ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় পরমাণু সুরক্ষার সাত মূল-নীতি লঙ্ঘন হয়েছে: রাশিয়া
https://parstoday.ir/bn/news/event-i158042-ইরানে_মার্কিন_ইসরায়েলি_হামলায়_পরমাণু_সুরক্ষার_সাত_মূল_নীতি_লঙ্ঘন_হয়েছে_রাশিয়া
পার্সটুডে: রাশিয়া বলেছে, ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলায় পরমাণু সুরক্ষার গ্যারান্টি সম্পর্কিত সাতটি মূল নীতি লঙ্ঘন করা হয়েছে।
(last modified 2026-03-28T00:08:12+00:00 )
মার্চ ২৭, ২০২৬ ১৪:৫১ Asia/Dhaka
  • ভিয়েনায় জাতিসংঘের দপ্তরে নিযুক্ত রাশিয়ার স্থায়ী দূত ও প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ
    ভিয়েনায় জাতিসংঘের দপ্তরে নিযুক্ত রাশিয়ার স্থায়ী দূত ও প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ

পার্সটুডে: রাশিয়া বলেছে, ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলায় পরমাণু সুরক্ষার গ্যারান্টি সম্পর্কিত সাতটি মূল নীতি লঙ্ঘন করা হয়েছে।

ভিয়েনায় জাতিসংঘের দপ্তরে নিযুক্ত রাশিয়ার স্থায়ী দূত ও প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ এই মন্তব্য করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসী হামলায় পরমাণু বিষয়ক নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত গ্যারান্টির সাতটি মূল নীতি লঙ্ঘন করা হয়েছে।

তিনি আজ (শুক্রবার) ভিয়েনায় বলেছেন, ইরানের শান্তিপূর্ণ পরমাণু স্থাপনাগুলোতে মার্কিন ও ইসরায়েলি হামলা অগ্রহণযোগ্য ও অত্যন্ত বিপজ্জনক।

উলিয়ানোভ এ প্রসঙ্গে ব্যাখ্যা দিয়ে বলেছেন, পরমাণু বিষয়ক জাতিসংঘের নজরদারি সংস্থা আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি ২০২২ সালের ২ মার্চ পারমাণবিক নিরাপত্তা ও সুরক্ষার গ্যারান্টি সম্পর্কে যে ঘোষণা দিয়েছিলেন ২০২৫ সালের জুন মাসে ও ২০২৬ সালের মার্চ মাসে ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনে তা মারাত্মকভাবে লঙ্ঘন করা হয়েছে ও দুর্বল হয়ে পড়েছে।

ইরানের পরমাণু শক্তি সংস্থার রিপোর্ট অনুযায়ী গত বছরের জুন মাসে এবং চলতি বছরের ২৪ মার্চ দক্ষিণ ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ স্থাপনা মার্কিন ও ইসরায়েলি হামলার শিকার হয়। এইসব হামলায় জান-মালের ও আর্থিক কোনও ক্ষয়ক্ষতি হয়নি এই স্থাপনার কোনও অংশের।  আন্তর্জাতিক আইন অনুযায়ী শান্তিপূর্ণ পরমাণু স্থাপনায় হামলা এইসব স্থাপনার সুরক্ষা সংক্রান্ত গ্যারান্টি ও আইনের লঙ্ঘন এবং এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তার জন্য বিশেষ করে, পারস্য উপসাগরীয় অঞ্চলের জন্য বিপজ্জনক ও অপূরণীয় ক্ষয়ক্ষতি বয়ে আনতে পারে।

এর আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন ও ইসরায়েলি হামলা সম্পর্কে আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি যে প্রতিক্রিয়া দেখিয়েছেন তাকে খুবই অপর্যাপ্ত বলে মন্তব্য করেছেন। রাশিয়া ইরানে মাকিন-ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে আসছে এবং ইরানের শান্তিপূর্ণ পরমাণু স্থাপনাগুলোয় হামলাসহ দেশটির ওপর সব ধরনের মার্কিন-ইসরায়েলি হামলাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করে আসছে।  

ওদিকে পরমাণু বিষয়ক জাতিসংঘের নজরদারি সংস্থা আইএইএ’র মহাপরিচালক রাফায়েলগ্রোসি সম্প্রতি বলেছেন—“কোনো যুদ্ধই ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করতে পারবে না, যদি না তা পারমাণবিক যুদ্ধ হয়।” একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, এমন পরিস্থিতি যেন না ঘটে। ইরান তার এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, গ্রোসি এখন পর্যন্ত ইরান প্রসঙ্গে কোনো গঠনমূলক ভূমিকা রাখেননি; বরং সময় সময় তার ‘বিধ্বংসী,পক্ষপাতদুষ্ট ও নিষ্ক্রিয়’মন্তব্য’  পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। #

পার্সটুডে/এমএএইচ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।