'প্রায় অর্ধেক ডেমোক্রেটের মতে ইসরায়েল গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালিয়েছে'
ইসরায়েলের প্রতি সমর্থন কমেছে আমেরিকায়; ডেমোক্র্যাটরা গভীরভাবে বিভক্ত
পার্সটুডে: নতুন এক জনমত জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে ইসরায়েলের প্রতি দীর্ঘদিনের ঐতিহ্যগত ও দ্বিদলীয় সমর্থন উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে।
অ্যাসোসিয়েটেড প্রেস (AP) এবং জনমত জরিপ সংস্থা NORC (Center for Public Affairs Research)-এর যৌথভাবে পরিচালিত সর্বশেষ জনমত জরিপে দেখা গেছে, কয়েক দশক ধরে দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে বিদ্যমান ইসরায়েল-সমর্থনের ঐকমত্য এখন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বিশেষ করে ডেমোক্র্যাটদের এবং তরুণ প্রজন্মের মধ্যে এ বিষয়ে মতপার্থক্য আগের তুলনায় অনেক বেশি বেড়েছে।
২০২৬ সালের ১১ থেকে ১৭ জুন পর্যন্ত পরিচালিত এই জরিপে ৩ হাজার ৪০ জন মার্কিন নাগরিক অংশ নেন। জরিপে দেখা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্কদের প্রায় এক-তৃতীয়াংশ মনে করেন, গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল "গণহত্যা" চালিয়েছে।
ডেমোক্র্যাটদের মধ্যে এই ধারণা আরও বেশি শক্তিশালী; তাদের প্রায় অর্ধেক এই মতের সঙ্গে একমত। অন্যদিকে, মাত্র প্রায় ২০ শতাংশ মার্কিন নাগরিক এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন এবং প্রায় অর্ধেক উত্তরদাতা বলেছেন, এ বিষয়ে মত দেওয়ার জন্য তাদের কাছে পর্যাপ্ত তথ্য নেই।
জরিপে আরও দেখা গেছে, মার্কিন ইহুদিদের মধ্যেও এ বিষয়ে অভিন্ন মত নেই। তাদের মধ্যে প্রায় ৩০ শতাংশ মনে করেন, ইসরায়েল গণহত্যা চালিয়েছে।
রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সবচেয়ে বড় পরিবর্তন দেখা গেছে ডেমোক্র্যাটদের মধ্যে। বর্তমানে ৫৮ শতাংশ ডেমোক্র্যাট মনে করেন, যুক্তরাষ্ট্র ইহুদিবাদী ইসরায়েলকে "অতিরিক্ত সমর্থন" দিচ্ছে। ২০২৪ সালের জানুয়ারিতে এই হার ছিল ৪৫ শতাংশ।
এছাড়া বর্তমানে ৬২ শতাংশ ডেমোক্র্যাটের মতে, যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের যথেষ্ট সমর্থন দিচ্ছে না। দুই বছর আগে এই হার ছিল ৪৯ শতাংশ। #
পার্স টুডে/এমএএইচ/০৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।