শিক্ষামন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি
-
অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানকে ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগপত্র জমা দিয়েছেন। আজ (রোববার) শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র হস্তান্তর করেন তিনি।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আজ সকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন-এর সঙ্গে সাক্ষাৎ করে উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে তাঁর মূল পদ উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড-১ অধ্যাপকের পদে ফেরার জন্য মহামান্য রাষ্ট্রপতি বরাবর আবেদনপত্র জমা দিয়েছেন। এসময় শিক্ষামন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ এবং সম্ভাবনা, শিক্ষা ও গবেষণার উন্নয়নে করণীয়সহ বিভিন্ন বিষয়ে উপাচার্যের মতামত জানতে চান এবং এক্ষেত্রে তাঁর সহযোগিতা কামনা করেন। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা, ক্যাম্পাসের নিরাপত্তা ও স্থিতিশীলতাসহ বিভিন্ন বিষয়ে শিক্ষামন্ত্রীকে বিস্তারিতভাবে অবহিত করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বৃহত্তর শিক্ষাখাতের উন্নয়নে অব্যাহতভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
শিক্ষামন্ত্রী দেশের একটি ক্রান্তিকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অসামান্য অবদান রাখায় উপাচার্যকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উপাচার্য ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ উল্লেখ করে পদত্যাগের সিদ্ধান্ত নেন। নিয়ম অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানান শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
১০ ফেব্রুয়ারি এক বিশেষ সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের ধারাবাহিকতায় ঢাবির উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে আজ নিয়াজ আহমদ আবেদনপত্র জমা দিলেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
১০ ফেব্রুয়ারির সংবাদ সম্মেলনে নিয়াজ আহমেদ ঢাবির উপাচার্যের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর অভিপ্রায় ব্যক্তি করেছিলেন। সেদিন তিনি বলেছিলেন, ‘...আমি এখন মনে করছি যে এটি একটি দায়িত্ব পালনের পর্বে আমরা একটি ভালো পর্যায়ে এসেছি এবং আমি সরে দাঁড়াতে চাই।’
ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। আগস্টের শেষের দিকে নিয়াজ আহমদ ঢাবির ভিসির দায়িত্ব নিয়েছিলেন।#
পার্সটুডে/এমএআর/২২