আলাস্কা উপকূলের কাছে প্রথমবারের মতো চীন ও রাশিয়ার যৌথ মহড়া
https://parstoday.ir/bn/news/event-i139946-আলাস্কা_উপকূলের_কাছে_প্রথমবারের_মতো_চীন_ও_রাশিয়ার_যৌথ_মহড়া
আলাস্কা উপকূলের কাছে আন্তর্জাতিক আকাশসীমায় রাশিয়া ও চীনের কয়েকটি যুদ্ধবিমান প্রতিহত করার ঘোষণা দিয়েছে আমেরিকার সেনাবাহিনী। মার্কিন বাহিনীর এ ঘোষণা সত্যি হয়ে থাকলে তা হবে ওই এলাকায় এশিয়ার দুই মিত্র দেশের প্রথম কোনো বিমান মহড়া।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২৬, ২০২৪ ১১:২০ Asia/Dhaka
  • আলাস্কা উপকূলের কাছে প্রথমবারের মতো চীন ও রাশিয়ার যৌথ মহড়া

আলাস্কা উপকূলের কাছে আন্তর্জাতিক আকাশসীমায় রাশিয়া ও চীনের কয়েকটি যুদ্ধবিমান প্রতিহত করার ঘোষণা দিয়েছে আমেরিকার সেনাবাহিনী। মার্কিন বাহিনীর এ ঘোষণা সত্যি হয়ে থাকলে তা হবে ওই এলাকায় এশিয়ার দুই মিত্র দেশের প্রথম কোনো বিমান মহড়া।

মার্কিন সেনাবাহিনীর নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড বা নোরাড বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার দু'টি টিইউ-৯৫ এবং চীনের দু’টি এইচ-৬ যুদ্ধবিমান মঙ্গলবার আলাস্কার এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে ঢুকে পড়েছিল।

বিবৃতিতে বলা হয়, আলাস্কার বিশেষায়িত আকাশসীমায় প্রবেশের আগেই রাশিয়া ও চীনের যুদ্ধবিমানগুলোকে সতর্ক করা হয়; ফলে সেগুলো আর মার্কিন আকাশসীমায় প্রবেশ করেনি।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সিবিএস নিউজকে জানান, চীন ও রাশিয়ার যুদ্ধবিমানগুলোকে প্রতিহত করার কাজে এফ-১৬ ও এফ-৩৫ জঙ্গিবিমান ব্যবহার করে মার্কিন বাহিনী। সেইসঙ্গে কানাডার একটি সিএফ-১৮ যুদ্ধবিমানও এ কাজে অংশগ্রহণ করে।

ওই কর্মকর্তা বলেন, এই প্রথম রাশিয়া ও চীনের যুদ্ধবিমান যৌথভাবে আলাস্কার আকাশসীমার কাছে মহড়া দিল। এছাড়া, চীনের কোনো এইচ-৬ যুদ্ধবিমান এর আগে ওই এলাকায় আসেনি বলেও তিনি জানান। তবে মার্কিন সামরিক বাহিনী চীনা ও রুশ যুদ্ধবিমানের এ তৎপরতাকে ‘আমেরিকার জন্য হুমকি’ বলে মনে করেনি। #

পার্সটুডে/এমএমআই/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।