স্পর্শকাতর ঘটনাবলী
শলাপরামর্শের জন্য চীন গেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী
-
আব্বাস আরাকচি
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরানের পরমাণু ইস্যুকে ঘিরে নানা রকমের নতুন স্পর্শকাতর ঘটনাবলী আবর্তিত হচ্ছে এবং ২০২৫ সালে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা জরুরি হয়ে পড়েছে। এসব বিষয়ে শলাপরামর্শ করার জন্য তিনি চীন সফর করছেন।
গতকাল (শুক্রবার) চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছে আব্বাস আরাকচি সাংবাদিকদের একথা জানান। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র আমন্ত্রণে তিনি এই সফর করছেন বলেও জানান।
তিনি বলেন, চলমান সফরের মূল উদ্দেশ্য হচ্ছে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুগুলো নিয়ে শলাপরামর্শ করা। তিনি বলেন, ইরান সবসময় আঞ্চলিক এবং আন্তর্জাতিক সমস্যা নিয়ে চীনের সাথে শলাপরামর্শ করে এবং দুই দেশের মধ্যে সবসময় ভালো সম্পর্ক ছিল। এর ধারাবাহিকতায় ইরান এবং চীন দ্বিপক্ষীয় সহযোগিতা অব্যাহত রাখবে বলে আরাকচি উল্লেখ করেন।
আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন ঘটনার কথা উল্লেখ করে আব্বাস আরাকচি বলেন, আমরা এই মুহূর্তে স্পর্শকাতর পরিস্থিতির মুখে। এ অবস্থায় আঞ্চলিক এবং আন্তর্জাতিক ঘটনাবলী নিয়ে বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে তেহরান ও বেইজিংয়ের মধ্যে গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা হওয়া জরুরি।
এর আগে, গতকাল চীনের রাষ্ট্রীয় সংবাদপত্র চায়না ডেইলিতে প্রকাশিত এক কলামে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তার এই সফরের মধ্যদিয়ে ইরান এবং চীনের মধ্যে কৌশলগত সহযোগিতা এবং দ্বিপক্ষীয় সম্পর্কের সোনালী অধ্যায় রচিত হবে।#
পার্সটুডে/এসআইবি/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।