

বিস্তারিত প্রতিবেদনে লেখা হয়েছে, রাজধানীতে যানজটের ফলে অর্থনীতির যে ক্ষতি হচ্ছে তার পরিমাণ বছরে ৩ থেকে ৫ বিলিয়ন ডলারের সমপরিমাণ। টাকার অঙ্কে যার পরিমাণ ২৫ হাজার ৫০০ কোটি টাকা থেকে ৪২ হাজার ৫০০ কোটি টাকা।

বিশ্বব্যাংকের হিসাব বলছে, দেশের অর্থনীতির ৩৬ শতাংশ এই ঢাকা কেন্দ্রিক। কিন্তু প্রতিদিনের যানজটের কারণে সাধারণ মানুষের ৯ হাজার কর্মঘণ্টা নষ্ট হয়ে যাচ্ছে। ঢাকায় চলাচলরত যানবাহন ঘণ্টায় যেতে পারে মাত্র ৬ দশমিক ৪ কিলোমিটার। অথচ হেঁটেই পথ চলা যায় ঘণ্টায় ৫ কিলোমিটার।

গতকাল রাজধানীর একটি হোটেলে ঢাকা মহানগরকে বাসযোগ্য, সমৃদ্ধ এবং প্রাণবন্ত মেগাসিটিতে রূপান্তর বিষয়ে এক সেমিনারের আয়োজন করে বিশ্বব্যাংক। এতে বিভিন্ন সেশনে অংশ নেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ.ম. রেজাউল করিম, ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম, গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ সিটি মেয়র ডা. সেলিনা হায়াত্ আইভী, বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টিমবন, রাজউক চেয়ারম্যান সুলতান আহমেদ, ওয়াসার এমডি তাকসিম এ খান। সঞ্চালনা করেন ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান।

সেমিনারের শুরুতে বিশ্বব্যাংকের পরিচালক জন রোম তার উপস্থাপনায় উল্লেখ করেন, বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে ঢাকা বিশ্বের চতুর্থ দূষণের নগরিতে পরিণত হয়েছে। বাসযোগ্যতার বিচারে ঢাকা এখন দামেস্ক এবং লাগোসের পরেই অবস্থান করছে। এই শহরে প্রতিদিন ৬ হাজার টন গৃহস্থলি বর্জ্য তৈরি হয়, যার মধ্যে ৪ হাজার টন সংগ্রহ করা হয়। মাত্র ৩-৪ শতাংশ জলীয় বর্জ্য শোধন করা সম্ভব হয়। তবে এই শহরের যে অর্থনৈতিক সম্ভাবনা রয়েছে সেটি এখনো পুরোপুরি ব্যবহার করা সম্ভব হয়নি। ঢাকাকে আধুনিক মেগাসিটিতে রূপান্তর করতে এখনই উদ্যোগ নিতে হবে। স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, পরিকল্পনা ছাড়াই ঢাকার উন্নয়ন হয়েছে। কিন্তু এখন আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ঢাকার উন্নয়নের জন্য একটি গবেষণা হওয়া প্রয়োজন। কী পরিমাণ ক্ষতি ইতিমধ্যে হয়েছে সেটি নিরূপণ করে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করে এগুতে হবে।

কিশোর গ্যাংস্টার প্রধান স্ট্যাব সাগর ফের আটক-দৈনিক মানবজমিন

শ্রীমঙ্গলের  বহুল আলোচিত কিশোর গ্যাং স্টার প্রধান স্ট্যাব সাগর(১৭) পুলিশের হাতে ফের আটক হয়েছে। বৃহস্পতিবার রাতে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল শহর থেকে তাকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসে। তার বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী কর্মকান্ডের ঘটনায় রুজুকৃত মামলা মৌলভীবাজারের আদালতে বিচারাধীন আছে।

জানতে চাইলে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো.আব্দুছ ছালেক মুঠো ফোনে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন- আটকের বিষয়টি আজ শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় শেখ হাসিনা-দৈনিক বাংলাদেশ প্রতিদিন

বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় ২৯তম অবস্থানে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফোর্বস ম্যাগজিন এই তালিকা প্রকাশ করেছে। একশ নারীর মধ্যে তালিকার শীর্ষে রয়েছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মারকেল। 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা টানা তিনবারসহ চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। গত নির্বাচনে তার দল ক্ষমতাসীন আওয়ামী লীগ সংসদের ৩শ আসনের মধ্যে ২৮৮টিতেই জয় লাভ করে। এছাড়া ১৯৮১ সাল থেকে টানা প্রায় ৩৮ বছর ধরে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের দলীয় প্রধানের দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা। ১৯৯৬ সালের ২৩ জুন প্রথমবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তিনি। এরপর ২০০৮ সাল থেকে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন শেখ হাসিনা।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

‘নো এনআরসি’ আন্দোলনে তৃণমূল, সোমবার কলকাতায় মিছিলে হাঁটবেন মমতা-দৈনিক আনন্দবাজার পত্রিকা

নাগরিকত্ব সংশোধনী বিল ও জাতীয় নাগরিকপঞ্জির বিরুদ্ধে এ বার রাস্তায় নেমে প্রতিবাদের ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দিঘায় সাংবাদিক সম্মেলন করে আগামী রবি ও সোমবার ‘নো এনআরসি’ আন্দোলনের কর্মসূচির কথা জানিয়ে মমতা আবারও জানিয়েছেন, এ রাজ্যে এনআরসি হবে না। কাউকে কেউ তাড়াতে পারবে না। ওই আন্দোলনে তিনি নিজেও অংশ নেবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার মধ্যরাতেই নাগরিকত্ব সংশোধনী বিলে সই করেছেন রাষ্ট্রপতি। তার পরের দিনই দিঘায় সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, রবিবার ১৫ ডিসেম্বর রাজ্য জুড়ে ব্লকে ব্লকে ‘নো এনআরসি’ আন্দোলন হবে। তিনি কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জেলে যাব তবু বাংলায় এনসআরসি হতে দেব না। দৈনিক সংবাদ প্রতিদিন একটি খবরে লিখেছে সিএবি নিয়ে অশান্ত আসম, কড়া নজর রাখতে জাতিসংঘ। দৈনিকটি অন্য একটি খবরে লিখেছে, অগ্নিগর্ভ অসম, CAB-এর প্রতিবাদে বিজেপি ছাড়লেন অভিনেতা যতীন বোরা।

এ সম্পর্কে দৈনিক সংবাদ প্রতিদিনের খবর এরকম যে, নাগরিকত্ব সংশোধনী আইন মানছি না”, ঐক্যবদ্ধ পাঁচ রাজ্যে পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, ছত্রিশগড় মধ্যপ্রদেশ ও কেরলের মুখ্যমন্ত্রী। খবরটিতে লেখা হয়েছে, অবিজেপি পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন, তাঁরা নাগরিকত্ব সংশোধনী আইন মানছেন না।

জ্বলছে অসম, ভারত সফর বাতিল করে দিলেন জাপানের প্রধানমন্ত্রী-দৈনিক আজকাল

উত্তর–পূর্ব ভারতের পরিস্থিতি ক্রমশই অগ্নিগর্ভ হয়ে উঠেছে। বাংলাদেশের বিদেশমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই তাঁদের ভারত সফর বাতিল করেছেন। এবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সফরও স্থগিত হয়ে গেল। কারণ তাঁর অসমেই আসার কথা ছিল। আমন্ত্রণ করেছিল মোদি সরকারই। কিন্তু সেই সফরই বাতিল হল এবার। কূটনৈতিক সূত্রের বক্তব্য, নাগরিকত্ব সংশোধনী বিল বা ক্যাব নিয়ে উত্তর–পূর্বের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতেই সেখানে শিনজো আবেকে নিয়ে আসার পরিকল্পনা করা হয়েছিল।

‘রেপ ইন ইন্ডিয়া’ মন্তব্য নিয়ে সরগরম সংসদ, রাহুল গান্ধীর শাস্তি চাইলেন স্মৃতি ইরানি-দৈনিক আজকাল

রাহুল গান্ধীর শাস্তি চাইলেন স্মৃতি ইরানি। যা নিয়ে উত্তাল সংসদ। রাহুল গান্ধী একদিন আগেই দাবি করেছিলেন, ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্প এখন ‘রেপ ইন ইন্ডিয়া’য় পরিণত হয়েছে। একই সঙ্গে সমালোচনা করেছিলেন নাগরিকত্ব সংশোধনী বিলের কার্যকর হওয়া নিয়েও। রাহুল গান্ধীর এমন মন্তব্যের জেরে তাঁর শাস্তি হওয়া উচিত বলে শুক্রবার সংসদে পাল্টা দাবি করলেন বিজেপি নেত্রী স্মৃতি ইরানি।

বৃহস্পতিবার ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন রাহুল গান্ধী। সেখানেই প্রধানমন্ত্রীর প্রিয় প্রকল্প ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্প নিয়ে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর মেক ইন ইন্ডিয়া প্রকল্পের কথা মনে আছে? কথা ছিল, ভারতেই নাকি সব তৈরি হবে এবং বহু মানুষ চাকরি পাবেন। চাকরি কত জন পেয়েছেন? উল্টে মেক ইন ইন্ডিয়া তো এখন রেপ ইন ইন্ডিয়া হয়ে গেছে। যেভাবে এদেশে যৌন নির্যাতন বেড়েছে, তাতে এমন বার্তাই যাচ্ছে গোটা দুনিয়ার কাছে।’#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৩