সেপ্টেম্বর ১৩, ২০২১ ১২:২২ Asia/Dhaka
  • একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৩ সেপ্টেম্বর সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:

  • স্কুল ছুটির পর স্বাস্থ্যবিধি ঢিলেঢালা-প্রথম আলো
  • নবম-দশমে গ্রুপ বিভাজন থাকবে না : শিক্ষামন্ত্রী-কালের কণ্ঠ
  • আফগানিস্তানে মানবিক সঙ্কট কাটাতে প্রয়োজন ৬০ কোটি ডলার- জাতিসংঘ-মানবজমিন
  • ভারত কথা দিয়েছে, সীমান্তে আর হত্যাকাণ্ড ঘটবে না: কাদের -যুগান্তর
  • বিশ্ব পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে: প্রধানমন্ত্রী -ইত্তেফাক
  • করোনার মতই টেনশন বাড়াচ্ছে ডেঙ্গু, হটস্পট জুরাইন--দৈনিক বাংলাদেশ প্রতিদিন

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • আগরতলায় অভিষেকের বুধবারের পদযাত্রার অনুমতি দিল না বিপ্লবের পুলিশ-আনন্দবাজার পত্রিকা
  • ভবানীপুরে মমতার পাল্টা ‘‌প্রতিবাদী মুখ’‌ প্রিয়াঙ্কা! বিজেপির নয়া কৌশল? -আজকাল
  • মার্কিন ফৌজকে ধোঁকা দেওয়ার গল্প শোনাল ‘ফ্যান্টম’ তালিবান নেতা জাবিউল্লা মুজাহিদ-সংবাদ প্রতিদিন

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

বিশ্ব পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে: প্রধানমন্ত্রী -ইত্তেফাক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা মনে করি বিশ্ব এগিয়ে যাচ্ছে, বিজ্ঞান-প্রযুক্তি এগিয়ে যাচ্ছে, আমাদের এর সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। সেজন্য শিক্ষাকার্যক্রমকে সময়োপযোগী করা একান্ত অপরিহার্য। আমাদের যে নীতিমালা আছে, নীতিমালার ভিত্তিতে আমরা শিক্ষাকার্যক্রম পরিচালনা করবো। কিন্তু এক্ষেত্রে সবসময় সবার সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলতে হবে এবং বিশ্ব পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। আর এই বিজ্ঞান-প্রযুক্তি জ্ঞানের ক্ষেত্রে বিশ্ব এগিয়ে যাচ্ছে, আমরা কোনো মতেই পিছিয়ে থাকতে পারি না। সোমবার (১৩ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে জাতীয় শিক্ষাক্রম রূপরেখার খসড়া উপস্থাপনা অবলোকনকালে তিনি এ কথা বলেন। 

স্কুল ছুটির পর স্বাস্থ্যবিধি ঢিলেঢালা-প্রথম আলো

বেলা ১১টা ২০ মিনিট। রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রভাতি শাখার ছুটি হয়েছে। শিক্ষার্থীরা একে একে স্বাস্থ্যবিধি মেনে বেরিয়ে আসছে। কিন্তু স্কুলের মূল ফটকের সামনেই অভিভাবকদের জটলা আর গাদাগাদি। অভিভাবকদের একটা অংশের এই গাদাগাদি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন অন্য অভিভাবকেরা। তাঁরা বলছেন, স্কুলে পাঠাতে ও স্কুলের ভেতরে যে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে, স্কুলের বাইরে বেরোলেই তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। এদিকে স্কুল কর্তৃপক্ষ বলছে, শিক্ষার্থীদের স্কুলে নিয়ে আসতে এবং স্কুল ছুটির পর বাসায় পৌঁছাতে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। দীর্ঘ দেড় বছর পর সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে গতকাল রোববার। আজ সোমবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দ্বিতীয় দিন। রাজধানীর মতিঝিল, আরামবাগ ও শাজাহানপুরে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে দেখা গেছে, শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে স্কুলে ঢোকানো হচ্ছে। স্কুল প্রাঙ্গণে অযথা কোনো শিক্ষার্থীকে ঘুরতে দেওয়া হচ্ছে না। শ্রেণিকক্ষগুলোতেও মাস্ক পরা বাধ্যতামূলক নিশ্চিত করছেন শিক্ষকেরা।

নবম-দশমে গ্রুপ বিভাজন থাকবে না : শিক্ষামন্ত্রী-কালের কণ্ঠ

নবম-দশম শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্যের মতো বিভাজন থাকবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এ ছাড়া নতুন শিক্ষাক্রমে ক্লাস থ্রি পর্যন্ত কোনো শ্রেণিতে পরীক্ষা থাকবে না বলেও জানান তিনি। আজ সোমবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় শিক্ষাক্রম রূপরেখা উপস্থাপনের পর সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। মন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষা হবে শুধু দশম শ্রেণির পাঠ্যক্রমের ওপর। এইচএসসি পরীক্ষার ফলাফল নির্ধারণ হবে একাদশ ও দ্বাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার ওপর।তিনি জানান, পরিমার্জিত কারিকুলামের খসড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন। শ্রেণিকক্ষেই পাঠদান সম্পন্ন করার ব্যবস্থা রেখে পরিমর্জিত কারিকুলাম প্রণয়ন করা হয়েছে। তবে এসএসসি ও এইচএসসি পরীক্ষা চলমান থাকবে বলে জানান তিনি।

ভারত কথা দিয়েছে, সীমান্তে আর হত্যাকাণ্ড ঘটবে না: কাদের -যুগান্তর

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারত সরকার কথা দিয়েছে, সীমান্তে আর হত্যাকাণ্ডের ঘটনা ঘটবে না। তারা এই প্রতিশ্রুতি রক্ষা করবে বলে আশা করি।  সোমবার নিজ বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন তিনি। বিএনপি নেতাদের সীমান্ত নিয়ে কথা বলা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তারা ভুলে গেছেন বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত সমস্যার সমাধান হয়েছে শেখ হাসিনার হাত ধরেই। বিএনপির মুখে ভারত বিরোধিতার ফেনা তুললেও ভারতের সঙ্গে নতজানু অবস্থান নিয়েছিল, যা তাদের সময়ে দেশবাসী দেখেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের মুখোশের আড়ালে ক্ষমতার জন্য দেশের স্বাধীনতা বিকিয়ে দিতেও দ্বিধাবোধ করে না।

আফগানিস্তানে মানবিক সঙ্কট কাটাতে প্রয়োজন ৬০ কোটি ডলার- জাতিসংঘ-মানবজমিন

আফগানিস্তানে মানবিক সঙ্কট কাটাতে প্রয়োজন ৬০ কোটি ৬০ লাখ ডলার। এই সহায়তা চেয়ে আজ সোমবার জেনেভায় সহায়তা সম্মেলন আহ্বান করেছে জাতিসংঘ। বৈশ্বিক এই সংগঠনের হিসাবে আফগানিস্তানে তালেবানরা ক্ষমতা দখলের পর সেখানে এক ভয়াবহ মানবিক সঙ্কট এগিয়ে আসছে। এ জন্য প্রয়োজন কমপক্ষে ৬০ কোটি ডলার। এর খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে আরো বলা হয়েছে, গত মাসে তালেবানরা ক্ষমতা কেড়ে নেয়ার আগেই কমপক্ষে এক কোটি ৮০ লাখ মানুষ বেঁচে ছিলেন ত্রাণের ওপর ভিত্তি করে। এখন আফগানিস্তানে তীব্র খরা। জনগণের হাতে নগদ অর্থ নেই।

করোনার মতই টেনশন বাড়াচ্ছে ডেঙ্গু, হটস্পট জুরাইন--দৈনিক বাংলাদেশ প্রতিদিন

দেশে করোনা রোগীর পাশাপাশি ডেঙ্গু রোগীও বাড়ছে আশঙ্কাজনক হারে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৩ হাজার ৮৭৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৫৬১ জন এবং মারা গেছেন ৫৪ জন। তবে ডেঙ্গুর প্রকোপ বেশি রাজধানীতে। পুরান ঢাকার বিভিন্ন এলাকায় ক্রমেই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এর মধ্যে যাত্রাবাড়ী, দোলাইরপাড়, শনির আখড়া, জুরাইন ও মুরাদপুর ডেঙ্গুর হটস্পট হিসেবে পরিণত হয়েছে। জুরাইনের অবস্থা বেশি ঝুঁকিপূর্ণ। এই এলাকায় গত আগস্ট থেকে এ পর্যন্ত আট জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে বলে জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর। 

আগরতলায় অভিষেকের বুধবারের পদযাত্রার অনুমতি দিল না বিপ্লবের পুলিশ-আনন্দবাজার পত্রিকা

 

আগামী বুধবার (১৫ সেপ্টেম্বর) আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পদযাত্রা করার অনুমতি দিল না ত্রিপুরা পুলিশ। পুলিশের তরফের জানানো হয়েছে, ওই দিন শহরে অন্য একটি রাজনৈতিক কর্মসূচি রয়েছে। অভিষেকের প্রস্তাবিত পদযাত্রার ‘রুট’ ধরেই হবে সেই কর্মসূচি। সে কারণে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে পদযাত্রার অনুমতি দেওয়া যাবে না।নিয়ম অনুযায়ী কোনও কর্মসূচির ৭২ ঘণ্টা আগে লিখিত ভাবে পুলিশের কাছে অনুমতি চাইতে হয়। সেই নিয়ম মেনে ওই রাজনৈতিক সংগঠনটি তৃণমূলের আগে তাদের কর্মসূচির জন্য অনুমতি নিয়েছে বলে পুলিশ সূত্রের খবর। যদিও আগরতলায় সাংবাদিক বৈঠকে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ‘‘পুলিশ অভিষেকের সভা অনুমতি দিয়েছিল। তার পর অনুমতি বাতিল করেছে। যদিও আমরা পুলিশের প্রস্তাবিত ‘রুট’ ধরেই পদযাত্রা করব বলেছিলাম।’’

ভবানীপুরে মমতার পাল্টা ‘‌প্রতিবাদী মুখ’‌ প্রিয়াঙ্কা! বিজেপির নয়া কৌশল? -আজকাল

রাজনৈতিক মহল বলছে, "একপেশে" লড়াই হবে। তাতে দমছে না গেরুয়া শিবির। জোর কদমে নির্বাচনী বৈঠক, দেওয়াল লেখা, প্রচার চলছে। এই আবহেই সোমবার মনোনয়ন জমা করলেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। এর ঠিক আগে নিজের ফেসবুক পেজ থেকে লাইভ করলেন তিনি। সেখানেই তাঁর দাবি, "যুদ্ধে নেমেছি"। ভবানীপুরের মানুষের জন্য তাঁর বার্তা, "প্রতিশোধ নয়, প্রতিবাদের লড়াই করছি"।পেশায় আইনজীবী প্রিয়াঙ্কাকে ‘‌প্রতিবাদী মুখ’‌ বানাতে তৎপর বিজেপি। কিন্তু কেন? একসময় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি স্কুলে শিশুর শ্লীলতাহানির অভিযোগে ওঠে। শিশুটির পক্ষে আইনজীবী হিসেবে মাঠে নামেন প্রিয়াঙ্কা। সেই প্রথম প্রচারের আলোয় আসেন তিনি। ২০২১ বিধানসভা নির্বাচনের পরে বিজেপির তরফে যে "ভোট পরবর্তী হিংসা" ইস্যুকে সামনে রেখে রাজ্য সরকারের বিরুদ্ধে লড়াই শুরু হয়, সেই আইনজীবী টিমের অন্যতম সদস্য প্রিয়াঙ্কা।

মার্কিন ফৌজকে ধোঁকা দেওয়ার গল্প শোনাল ‘ফ্যান্টম’ তালিবান নেতা জাবিউল্লা মুজাহিদ-সংবাদ প্রতিদিন

শেষ হয়েছে আমেরিকার ‘মিশন আফগানিস্তান’ (Mission Afghanistan)। প্রায় দুই দশকের যুদ্ধ শেষে ৩০ আগস্ট কাবুল থেকে বিদায় নেয় মার্কিন ফৌজের শেষ বিমান। অত্যাধুনিক হাতিয়ার, প্রচুর টাকা ও খাতায় কলমে ৩ লক্ষ আফগান সেনাও তালিব রক্তবীজদের ধ্বংস করতে পারেনি। আর ওই সময় কীভাবে মার্কিন ও আফগান ফৌজকে ধোঁকা দিয়েছিল সেই কথা সগর্বে শোনাল তালিবান (Taliban) মুখপাত্র ও বতমন আফগান সরকারের ডেপুটি ইনফরমেশন মিনিস্টার জাবিউল্লা মুজাহিদ। প্রায় এক দশক পর রবিবার সংবাদমাধ্যমে মুজাহিদ জানায়, যুদ্ধের সময়ে কাবুলে আমেরিকা ও আফগান সেনার চোখে ধুলো দিয়ে তাদের নাকের ডগায় ছিল সে। তাও কিছুই করতে পারেনি তারা। বলে রাখা ভাল, তার নাম শোনা গেলেও সেই সময় স্বচক্ষে তাকে কেউ দেখেনি। কার্যত ‘ফ্যান্টম’ ওই তালিব নেতাকে পাকড়াও করার অনেক চেষ্টা করে মার্কিন ফৌজ। ‘The Express Tribune’ সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে মুজাহিদ বলে, “সেই সময় আমেরিকা ও আফগানিস্তানের ফৌজ মনে করত আসলে আমার কোনও অস্তিত্ব নেই। আমি এতবার তাদের ফাঁদ কেটে পালিয়েছি যে তারা মনে করত আসলে জাবিউল্লা একটি কাল্পনিক চরিত্র।”#

পার্সটুডে/বাবুল আখতার/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।