ট্রাম্পের পরিকল্পনা কঠোর ভাষায় প্রত্যাখ্যান
ট্রাম্প তার পরিকল্পনা ও বিশ্বাস নিয়ে জাহান্নামে যাক: গাজাবাসীর প্রতিক্রিয়া
-
ফিলিস্তিনি শরণার্থী
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজাবাসী ফিলিস্তিনিদের বহিষ্কার করে এই উপত্যকা দখল করে নেয়ার যে মনোবাসনা ব্যক্ত করেছেন তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছেন ফিলিস্তিনি জনগণ। তারা বলেছেন, তারা তাদের ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ি কখনও পরিত্যাগ করবেন না।
উত্তর গাজার জাবালিয়া শরনার্থী শিবিরের কাছে ইসরাইলি বোমা হামলায় নিজ ঘরবাড়ি হারানো পাঁচ সন্তানের পিতা সামির আবু বাসেল বলেছেন, “ট্রাম্প তার এই পরিকল্পনা ও বিশ্বাস নিয়ে জাহান্নামে যাক। আমরা গাজা ছেড়ে কোথাও যাব না। আমরা তার কোনো সম্পদ নই যে সে আমাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে।”
বাসেল বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে আরো বলেন, “ট্রাম্প যদি সংঘাতের অবসান চান তাহলে তিনি ইসরাইলিদের ধরে নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্যে থাকতে দিতে পারেন। তারাই হচ্ছে বহিরাগত, ফিলিস্তিনিরা নয়। আমরা এই ভূখণ্ডের মালিক।”
বাস্তুচ্যুত এই ফিলিস্তিনি পিতা আরো বলেন, “ট্রাম্প অত্যন্ত দম্ভের সঙ্গে কথা বলেন...তিনি আমাদেরকে পরীক্ষা করে দেখতে পারেন এবং অচিরেই তিনি বুঝবেন তার রসিকতা আমাদের ক্ষেত্রে কাজ করে না।”
এদিকে হামাসের অন্যতম শীর্ষ কর্মকর্তা সামি আবু জুহরি ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনাকে ‘হাস্যকর ও বাতিল’ ঘোষণা করে বলেছেন, এ ধরনের যেকোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে আসার অর্থ হবে গোটা অঞ্চলে আগুন জ্বালিয়ে দেয়া। #
পার্সটুডে/এমএমআই/এমএআর/৭