'ফিলিস্তিন ইস্যুতে মালয়েশিয়ার স্বাধীন ও নীতিগত অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে'
যুক্তরাষ্ট্রের চাপের কাছে মালয়েশিয়া নতি স্বীকার করবে না: আনোয়ার ইব্রাহিম
-
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম
পার্সটুডে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের কয়েকজন সদস্যের সমালোচনা প্রত্যাখ্যান করে বলেছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের চাপের কাছে পিছু হটবে না।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, ইসরায়েলি নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা সংক্রান্ত কুয়ালালামপুরের নীতিতে কোনো পরিবর্তন আনা হবে না এবং বিদেশি চাপ মালয়েশিয়া সরকারের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারবে না।
আনোয়ার ইব্রাহিম বলেন, এ বিষয়ে মালয়েশিয়ার অবস্থান ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি সমর্থন এবং গাজা উপত্যকায় বেসামরিক মানুষের বিরুদ্ধে চলমান হামলা, দখলদারিত্ব ও নিপীড়নের বিরোধিতার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, এই নীতি নতুন কোনো সিদ্ধান্ত নয়; বরং কয়েক দশক ধরে দেশটিতে এটি কার্যকর রয়েছে। যুক্তরাষ্ট্রও ইহুদিবাদী ইসরায়েল সম্পর্কে মালয়েশিয়ার দীর্ঘদিনের অবস্থানের বিষয়ে অবগত।
তিনি জোর দিয়ে বলেন, হুমকি আসতে পারে, কিন্তু মালয়েশিয়া সরকার দৃঢ়তার সঙ্গে দেশের জনগণের অধিকার এবং তার স্বাধীন নীতির পক্ষে অবস্থান নেবে।
আনোয়ার ইব্রাহিমের এই বক্তব্য এমন সময় এসেছে, যখন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের আটজন সদস্য দেশটির পররাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো এক চিঠিতে ইসরায়েলি নাগরিকদের বিষয়ে মালয়েশিয়ার নীতির সমালোচনা করেছেন এবং ওয়াশিংটনের সঙ্গে কুয়ালালামপুরের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানান।
এসব সমালোচনার জবাবে আনোয়ার ইব্রাহিম বলেন:
"নির্বাচিত মার্কিন প্রতিনিধিরা কীভাবে শিশু, নারী ও অন্যান্য বেসামরিক মানুষের হত্যাকাণ্ড, বাড়িঘর ধ্বংস এবং ভূমি দখলের মতো ঘটনাগুলোর ব্যাপারে নীরব থাকতে পারেন? মালয়েশিয়া একটি স্বাধীন রাষ্ট্র এবং নিজস্ব নীতি ও মূল্যবোধের ভিত্তিতে অবস্থান গ্রহণ করার পূর্ণ অধিকার তার রয়েছে।"
মালয়েশিয়ার সঙ্গে হামাসের সম্পর্ক নিয়ে উত্থাপিত অভিযোগের প্রতিক্রিয়ায় তিনি বলেন, হামাসের কয়েকজন নেতার সঙ্গে তার সাক্ষাতের বিষয়টি তিনি কখনো গোপন করেননি। এসব সাক্ষাৎ গাজায় হামলা ও হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানানোর উদ্দেশ্যেই অনুষ্ঠিত হয়েছিল।
আনোয়ার ইব্রাহিম মার্কিন আইনপ্রণেতাদের সমালোচনাকে ভিত্তিহীন বলে অভিহিত করেছেন এবং ফিলিস্তিন ইস্যুতে মালয়েশিয়ার স্বাধীন ও নীতিগত অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আবারও সাফ জানিয়ে দিয়েছেন। #
পার্সটুডে/এমএএইচ/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।