যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য ইসলামাবাদে কোনো ইরানি প্রতিনিধিদল যায়নি: রিপোর্ট
https://parstoday.ir/bn/news/iran-i158638-যুক্তরাষ্ট্রের_সঙ্গে_আলোচনার_জন্য_ইসলামাবাদে_কোনো_ইরানি_প্রতিনিধিদল_যায়নি_রিপোর্ট
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য ইসলামাবাদে কোনো ইরানি প্রতিনিধিদল পৌঁছায়নি—এমনটাই জানিয়েছে একটি প্রতিবেদন। একই সঙ্গে ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘোষণা করেছেন, “হুমকির মুখে” তারা কোনো আলোচনায় অংশ নেবেন না, বিশেষ করে সমুদ্রে যুক্তরাষ্ট্রের নতুন করে আগ্রাসী পদক্ষেপের প্রেক্ষাপটে।
(last modified 2026-04-21T11:47:26+00:00 )
এপ্রিল ২১, ২০২৬ ১৭:০৪ Asia/Dhaka
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য ইসলামাবাদে কোনো ইরানি প্রতিনিধিদল যায়নি: রিপোর্ট

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য ইসলামাবাদে কোনো ইরানি প্রতিনিধিদল পৌঁছায়নি—এমনটাই জানিয়েছে একটি প্রতিবেদন। একই সঙ্গে ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘোষণা করেছেন, “হুমকির মুখে” তারা কোনো আলোচনায় অংশ নেবেন না, বিশেষ করে সমুদ্রে যুক্তরাষ্ট্রের নতুন করে আগ্রাসী পদক্ষেপের প্রেক্ষাপটে।

বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক গণমাধ্যমে ইরানি প্রতিনিধিদল আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছানোর কথা বলা হলেও, আইআরআইবি নিউজ এজেন্সি মঙ্গলবার জানায়, “এ পর্যন্ত ইরান থেকে কোনো প্রতিনিধিদল পাকিস্তানের ইসলামাবাদে যায়নি—না প্রধান, না সহায়ক; না প্রাথমিক, না দ্বিতীয় কোনো দল।”

প্রতিবেদনটি আরও জানায়, শনিবার থেকে যে সব খবর ছড়ানো হচ্ছিল—ইরানি দলের ‘রওনা হওয়া’ বা ‘পৌঁছানো’, এমনকি বৈঠকের নির্দিষ্ট সময় নিয়েও যে আলোচনা ছিল—সবই সম্পূর্ণ ভিত্তিহীন।

ওয়াশিংটনের পক্ষ থেকে দুই সপ্তাহ আগে হওয়া যুদ্ধবিরতির প্রকাশ্য লঙ্ঘনের পর ইরানের এই কঠোর অবস্থান সামনে আসে। ইরানি কর্মকর্তারা  সন্ধ্যা থেকেই বলে আসছেন, “যুক্তরাষ্ট্রের আচরণ ও অবস্থানের পরিবর্তনের ওপরই আলোচনার ধারাবাহিকতা নির্ভর করবে।”

এই দৃঢ় বার্তাকে আরও জোরালো করে ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের কলিবফ সোমবার বলেন, মার্কিন প্রেসিডেন্ট তেহরানকে আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা করছেন। তিনি এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে লেখেন, “ট্রাম্প অবরোধ আরোপ করে এবং যুদ্ধবিরতি ভঙ্গ করে—নিজের ভ্রান্ত ধারণায়—আলোচনার টেবিলকে আত্মসমর্পণের টেবিলে পরিণত করতে বা নতুন করে যুদ্ধ উসকে দেওয়ার অজুহাত তৈরি করতে চান।” মোহাম্মদ বাকের কলিবফ তেহরানের অবস্থানকে একেবারে স্পষ্ট করে তুলে ধরেন। তিনি বলেন, “হুমকির ছায়ায় আমরা কোনো আলোচনায় অংশ নিই না।” একই সঙ্গে তিনি সতর্ক করে দেন, “গত দুই সপ্তাহে আমরা যুদ্ধক্ষেত্রে নতুন কৌশল উন্মোচনের জন্য নিজেদের প্রস্তুত করেছি।”

রোববার ওমান সাগরে মার্কিন নৌবাহিনী একটি ইরানি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করার পর পরবর্তী দফার আলোচনাকে ঘিরে অনিশ্চয়তা আরো বেড়ে যায়। ইরানের সামরিক বাহিনী ঘটনাটিকে “অপরাধমূলক অভিযান” ও “সমুদ্রদস্যুতা” হিসেবে নিন্দা জানায় এবং পুনর্ব্যক্ত করে যে তাদের প্রতিক্রিয়ামূলক অবস্থান এখনো সক্রিয় রয়েছে।#

পার্সটুডে/এমবিএ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন