ডিসেম্বর ১৫, ২০১৯ ১২:৪৪ Asia/Dhaka
  • পত্রপত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবর
    পত্রপত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবর

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১৫ ডিসেম্বর রোববারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • প্রথম ধাপে ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ-দৈনিক প্রথম আলো
  • 'রাজাকারের আগে আওয়ামী লীগে অনুপ্রবেশকারীর তালিকা দরকার'-বাংলাদেশ প্রতিদিন
  • ক্যাসিনো সম্রাট-আরমানের বিরুদ্ধে আরেক মামলায় চার্জশিট গ্রহণ-দৈনিক যুগান্তর
  • আজ সকালে বায়ু দূষণে শীর্ষে ছিলো ঢাকা-দৈনিক মানবজমিন
  • এখন আর ঘরে বসে থাকার সময় নেই : রিজভী-দৈনিক ইত্তেফাক
  • নাগরিকত্ব আইন ভারতের অভ্যন্তরীণ ব্যাপার: কাদের-দৈনিক সমকাল

ভারতের শিরোনাম:    

  • রাজ্যের সমস্ত অশান্ত এলাকায় বন্ধ হল নেট পরিষেবা-দৈনিক আনন্দবাজার
  • নির্ভয়ার ধর্ষকদের ফাঁসিতে ঝোলাতে চাই’, অমিত শাহকে রক্তে লেখা চিঠি মহিলা শুটারের-দৈনিক সংবাদ প্রতিদিন
  • এবার একধাক্কায় দাম বাড়ল দুধের!‌ পেঁয়াজের পর দুধের দামবৃদ্ধিতে নাভিশ্বাস আমজনতার-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা ! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।

প্রথম ধাপে ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ-দৈনিক প্রথম আলো

প্রথম ধাপে ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথি পর্যালোচনা করে প্রথম ধাপে ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।যাচাই-বাছাই করে ধাপে ধাপে আরও তালিকা প্রকাশ করা হবে। আজ রোববার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘যাঁরা ৭১ সালে রাজাকার, আলবদর, আলশামস বা স্বাধীনতাবিরোধী হিসেবে পাকিস্তান সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন এবং যেসব পুরোনো নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংরক্ষিত ছিল, সেটুকু প্রকাশ করা হয়েছে। এ ছাড়া যেসব দালিলিক প্রমাণ পাওয়া যাবে, শুধু সেটুকু প্রকাশ করা হবে। কোনো তালিকা শতভাগ নিশ্চিত না হয়ে প্রকাশ করা হবে না। অন্যায়ভাবে কেউ তালিকাভুক্ত হবে না।’

'রাজাকারের আগে আওয়ামী লীগে অনুপ্রবেশকারীর তালিকা দরকার'-দৈনিক বাংলাদেশ প্রতিদিন

প্রখ্যাত সাংবাদিক-কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের মধ্যে জামায়াতের অনুপ্রবেশকারী রয়েছে। তারা সরকারের বড় বড় পদে রয়েছেন, তাদের কথা বললে হয়তো আমাকে আর দেশে আসতে দেওয়া হবে না। রাজাকারের তালিকা প্রকাশ করার আগে এসব অনুপ্রবেশকারীর তালিকা প্রকাশের প্রয়োজন ছিল। জানি না কোনো রাজাকারের হাত দিয়েই ‘রাজাকারের তালিকা’ হচ্ছে কি-না। মনে রাখতে হবে, শেখ হাসিনাকে তারা সরিয়ে দিতে পারলে তাসের ঘরের মতো আওয়ামী লীগ শেষ হয়ে যাবে।

এখন আর ঘরে বসে থাকার সময় নেই : রিজভী-দৈনিক ইত্তেফাক

Image Caption

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন আদালত খারিজ করে দেয়ার প্রতিবাদ এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দলের পূর্বঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার সকাল ১১টার দিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে বাড্ডার সুবাস্তু নজরভ্যালী টাওয়ারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় রুহুল কবির রিজভী বলেন, ‘ভয়াবহ অসুস্থ বেগম জিয়াকে জেলে রেখে হত্যার নীলনকশা বাস্তবায়ন শুরু করেছে। একারণে শেখ হাসিনার সরাসরি নির্দেশে তাকে জামিন দেয়া হচ্ছে না। এখন আর ঘরে বসে থাকার সময় নেই । এই মিডনাইট সরকারের পতন ঘটাতে না পারলে নেত্রীকে মুক্ত করা সম্ভব নয়।’

আজ সকালে বায়ু দূষণে শীর্ষে ছিলো ঢাকা-দৈনিক মানবজমিন

ঢাকায় বায়ু দূষণ

বায়ু দূষণে আজ সকালে শীর্ষে অবস্থান করছিলো ঢাকা। বিশ্বের দূষিত সব শহরকে পেছনে ফেলে আজ সকাল ৮টা ৪৫ মিনিটে বায়ু দূষণের তালিকায় রাজধানী ঢাকা শীর্ষে চলে আসে। তবে ৯টার পর অবস্থান পাল্টিয়ে দ্বিতীয় স্থান ধরে রাখে।

যুক্তরাষ্ট্রভিত্তিক এয়ার ভিজ্যুয়ালের তথ্য অনুযায়ী, ঢাকায় এ সময় বায়ু দূষণের পরিমাণ ছিলো ২৩৭ পিএম।২৩৬ পিএম নিয়ে দ্বিতীয় স্থানে ছিলো মঙ্গোলিয়ার উলানবাটোর।তবে ঢাকার এই শীর্ষ স্থান পরে দখলে নেয় মঙ্গলিয়ার উলানবাটোর। ২৪০ পিএম দূষণ নিয়ে ৮টা ৫০ মিনিটে শহরটি শীর্ষ দূষণের শহরে চলে আসে আর ঢাকা হয়ে যায় দ্বিতীয়। পরে প্রথম স্থান দিল্লির দখলে গেলেও ঢাকা দ্বিতীয় অবস্থানেই থেকে যায়।

সরকার এবার অর্থ ধার করছে বেশি-দৈনিক প্রথম আলো

সরকার এবার অর্থ ধার করছে বেশি

কত টাকা ধার করতে হবে, তার একটি লক্ষ্যমাত্রা অর্থবছরের শুরুতেই ঠিক করে রেখেছিল সরকার। কিন্তু পাঁচ মাসেই লক্ষ্যমাত্রার ৯০ শতাংশ অর্থ ধার করা শেষ। আগামী সাত মাসে সরকারি ঋণ কোথায় গিয়ে ঠেকবে, সেটাই এখন প্রশ্ন।

এমনিতেই সরকারের আয়ের চেয়ে ব্যয় বেশি। কিন্তু চলতি ২০১৯-২০ অর্থবছরের প্রথম ৫ মাসে (জুলাই-নভেম্বর) আয় আরও কমেছে, কিন্তু ব্যয় কমেনি। ফলে দেশের ইতিহাসে অল্প সময়ে ব্যাংক থেকে এত বেশি ধার নেওয়ার এমন অভাবনীয় চিত্র এবারই প্রথম দেখা যাচ্ছে।গত ১০ বছরের মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের সবচেয়ে বেশি ধার করার রেকর্ডটি ছিল বিদায়ী ২০১৮-১৯ অর্থবছরের। পরিমাণ ৩০ হাজার ৮৯৫ কোটি টাকা। আবার ২০১৬-১৭ এবং ২০০৯-১০ অর্থবছরে সরকারকে ব্যাংক থেকে এমনকি ধার নিতেও হয়নি। অথচ গতবার পুরো অর্থবছরে যে ধার করেছিল সরকার, এবার পাঁচ মাস না পেরোতেই তা ছাড়িয়ে গেছে।

নাগরিকত্ব আইন ভারতের অভ্যন্তরীণ ব্যাপার: কাদের-দৈনিক সমকাল

বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

ভারতের নতুন নাগরিকত্ব আইন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। আজ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, 'ভারতের সংসদে যে আইন পাস হয়েছে সেটি তাদের অভ্যন্তরীণ ব্যাপার। ভারত সরকারের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে। কোনো বিষয়ে আমাদের সঙ্গে ভারতের সমস্যা হলে তা আলোচনা করে সমাধান করবো।'

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি:

রাজ্যের সমস্ত অশান্ত এলাকায় বন্ধ হল নেট পরিষেবা-দৈনিক আনন্দবাজার

নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী বিক্ষোভের অশান্তি কমার কোনও লক্ষণ নেই রাজ্যে। টানা তৃতীয় দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভকারীরা জাতীয় সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে রেল পথ অবরোধ করে রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাই এবার ইন্টারনেট পরিষেবা নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিল রাজ্য।নবান্ন সূত্রে খবর, পরিস্থিতি রবিবারও নিয়ন্ত্রণে না আসায় ইন্টারনেট নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম এরকম যে, প্রতিবাদ-বিক্ষোভে আজও ব্যাহত ট্রেন চলাচল, বাতিল বহু দূরপাল্লার ট্রেন, চরম নাজেহাল মানুষ।বিস্তারিত খবরে লেখা হয়েছে, নতুন নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনের জেরে শনিবারের পর রবিবারও সকাল থেকে প্রায় গোটা রাজ্য জুড়েই ভোগান্তিতে সাধারণ মানুষ।

নির্ভয়ার ধর্ষকদের ফাঁসিতে ঝোলাতে চাই’, অমিত শাহকে রক্তে লেখা চিঠি মহিলা শুটারের-দৈনিক সংবাদ প্রতিদিন

ভারতীয় মহিলা শুটার বর্তিকা সিং

ধর্ষকদের শাস্তি কার্যকর করার দায়িত্ব এবার মেয়েদের হাতেই তুলে দেওয়া হোক। এই দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিজের শরীরের রক্ত দিয়ে চিঠি লিখলেন ভারতীয় মহিলা শুটার বর্তিকা সিং। ওই চিঠিতে নির্ভয়ার চার ধর্ষককে নিজে হাতে ফাঁসিতে ঝোলাতে চান বলেও উল্লেখ করেছেন আন্তর্জাতিক স্তরে দেশের হয়ে প্রতিনিধিত্বকারী ওই যুবতী।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পাঠানো চিঠি দেখিয়ে বর্তিকা বলেন, ‘আমি নিজের হাতে নির্ভয়াকাণ্ডে দোষী সাব্যস্ত চারজনের ফাঁসি দিতে চাই। এর ফলে দেশের মানুষের কাছে বার্তা পৌঁছবে যে মহিলারাও ফাঁসি দিতে পারেন। আমার মনে হয়, এর ফলে সমাজে আমূল পরিবর্তন আসবে। আর অপরাধীরাও মহিলাদের উপর নির্যাতন করতে ভয় পাবে। আমি চাই, দেশের সমস্ত অভিনেত্রী এবং মহিলা সাংসদরা আমার এই সাহসী উদ্যোগের সমর্থনে এগিয়ে আসুন। আশাকরি এর ফলে অবস্থার পরিবর্তন হবে।’

ভোটার আইডি কার্ড এবং পাসপোর্ট নাগরিকত্ব প্রমাণ করে:‌ আদালত-দৈনিক আজকাল

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে তোলপাড় গোটা দেশ। কারা নাগরিক, কারা নাগরিক নয় তা নিয়ে খন চুলচেরা বিশ্লেষণ চলছে। একইসঙ্গে জ্বলছে দেশের বিভিন্ন প্রান্ত। এমন তপ্ত পরিস্থিতিতে নাগরিকত্বের প্রমাণ হিসেবে ভোটার কার্ড আর পাসপোর্টকে মান্যতা দিলে মুম্বইয়ের একটি নিম্ন আদালত। যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে।

আদালত সূত্রে খবর, ২০১৭ সালে মহম্মদ মোল্লা (৫৭) এবং সইফুল (২৩) নামে দু’জনকে গ্রেপ্তার করে মুম্বই পুলিশ। সম্পর্কে বাবা–ছেলে মোল্লা ও সইফুলকে বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে আদালতে অভিযোগ করে পুলিশ। এমনকী তাঁরা বেআইনিভাবে অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ তোলা হয়। ওই দু’জন বাংলাদেশি ভাষাতে কথা বলেন এবং তাঁরা এমন কোনও নথি দেখাতে পারেননি যা প্রমাণ করে তাঁরা ভারতীয়। কিন্তু আদালতে দু’জনই ভারতীয় পাসপোর্ট ও ভোটার আইডি কার্ড জমা দেয়।

এই তথ্য পাওয়ার পরই আদালত জানিয়ে দেয়, পাসপোর্ট থাকাটাই যথেষ্ট নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে। একইভাবে ভোটার আইডি কার্ডও দেশের নাগরিক হিসেবে প্রমাণের যথেষ্ট নথি হিসাবে গ্রাহ্য। আদালতের এই রায়ের ফলে বিতর্ক তৈরি হয়েছে। রেশন কার্ড, আধার কার্ড বা অন্যান্য পরিচয়পত্র নাগরিকত্বের প্রমাণ হিসাবে গ্রাহ্য নয়? এই প্রশ্নই বিতর্কের সূত্রপাত।

এবার একধাক্কায় দাম বাড়ল দুধের!‌ পেঁয়াজের পর দুধের দামবৃদ্ধিতে নাভিশ্বাস আমজনতার-দৈনিক আজকাল

পেঁয়াজের দামে এমনিই নাজেহাল মধ্যবিত্ত। সেখানে গোদের ওপর এবার বিষফোঁড়া হয়ে দাঁড়াল দুধের দামবৃদ্ধি। দিল্লি–সহ দেশের একাধিক রাজ্যে রবিবার থেকে মাদার ডেয়ারির দুধের দাম বাড়ল। মাদার ডেয়ারির সঙ্গে দুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আমুলও। এক লিটার ও হাফ লিটার দুধের প্যাকেট কিনতে গেলে দিতে হবে বাড়তি মূল্য। মাদার ডেয়ারির পক্ষ থেকে জানানো হয়েছে, সবরকম দুধের ক্ষেত্রেই দাম বাড়ানো হয়েছে। বুথ থেকে টোকেন মারফত দুধ, প্যাকেটে থাকা টোনড মিল্ক, সব ক্ষেত্রেই দিতে হবে বেশি দাম। দিল্লিতে লিটার প্রতি ৩ টাকা দাম বাড়ানো হল।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৫