হিরো আলমের ওপর হামলার ঘটনায় জাতিসংঘ প্রতিনিধির উদ্বেগ
সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস গ্রহণযোগ্য নয়: মো.আলমগীর
ঢাকা ১৭ উপ নির্বাচনের সুষ্ঠু ভোট গ্রহণকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস চালানো হয়েছে, যা কোন ভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো.আলমগীর। আজ মঙ্গলবার নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকেদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ভোটগ্রহণের শেষ দিকে এসে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনাকে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস বলেই মনে করেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেন, ভোটের শেষ পর্যায়ে এমন ঘটনার কী উদ্দেশ্য তা পুলিশি তদন্তে বেরিয়ে আসবে। আর আইন শৃঙ্খলায় কোনও অবহেলা থাকলে তাও খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য ডিএমপি কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে বলেও গণমাধ্যমকে জানিয়েছেন এই কমিশনার।
এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে একতারা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেয়া হবে।হিরো আলমের ওপর হামলার ঘটনায় ৮ জনকে আটক করা হয়েছে। আজ দুপুরে সচিবালয়ে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে, তিনি এসব কথা বলেন। এসময় সহিংসতা ছাড়া নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে প্রত্যেকের যে মৌলিক মানবাধিকার, তা নিশ্চিত ও সুরক্ষিত করার আহবান জানান গোয়েন লুইস।
উল্লেখ্য, গতকাল সোমবার ভোটের শেষ দিকে বেলা ৩টার পরে বনানী বিদ্যা নিকেতন কেন্দ্রের বাইরে হিরো আলম হামলার শিকার হন।#
পার্সটুডে/বাদশা রহমান/বাবুল আখতার/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ