কাঁটাতারের বেড়া নিয়ে উত্তেজনার মধ্যেই সীমান্তে মহড়া শুরু করলো বিএসএফ
https://parstoday.ir/bn/news/event-i146272-কাঁটাতারের_বেড়া_নিয়ে_উত্তেজনার_মধ্যেই_সীমান্তে_মহড়া_শুরু_করলো_বিএসএফ
বাংলাদেশ-ভারত সীমান্তে ১০ দিনের ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু করেছে ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ)। বেশ কয়েক দিন ধরেই সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে ঢাকা-দিল্লির মধ্যে উত্তেজনা চলছে।
(last modified 2026-03-08T13:29:51+00:00 )
জানুয়ারি ২৪, ২০২৫ ১৮:৩৩ Asia/Dhaka
  • কাঁটাতারের বেড়া নিয়ে উত্তেজনার মধ্যেই সীমান্তে মহড়া শুরু করলো বিএসএফ

বাংলাদেশ-ভারত সীমান্তে ১০ দিনের ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু করেছে ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ)। বেশ কয়েক দিন ধরেই সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে ঢাকা-দিল্লির মধ্যে উত্তেজনা চলছে।

এমন পরিস্থিতিতের মধ্যে এই সীমান্তে এই মহড়া শুরু করলো তারা। গত ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া ওই মহড়া চলবে ৩১ জানুযারি পর্যন্ত। বিএসএফ কর্তৃক প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তির উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এএনআই। ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে সীমান্ত নিরাপত্তা জোরদার করার লক্ষ্যেই এই মহড়া শুরু হয়েছে বলে দাবি ভারত সরকারের। বিএসএফের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি বিবেচনা করে ৭৬তম প্রজাতন্ত্র দিবসের আগে এই পদক্ষেপ নেয়া হয়েছে। নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ-ভারতের দীর্ঘ ৪ হাজার ৯৬ কিলোমিটার সীমান্তের সকল ফিল্ড ফর্মেশনে ওই সতর্কতা মহড়া শুরু করেছে বিএসএফ। এর মাধ্যমে সীমান্ত ফাঁড়িগুলোকে জোরালো করছে তারা। এই মহড়ার সময় দুই দেশের সীমান্তে টহল এবং অন্যান্য দায়িত্ব জোরদার করা হবে।

এ সময় বিএসএফের অতিরিক্ত মহাপরিচালক (পূর্বাঞ্চল) ও অন্যান্য কর্মকর্তারা পূর্বাঞ্চলীয় কমান্ড এলাকার দিন-রাতের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেছেন। দক্ষিণবঙ্গ সীমান্তে বিএসএফের অপারেশনাল প্রস্তুতি এবং কৌশলগত মোতায়েন তদারকি করতে অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) রবি গান্ধী সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন। তিনি সকল ফিল্ড ফর্মেশনকে বিশেষভাবে নদী সীমান্ত এবং যেখানে কাঁটাতারের বেড়া নেই সে সব এলাকায় নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন। এছাড়া ‘অপস অ্যালার্ট’ মহড়ার সময় সীমান্তে বিএসএফ'র সেনারা গভীর পর্যবেক্ষণীয় মহড়া পরিচলনা করবে বলে উল্লেখ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।#

পার্সটুডে/এমআরএইচ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।