আলোচনার আবেদন জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতাকে চিঠি দিয়েছি: ট্রাম্প
https://parstoday.ir/bn/news/event-i147796-আলোচনার_আবেদন_জানিয়ে_ইরানের_সর্বোচ্চ_নেতাকে_চিঠি_দিয়েছি_ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি তেহরানের সঙ্গে আলোচনার আবেদন জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতার কাছে একটি চিঠি পাঠিয়েছেন।  তিনি ফক্স বিসনেসকে দেয়া এক সাক্ষাৎকারে এ দাবি জানিয়েছেন বলে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৮, ২০২৫ ০৬:৩৫ Asia/Dhaka
  • ট্রাম্প
    ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি তেহরানের সঙ্গে আলোচনার আবেদন জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতার কাছে একটি চিঠি পাঠিয়েছেন।  তিনি ফক্স বিসনেসকে দেয়া এক সাক্ষাৎকারে এ দাবি জানিয়েছেন বলে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি আলোচনার আবেদন জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতার কাছে একটি চিঠি পাঠিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, গত বৃহস্পতিবার (৬ মার্চ) চিঠিটি ইরানি কর্মকর্তাদের হাতে পৌঁছে দেয়া হয়েছে। তবে কোথায়, কখন, কোন ইরানি কর্মকর্তা এ চিঠি হাতে পেয়েছেন তা তিনি জানাননি।

রয়টার্সসহ অন্যান্য বার্তা সংস্থাও এ খবর দিয়েছে যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তেহরানের সঙ্গে আলোচনায় বসতে চান। তিনি বৃহস্পতিবার ইরানের কাছে চিঠি পাঠিয়ে এ আশা প্রকাশ করেছেন যে, ইরানি কর্মকর্তারা আলোচনার ব্যাপারে ইতিবাচক সাড়া দেবেন।

ফক্স বিসনেসে প্রচারিত সাক্ষাৎকারের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে: ট্রাম্প বলেছেন, “আমি বলেছি যে, আপনারা আলোচনা করবেন বলে আমি আশা করছি, কারণ, আলোচনা ইরানের জন্য ভালো ফল বয়ে আনবে।”

ট্রাম্প দাবি করেন, “আমার মনে হয় তারা চিঠিটি গ্রহণ করবেন। এর বিকল্প হচ্ছে, আমরা এমন কাজ করব যাতে আরেকটি পরমাণু অস্ত্র তৈরি করার সুযোগ সৃষ্টি না হয়।”

তবে ইরানকে ট্রাম্পের আলোচনার প্রস্তাবের ব্যাপারে হোয়াইট হাউজের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি। #

পার্সটুডে/এমএমআই/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।