বিএনপির অনেকেই উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেবেন: ওবায়দুল কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i67980-বিএনপির_অনেকেই_উপজেলা_পরিষদ_নির্বাচনে_অংশ_নেবেন_ওবায়দুল_কাদের
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেবেন, রাষ্ট্রীয়ভাবে এ খবর আমরা পেয়েছি।'
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ফেব্রুয়ারি ০৯, ২০১৯ ১৩:১৫ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেবেন, রাষ্ট্রীয়ভাবে এ খবর আমরা পেয়েছি।'

আজ (শনিবার) সকালে ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘বিরোধী দল শক্তিশালী হলে গণতন্ত্রের জন্য ভালো। বিএনপি দুর্বল হোক, সেটা আমরা চাই না। কিন্তু তারা নিজেদের নেতিবাচক রাজনীতির জন্য দুর্বল হলে আমাদের কিছু করার নেই।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী কাদের বলেন, 'বিএনপি নির্বাচনে অংশ নেওয়ার আগেই হেরে যায়। তারা নালিশের রাজনীতি করছে। তারা নেতিবাচক রাজনীতি আঁকড়ে ধরে আছে। তারা পুরোনো মরচে ধরা হাতিয়ার নেতিবাচক রাজনীতির হাতিয়ার ব্যবহার করছে।'

উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফায় আওয়ামী লীগ–মনোনীত চেয়ারম্যান পদে ৮৭ প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, এটি তালিকা প্রকাশের প্রথম ধাপ। ১৯ সদস্যের মনোনয়ন বোর্ড এই তালিকা চূড়ান্ত করেছে।

এ সময় ওবায়দুল কাদের চেয়ারম্যান প্রার্থিদের নিজ নিজ এলাকায় গিয়ে  কাজে যোগ দেওয়ার আহ্বান জানান। উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দিলেও ভাইস চেয়ারম্যান পদ উন্মুক্ত থাকবে বলে জানান কাদের।

নির্বাচন কমিশন সূত্র জানায়, প্রথম ধাপের নির্বাচনে ৮৭টি উপজেলায় ভোট গ্রহণ করা হবে আগামী ১০ মার্চ। এ জন্য চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১১ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাই হবে ১২ ফেব্রুয়ারি এবং প্রত্যাহারের শেষ দিন ১৯ ফেব্রুয়ারি।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৯

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন