সেপ্টেম্বর ৩০, ২০২১ ১৩:৩৫ Asia/Dhaka
  • একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • ক্রিকেটার নাসির ও তাঁর স্ত্রী-শাশুড়িকে আদালতে হাজির হতে হবে-প্রথম আলো
  • মুহিবুল্লাহর হত্যাকারীদের বিচার চাইলেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা-মানবজমিন
  •  একই পত্রিকার ভিন্ন একটি শিরোনাম: রোহিঙ্গা নেতা হত্যাকাণ্ডে দেশের ভাবমূর্তি বিনষ্ট হয়েছে: বলেছেন ফখরুল
  • সরকারি কর্মকর্তাদের সুখবর দিল তালেবান-যুগান্তর
  • ঘুষের টাকা না দেওয়ায় আমার কাজ হয়নি: প্রতিমন্ত্রী-কালের কণ্ঠ
  • বাইরে সভা করার অধিকার হরণ করেছে সরকার : মির্জা আব্বাস-দৈনিক নয়া দিগন্ত

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • দু’টি কোভিড টিকা নেওয়ার পরেও ২৭ জন ডাক্তারি পড়ুয়া সংক্রমিত মুম্বইয়ের হাসপাতালে!-আনন্দবাজার পত্রিকা
  • পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুক বিশ্ব’, ইমরানের দেশকে ‘একঘরে’ করার ডাক আমেরিকার-সংবাদ প্রতিদিন
  • ভবানীপুরে ভোটদানের হার কম, শহরবাসীকে বুথমুখী করতে টুইট ফিরহাদের-আজকাল

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

ক্রিকেটার নাসির ও তাঁর স্ত্রী-শাশুড়িকে আদালতে হাজির হতে হবে-প্রথম আলো

তালাক যথাযথভাবে হয়নি জেনেও তামিমা সুলতানাকে বিয়ে করার অভিযোগে করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন, তাঁর স্ত্রী তামিমা সুলতানা ও তামিমার মা সুমি আক্তারকে আদালতে হাজির হতে সমন জারির আদেশ দিয়েছেন আদালত।

আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এই আদেশ দেন। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী হেলাল উদ্দিন।

আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই মামলায় ক্রিকেটার নাসির হোসেন, তামিমা সুলতানা এবং সুমি আক্তারের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আদালতে পিবিআইয়ের প্রতিবেদন আমলে নিয়ে মামলার আসামি ক্রিকেটার নাসিরসহ তিনজনকে আগামী ৩১ অক্টোবর আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দেন

ঘুষের টাকা না দেওয়ায় আমার কাজ হয়নি: প্রতিমন্ত্রী-কালের কণ্ঠ

ঘুষ না দেওয়ায় জমি রেজিস্ট্রি করতে পারেননি স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। এ কথা তিনি লজ্জায় কাউকে বলতে পারেননি বলে জানিয়েছেন। বুধবার বেলা সাড়ে ১১টায় যশোরের মণিরামপুর উপজেলা পরিষদ চত্বরে জনপ্রতিনিধি, সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত জনসচেতনতা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।  

প্রতিমন্ত্রী বলেন, সরকারি প্রতিষ্ঠানে লেখা আছে, ‘আমি ও আমার অফিস দুর্নীতি মুক্ত’, এ কথা কেউ বিশ্বাস করলেও আমি করি না। এক সপ্তাহ আগে আমার ছেলেকে জমি রেজিস্ট্রি করতে পাঠিয়েছিলাম। কিন্তু ঘুষের টাকা না দেওয়ায় আমার কাজ হয়নি। আমি লজ্জায় তা কাউকে বলতেও পারিনি। ফলে এ ধরনের সাইনবোর্ড দিয়ে মানুষকে বিভ্রান্ত করা যাবে না।

মুহিবুল্লাহর হত্যাকারীদের বিচার চাইলেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা-মানবজমিন

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। তাদের অনেকে মুহিবুল্লাহকে মানবাধিকারের চ্যাম্পিয়ন আখ্যা দিয়ে অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার এক টুইটে লিখেছেনঃ"রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবাধিকারের একজন সাহসী চ্যাম্পিয়ন মোহাম্মদ মুহিবুল্লাহর হত্যাকাণ্ডে শোকাহত ও বিচলিত। আমি তার পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং আশা করি অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।"বাংলাদেশে নিযুক্ত বৃটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন টুইট করেছেনঃ"আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস এর নেতা মুহিবুল্লাহর হত্যাকাণ্ডে মর্মাহত ও শোকাহত। তার পরিবার, বন্ধুবান্ধব এবং রোহিঙ্গা সম্প্রদায়ের জন্য এটি এক মর্মান্তিক ক্ষতি। আমার আন্তরিক সমবেদনা।"

রোহিঙ্গা নেতা হত্যাকাণ্ডে দেশের ভাবমূর্তি বিনষ্ট হয়েছে: ফখরুল-দৈনিক মানবজমিন

কক্সবাজারের উখিয়ায় লাম্বাশিয়া রোহিঙ্গা শিবিরে বুধবার রাতে সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক রোহিঙ্গা নেতা মুহিবুল্লাকে গুলি করে নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে হত্যাকারীদের বিচারের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান তিনি।বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, রোহিঙ্গা নেতা মুহিবুল্লাকে গুলি করে নৃশংসভাবে হত্যার ঘটনা রোহিঙ্গা শরণার্থী শিবিরে নিরাপত্তা দিতে বর্তমান সরকারের ব্যর্থতার আরও একটি কু-নজির। রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ যিনি রোহিঙ্গাদেরকে স্বদেশে প্রত্যাবর্তনের জন্য অত্যন্ত সোচ্চার ছিলেন, তাকে গুলি করে বর্বরোচিত কায়দায় হত্যার ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন ও মর্মাহত। আমি এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সরকারি কর্মকর্তাদের সুখবর দিল তালেবান-যুগান্তর

ইসলামিক আমিরাত অব আফগানিস্তানের দ্বিতীয় উপপ্রধানমন্ত্রী আবদুস সালাম হানাফি বলেছেন, জনগণের সমস্যা সমাধানে সাহায্য করার জন্য সরকার তার কর্মচারীদের বেতন পরিশোধ করবে।

আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজ এ তথ্য জানায়। আবদুস সালাম হানাফি বলেন, শীত মৌসুম ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সরকার উন্নয়ন কর্মসূচি পুনরায় চালুর পরিকল্পনা করছে। সরকারি কর্মকর্তারা বলছেন, কিছু উন্নয়ন কর্মসূচি আবার চালু হয়েছে। আর সপ্তাহে সাত দিন, ২৪ ঘণ্টা কাস্টমসের কার্যক্রম চলবে। অর্থ মন্ত্রণালয়ের এক সভায় হানাফি যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশকে আটকে রাখা আফগানিস্তানের সম্পদ ফেরত দেওয়ার আহ্বান জানান।

বাইরে সভা করার অধিকার হরণ করেছে সরকার : মির্জা আব্বাস-দৈনিক নয়া দিগন্ত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বাইরে আমরা একটা সভা করব সেই অধিকারটুকু আমাদের নাই। এই ফ্যাসিস্ট সরকার সেই অধিকার হরণ করে নিয়ে গেছে। সেই অধিকার আদায় করতে হবে।

বৃহস্পতিবার বিকেলে বিএনপি নেতা নজরুল ইসলাম খানের রোগমুক্তি কামনায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে শ্রমিকদল আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, আমাদেরকে কথা বলার অধিকার আদায় করতে হবে। রাজপথে মিছিল করার অধিকার আদায় করতে হবে। রাজপথে মিছিল করে ভোটের অধিকার আদায় করতে হবে। এই সরকারের পতনের ব্যবস্থা করতে হবে।

দু’টি কোভিড টিকা নেওয়ার পরেও ২৭ জন ডাক্তারি পড়ুয়া সংক্রমিত মুম্বইয়ের হাসপাতালে!-আনন্দবাজার পত্রিকা

কোভিড টিকা নেওয়ার পরেও মুম্বইয়ের একটি মেডিক্যাল কলেজের ২৭ পড়ুয়া করোনাভাইরাস সংক্রমণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠল!সরকারি সূত্রের খবর, কিং এডওয়ার্ড মেমোরিয়াল (এমইএম) মেডিক্যাল কলেজের মোট ২৯ জন পড়ুয়া করোনা আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ২৭ জন দু’টি কোভিড-১৯ টিকাই নিয়েছেন। আক্রান্তদের মধ্যে ২৩ জন এমবিবিএস পাঠক্রমের দ্বিতীয় বর্ষের এবং ৬ জন প্রথম বর্ষের পড়ুয়া। 

আক্রান্ত পড়ুয়াদের মধ্যে দু’জন শহরের সেভেন হিল্‌স হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদের পাঠানো হয়েছে বিচ্ছিন্নবাসে। প্রসঙ্গত, মুম্বইয়ের কেভিএম মেডিক্যাল কলেজ হাসাপাতালে এমবিবিএস পড়ুয়ায় সংখ্যা প্রায় ১,১০০।

ভবানীপুরে ভোটদানের হার কম, শহরবাসীকে বুথমুখী করতে টুইট ফিরহাদের-আজকাল

দুপুর ১টা পর্যন্ত সবচেয়ে কম ভোট পড়েছে ভবানীপুরে। দুপুর ১ টা পর্যন্ত ভোট পড়ল ৩৫.‌৯৭ শতাংশ, জঙ্গিপুরে ৫৩.‌৭৮ শতাংশ, সামশেরগঞ্জে ভোট পড়ল ৫৭.‌১৫ শতাংশ। আর এই নিয়ে চিন্তিত গেরুয়া শিবির। পাশাপাশি ভোটারদের আহ্বান জানিয়েছেন তৃণমূল নেতারা। সকালে ভোটদানের ট্রেন্ড দেখেই ফিরহাদ টুইটে লেখেন, ‘‌সকলকে ভোটদানের জন্য অনুরোধ জানাচ্ছি। উন্নয়ন ও সমানাধিকারের জন্য ভোট দিন।’‌ 

পাশপাশি ভবানীপুর-‌সহ বাকি দুই কেন্দ্রের ভোটারদের উদ্দেশে টুইট করেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখার্জি। যদিও সেটি তাঁর করা নয় বলে দাবি সুব্রতর। ওই টুইটে লেখা রয়েছে, ‘‌ভবানীপুর-‌সহ বাকি আসনে উপনির্বাচন হচ্ছে। আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আমাদের ভোটারদের দিদির পক্ষে ভোট দিতে উদ্বুদ্ধ করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে দিদি বিপুল ভোটে জয়ী হবেন।’‌ এই নিয়ে থানার দ্বারস্থও হচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুক বিশ্ব’, ইমরানের দেশকে ‘একঘরে’ করার ডাক আমেরিকার-সংবাদ প্রতিদিন

যত সময় যাচ্ছে ততই গোটা বিশ্বের কাছে পাকিস্তানের (Pakistan) ভাবমূর্তি মলিন থেকে মলিনতর হয়ে উঠছে। এমনিতেই দীর্ঘ দিন ধরে ‘ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স’-এর (FATF) ধূসর তালিকায় রয়েই গিয়েছে ইমরানের (Imran Khan) দেশ। এবার ইসলামাবাদর বিরুদ্ধে তোপ দেগে মার্কিন বিশেষজ্ঞ দাবি করলেন, পাকিস্তানের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করুক বিশ্ব। কার্যত পাকিস্তানকে আরও কোণঠাসা করার দাবি করলেন তিনি।

আর্থার হেরম্যান নামের ওই বিশেষজ্ঞ ‘দ্য হিল’ পত্রিকায় এই দাবি জানিয়েছেন। ২০০২ সাল থেকে পাকিস্তানকে আর্থিক সহায়তা করে চলেছে আমেরিকা (America)। যার একটা সিংহভাগ অর্থই দেওয়া হয়েছে সন্ত্রাসের মোকাবিলা করার জন্য। কিন্তু সেই অর্থে কার্যত উলটো কাজই করছে ইসলামাবাদ, এমনই অভিযোগ হেরম্যানের। সব মিলিয়ে রীতিমতো ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছে তাঁকে।#

পার্সটুডে/এমবিএ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।