'নিরাপত্তাজনিত কারণে’ বিমানবন্দরে দর্শনার্থী নিষিদ্ধ
https://parstoday.ir/bn/news/event-i155390-'নিরাপত্তাজনিত_কারণে’_বিমানবন্দরে_দর্শনার্থী_নিষিদ্ধ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘নিরাপত্তাজনিত কারণে’ ২৪ ঘণ্টার জন্য দর্শনার্থী নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
ডিসেম্বর ২৩, ২০২৫ ১৭:৪৮ Asia/Dhaka
  • হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘নিরাপত্তাজনিত কারণে’ ২৪ ঘণ্টার জন্য দর্শনার্থী নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।

বুধবার সন্ধ্যা থেকে পরদিন সন্ধ্যা পর্যন্ত শাহজালাল বিমানবন্দরে কেবল টিকেট ও পাসপোর্টধারী যাত্রীরা ঢুকতে পারবেন বলে জানানো হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবা, নিরাপত্তা এবং অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সংশ্লিষ্ট সকল যাত্রীসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে আগামী ২৪ ডিসেম্বর সন্ধ্যা ১৮:০০ ঘটিকা থেকে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ১৮:০০ ঘটিকা পর্যন্ত বিমানবন্দর এলাকায় নির্ধারিত যাত্রী ব্যতীত সকল সহযাত্রী বা ভিজিটর প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

তারা আরো বলেন, এ পরিপ্রেক্ষিতে সম্মানিত যাত্রীসাধারণ ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।

তারেক রহমান ও তার সফরসঙ্গীরা আগামী বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় নামবেন বলে বিএনপি জানিয়েছিল।

এ সময় যেন বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম চালু রাখা যায় সেজন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিভিন্ন এয়ারলাইন্সের পক্ষ থেকে ওইদিনের যাত্রীদের আগেভাগেই বিমানবন্দর বা তার আশপাশের এলাকায় এসে অবস্থান করার জন্য বলা হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এর আগে জানিয়েছিলেন, বিমানবন্দর থেকে তারেক রহমান সড়কপথে সরাসরি যাবেন এভারকেয়ার হাসপাতালে, যেখানে প্রায় তিন সপ্তাহ ধরে ভর্তি আছেন তার মা দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।#

পার্সটুডে/জিএআর/২৩