অনিয়ম-জালিয়াতির অভিযোগ: পদত্যাগ করলেন শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ
-
সায়মা ওয়াজেদ পুতুল
জালিয়াতি ও অনিয়মের অভিযোগ ওঠার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল।
বুধবার (৯ সেপ্টেম্বর) ডব্লিউএইচওর মহাপরিচালক তেদরোস আধানম গেব্রেয়াসুসের কাছে পদত্যাগপত্র জমা দেন সায়মা ওয়াজেদ।
অভিযোগের প্রেক্ষাপট
সায়মা ওয়াজেদের বিরুদ্ধে দুটি প্রধান অভিযোগ তদন্ত করছিল ডব্লিউএইচও—চীন ভ্রমণসংক্রান্ত আর্থিক অনিয়ম এবং শিক্ষাগত যোগ্যতার সনদ জালিয়াতি। তবে তিনি শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
২০২৩ সালের নভেম্বরে দক্ষিণ-পূর্ব এশিয়ার সদস্যদেশগুলোর ভোটে এই পদে নির্বাচিত হন সায়মা ওয়াজেদ। পরের বছর, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে পাঁচ বছরের মেয়াদে দায়িত্ব নেন তিনি।
আওয়ামী লীগ সরকার পতনের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে শেখ হাসিনা ও তাঁর পরিবারের অন্য সদস্যদের সঙ্গে সায়মা ওয়াজেদের বিরুদ্ধেও দুর্নীতির অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই প্রেক্ষাপটে ২০২৫ সালের জুলাইয়ে তাঁকে প্রথম অবৈতনিক ছুটিতে পাঠায় ডব্লিউএইচও। বুধবার পদত্যাগের আগ পর্যন্ত তিনি অবৈতনিক ছুটিতেই ছিলেন।
চলতি বছরের ৩ জুলাই এক চিঠিতে সায়মা ওয়াজেদের আইনজীবীরা জানান, চীন সফর সংক্রান্ত আর্থিক প্রতারণা ও শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগ তুলেছে ডব্লিউএইচও।
জমি নিয়ে বিতর্ক
পদত্যাগপত্রে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে একটি জমির প্লট অবৈধভাবে অধিগ্রহণের অভিযোগও করেছে ডব্লিউএইচও। জবাবে সায়মা ওয়াজেদ বলেছেন, ডব্লিউএইচওতে যোগ দেওয়ার আগেই তিনি ওই জমি অধিগ্রহণ করেছিলেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের জন্য প্রযোজ্য একটি আইনের আওতায় তিনি এই জমির অধিকারী।
পদত্যাগপত্রে যা লিখেছেন
তেদরোস আধানম গেব্রেয়াসুসের কাছে পাঠানো চিঠিতে সায়মা ওয়াজেদ লেখেন, তিনি নিজ অঞ্চলের দেশগুলোর সেবা করার জন্যই আঞ্চলিক পরিচালক পদে নির্বাচিত হয়েছিলেন এবং আন্তরিকতার সঙ্গে তা পালন করেছেন। তিনি আরও অভিযোগ করেন, তাঁকে কার্যকরভাবে দায়িত্ব পালন করতে বাধা দেওয়া হচ্ছে বলে ডব্লিউএইচওর নেতৃত্বের ওপর তাঁর আস্থা ও বিশ্বাস হারিয়ে গেছে। বেতনহীন ছুটিতে পাঠানোর পর প্রায় এক বছর কোনো পারিশ্রমিক না পাওয়ায় তাঁর আর্থিক পরিস্থিতিও অসহনীয় হয়ে উঠেছিল বলে জানান তিনি। এই পরিস্থিতিতেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বলে উল্লেখ করেছেন।
ভ্রমণ খরচের অভিযোগ অস্বীকার
জুলাইয়ে ডব্লিউএইচওকে দেওয়া এক চিঠিতে সায়মা ওয়াজেদ ভ্রমণসংক্রান্ত আর্থিক অনিয়মের অভিযোগ অস্বীকার করেছিলেন। তাঁর আইনজীবীদের ভাষ্য অনুযায়ী, নিয়মিত ভ্রমণ খরচ ফেরত পাওয়ার আবেদন প্রক্রিয়ায় একজন সহকারীর প্রশাসনিক ভুলের কারণেই এই সমস্যা তৈরি হয়েছিল। এতে জড়িত অর্থের পরিমাণ ছিল ৯০১ ডলার।
শিক্ষাগত যোগ্যতা প্রসঙ্গে তাঁর ব্যাখ্যা, বাংলাদেশে অটিজম নিয়ে কাজের স্বীকৃতিস্বরূপ তিনি একটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছিলেন এবং এই তথ্য তিনি আগেই তেদরোসকে জানিয়েছিলেন।
জানুয়ারিতে নতুন নির্বাচন
সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, আগামী ১২ অক্টোবর এই পদের জন্য মনোনয়ন ঘোষণা করা হবে। ডিসেম্বরে আবেদন যাচাই-বাছাই শেষে আগামী ২৪ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
উল্লেখ্য, ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকদের বিশ্বের অন্যতম প্রভাবশালী স্বাস্থ্য নীতিনির্ধারক হিসেবে বিবেচনা করা হয়। রোগের প্রাদুর্ভাব ও জরুরি পরিস্থিতিতে সাড়া দেওয়া এবং স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে সংস্থার নীতি বাস্তবায়ন তাঁদের অন্যতম প্রধান দায়িত্ব। দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সদস্যদেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ ও ভারত। প্রতি পাঁচ বছর পরপর সদস্যদেশগুলো এই পদের জন্য পরিচালক নির্বাচন করে।#
পার্সটুডে/এমএএআর/১০